রেফারিকে ঢিল মেরে ৮ বছরের জন্য নিষিদ্ধ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচ চলাকালে সহকারী রেফারিকে লক্ষ্য করে ঢিল ছুড়ে গুরুতর আহত করার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পেরলাসাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের একটি ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনার পর এমন কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই দিন ক্লাব সিউদাদ দে ইয়ান্তসাসা ও রিও আগুয়ারিকো এফসির মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইয়ান্তসাসার খেলোয়াড় পেরলাসার ছোড়া ঢিল এসে লাগে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেসের শরীরে। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ইকুয়েডর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ঢিলের আঘাতে সহকারী রেফারি গুরুতর আহত হয়েছেন। তার শরীরে অস্ত্রোপচারও করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত ৬০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ফেডারেশন।
ম্যাচ অফিশিয়ালের ওপর শারীরিক হামলার দায়ে পেরলাসাকে দোষী সাব্যস্ত করেছে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। এর শাস্তি হিসেবে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ নিষেধাজ্ঞা যেন শুধু ইকুয়েডরেই সীমাবদ্ধ না থাকে, সে উদ্যোগও নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শাস্তিটি বিশ্বব্যাপী কার্যকর করার জন্য আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবেদন জানাবে তারা।
পেরলাসার এমন আচরণের কারণে আর্থিক জরিমানার মুখেও পড়েছে তার ক্লাব সিউদাদ দে ইয়ান্তসাসা। ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাবটিকে দুই হাজার ডলার জরিমানা দিতে হবে। এ ছাড়া আহত সহকারী রেফারির চিকিৎসার খরচ বাবদ আরও ৪ হাজার ৩৬৯ দশমিক ৭৩ ডলার পরিশোধ করতে হবে।
ঘটনার তিন দিন পর, গত ২০ অক্টোবর এক বিবৃতিতে রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চায় ইয়ান্তসাসা। ক্লাবটি জানায়, মাঠে কিংবা মাঠের বাইরে কোনো ধরনের মৌখিক বা শারীরিক সহিংসতাকে তারা সমর্থন করে না।
বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ আরও জানায়, ফুটবলকে তারা পারস্পরিক শ্রদ্ধা ও সুষ্ঠু প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে দেখে। ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড়কে শনাক্ত করার পরপরই তাকে ক্লাব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই খেলোয়াড় এখন আর ক্লাবের সঙ্গে যুক্ত নন।

-6afeb05d945bb.jpg)