স্মৃতিসৌধে হাসাহাসি, সেনাসদস্যের ধমক খেলেন হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের ধমক দিয়েছেন অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের দায়িত্বে থাকা এক সেনাসদস্য। ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে স্মৃতিসৌধের সামনে হাসাহাসি ও কথাবার্তায় মেতে ওঠায় তাদের সতর্ক করেন ওই সেনাসদস্য।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যায়, হেগসেথ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা স্মৃতিসৌধের সামনে ছবি তোলার পর হাসাহাসি ও কথাবার্তা বলছিলেন। এ সময় সেখানে টহলরত এক সেনাসদস্য নিজের অবস্থান থেকে থেমে তাদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
ওই সময় হেগসেথের সঙ্গে তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক উইভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্যামি রাডাবাও উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা বিভাগ সব সময় সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে। এই মর্যাদাপূর্ণ দিনটি পালনের সময় একজন সেনাসদস্য যথাযথভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ হিসেবে পরিচিত টম্ব অব দ্য আননোন সোলজার। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার সমাধিকে কেন্দ্র করে এটি নির্মিত। ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিন-রাত, বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতে স্মৃতিসৌধটি পাহারা দিয়ে আসছেন।
ভেটেরানস ডে উপলক্ষে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে অভিশংসনের উদ্যোগ ঘিরে নতুন করে চাপে ছিলেন হেগসেথ। রিপাবলিকান দল থেকে বিদায়ী কংগ্রেস সদস্য থমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তবে মঙ্গলবার রাতে এক প্রক্রিয়াগত ভোটে রিপাবলিকানরা সেই উদ্যোগ আটকে দেন। এরপর হেগসেথ ও তার সমর্থকেরা এটিকে নিজেদের অবস্থানের পক্ষে বিজয় হিসেবে তুলে ধরেন।
