অভিষেক টানা ৪ বলে ৪ উইকেট, লেখা হলো নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জামশেদ আলমের অভিষেক হয়েছিল সৌরাষ্ট্রের বিপক্ষে। রেলওয়েজের হয়ে সে অভিষেকটা ২৩ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার জামশেদ আলম শুধু মাতানইনি, তিনি ইতিহাসই লিখেছেন নতুন করে। টানা চার বলে চার উইকেট নিয়েছেন তিনি।
ইন্দোরে রেলওয়েজ ৫ উইকেটে ১৮২ রান তোলে। জবাব দিতে নেমে সৌরাষ্ট্রের ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নেন জামশেদ। সেই ওভারেই তিনি আউট করেন হার্বিক দেশাই, প্রেরক মানকড়, রুচিত আহির ও সম্মার গজ্জরকে। দেশাই ক্যাচ দেন জুবায়ের আলির হাতে। মানকড় বোল্ড হন। গজ্জর ও পরে সিদ্ধার্থ রানা এলবিডব্লিউ হন। আহির ক্যাচ দেন উইকেটকিপারের হাতে।
পরের ওভারে সিদ্ধার্থ রানার উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জামশেদ। তখন সৌরাষ্ট্রের স্কোর ৬ উইকেটে ৩০। মাত্র নয় বলে তার পাঁচ উইকেট হয়ে যায়। ক্রিকইনফোর হিসাবে, এর চেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আছে মাত্র দুটি। অভিষেকে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়া ভারতীয়দের মধ্যে জামশেদ ষষ্ঠ।
শেষ ওভারে ১৭ রান দেন জামশেদ। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩৮ রানে ৫ উইকেট। সৌরাষ্ট্র ৮ উইকেটে ১৫৩ রান করতে পারে। রেলওয়েজ ম্যাচ জেতে ২৯ রানে। ম্যাচসেরা হন জামশেদ।
এর আগে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন। ২০১৯ সালের নভেম্বরে হরিয়ানার বিপক্ষে ২০তম ওভারে তিনি এটি করেন। বিদর্ভের দর্শন নালকান্ডে ২০২১ সালের নভেম্বরে কর্ণাটকের বিপক্ষে একই কীর্তি গড়েন। দুজনেরই কীর্তি এসেছিল ইনিংসের ২০তম ওভারে।
ভারতের বাইরে দুজন বোলার জামশেদের চেয়ে কম বলে পাঁচ উইকেট নিয়েছেন। ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদানা কম্বোডিয়ার বিপক্ষে ছয় বলে পাঁচ উইকেট নিয়েছিলেন। ফিনল্যান্ডের মহেশ তাম্বে এস্তোনিয়ার বিপক্ষে নিয়েছিলেন আট বলে। দুটিই ২০২৫ সালের ঘটনা।
বিশ্বে অভিষেক টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি আছে শুধু আফাক আফ্রিদির। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে তিনি এটি করেন।
জামশেদ উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিকসের হয়ে খেলেছেন। ঘরোয়া অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতা সি কে নাইডু ট্রফিতেও তিনি রেলওয়েজের হয়ে খেলেছেন। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি মুম্বাই লিগে আকাশ টাইগার্স এমডব্লিউএসের হয়ে মাঠে নেমেছিলেন।
