ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মাটিতে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে চলমান বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
ইভেন্টের ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন স্বপ্না। এতেই নিজের সেরা পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন এই অ্যাথলেট। তবে স্বর্ণপদক জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া হয় তার। মাত্র ০.০২ মিটার ব্যবধানে দ্বিতীয় স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয় রুপার পদক নিয়ে।
স্বপ্নার প্রথম প্রচেষ্টায় লাফ ছিল ১২.৫০ মিটার। এরপর তৃতীয় ও চতুর্থ প্রচেষ্টায় যথাক্রমে ১২.৭৯ ও ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হওয়ায় সেগুলো হিসাবে আসেনি।
এই ইভেন্টে ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের সাধনা রবি। নিজের শেষ অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় এই দূরত্ব অর্জন করেন তিনি। অন্যদিকে ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিজের করে নিয়েছেন শ্রীলংকার এল.এস.ডব্লিউ আরাচ্চি।
এর আগে প্রতিযোগিতার প্রথম দিনেই বাংলাদেশের হয়ে পদক জয়ের খবর দিয়েছিলেন সুমাইয়া দেওয়ান। নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।
আগামী ২৭ নভেম্বর পর্দা নামবে এই প্রতিযোগিতার। তার আগে স্বপ্নার জাতীয় রেকর্ডসহ বাংলাদেশের অ্যাথলেটদের এই সাফল্য দেশের অ্যাথলেটিক্সে নতুন আশার সঞ্চার করেছে।
