রেস্তোরাঁর সন্ধান দিয়ে ইয়ামালের থেকে হেডফোন উপহার পেলেন দুই কিশোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাঠের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি প্রায়ই মাঠের বাইরের অমায়িক আচরণের কারণে আলোচনায় আসেন ১৯ বছর বয়সি স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল। এবার স্পেনের রাস্তায় ঘটা এক সাধারণ ঘটনার মাধ্যমে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিলেন এই বার্সেলোনা তারকা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, স্পেনের কোনো এক রাস্তায় নিজের গাড়ি চালাচ্ছেন ইয়ামাল। এক পর্যায়ে রাস্তার পাশে হাঁটতে থাকা দুই কিশোরকে দেখতে পেয়ে গাড়ি থামান তিনি। এরপর জানালার কাচ নামিয়ে রাতের খাবার খাওয়ার জন্য শহরের কোনো ভালো, নিরিবিলি ও শান্ত জায়গার পরামর্শ চান তাদের কাছে।
হঠাৎ চোখের সামনে বার্সেলোনার তারকা ফুটবলারকে দেখতে পেয়ে প্রথমে বেশ অবাক হন ওই দুই কিশোর। তবে মুহূর্তেই সামলে নিয়ে তারা ইয়ামালকে একটি নিরিবিলি রেস্তোরাঁর নাম ও ঠিকানা বলে দেন।
তাদের দেওয়া পরামর্শে দারুণ খুশি হন ইয়ামাল। এই উপকারের প্রতিদান দিতেও কার্পণ্য করেননি তিনি; তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থেকে একজোড়া হেডফোন বের করে তাদের হাতে তুলে দেন।
উপহার দেওয়ার সময় ইয়ামাল বলেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। তথ্য দেওয়ার বিনিময়ে তোমাদের এই হেডফোনগুলো উপহার দিলাম।’
ইয়ামালের মতো বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে উপহার পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি হন ওই দুই কিশোর। এই বার্সা বয়ের সঙ্গে তারা সেলফিবন্দিও হন।
এর আগে স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়ামাল। দুই কিশোরকে হেডফোন উপহার দেওয়ার ঘটনাটি সেই প্রতিশ্রুতির কথাও নতুন করে সামনে এনেছে।
সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই চমৎকার মুহূর্তটি। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে যায় পোস্টটি। ১৯ বছর বয়সি এই তারকার বিনয়ী, সহজ-সরল ও অমায়িক আচরণ বিশ্বজুড়ে থাকা ফুটবলপ্রেমী ও সমর্থকদের কাছ থেকে কুড়িয়েছে দারুণ প্রশংসা।

-6af3f3f9cc5d7.jpg)