ভারতীয় দল নিয়ে শেবাগের তীব্র সমালোচনা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০২:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার চেয়ে নিচে অবস্থান করলেও নেট রানরেটে এগিয়ে ভারত। তা ছাড়া অস্ট্রেলিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেই দ্বিতীয় অবস্থানে চলে গেছে দলটি।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত বিরাট কোহলিরা। ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে হারিয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব প্ল্যাটফর্মেই সেরাটা বিলিয়ে দিচ্ছেন ধোনিরা।
গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এর আগের ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন পেসার মোহাম্মদ সামি।
এতকিছুর পরও ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন দেশটির সাবেক ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ। রীতিমতো কোহলিদের সমালোচনায় মেতেছেন এ সাবেক ভারতীয় ওপেনার।
বিশেষ করে স্পিনারদের বিপক্ষে বিরাট কোহলিদের রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করেছেন শেবাগ।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা রক্ষণাত্মক ভূমিকা দেখেই ক্ষুব্ধ হন শেবাগ। সেই ক্ষোভ উগড়ে দেন সোশ্যাল মিডিয়ায়।
ওই ম্যাচের পর পর এক টুইটে শেবাগ লেখেন, ‘রশিদ খান প্রথম ৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন। শেষ চার ওভারে মাত্র ১৩ রান দেন। আজ (গতকাল) ফ্যাবিয়ান অ্যালেন প্রথম ৫ ওভারে ৩৪ রান দেন, আর শেষের পাঁচ ওভারে দেন ১৮ রান। স্পিনারদের বিপক্ষে এতবেশি রক্ষণাত্মক হতে পারে না ভারতীয় ব্যাটসম্যানরা।’
অবশ্য শেবাগ এমন ক্ষোভ প্রকাশ করতেই পারেন। আফগানিস্তানের বিপক্ষে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে বেশ সংগ্রাম করতে দেখা গেছে।
রশিদ খান, মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবির বলে বেশ রক্ষণাত্মক খেলেছেন এমএস ধোনিরা।
বৃহস্পতিবার ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই চিত্র দেখা গেছে। যে কারণে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলতে সক্ষম হয় ভারত।

