|
ফলো করুন |
|
|---|---|
আকাশি-নীল পতাকায় মোড়ানো কফিন। চারপাশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চেনা মুখ। কারও চোখে জল, কারও মুখে বিষণ্নতা।
যে মানুষটি জীবনের অর্ধশতাব্দীরও বেশি সময় কাটিয়েছেন আবাহনীকে ঘিরে, সেই হারুনুর রশীদকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার দুপুরে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন শত শত ক্রীড়াবিদ, সংগঠক ও শুভানুধ্যায়ী। মাঠের লড়াইয়ে যাঁরা একসময় ছিলেন প্রতিপক্ষ, তাঁরাও এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সবার প্রিয় হারুন ভাইয়ের বিদায়ে যেন এক হয়ে গেল দেশের ক্রীড়াঙ্গন।
বাদ জোহর জানাজার আগে আবাহনীর ঐতিহ্যবাহী পতাকায় ঢেকে দেওয়া হয় তাঁর কফিন। সেখানে উপস্থিত ছিলেন আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পরিচালক শেখ বশির আহমেদ মামুন,সাবেক অধিনায়ক শেখ আশরাফ আলী, কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, মোহামেডানের সাবেক তারকা সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুলসহ অনেকে। জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রিয় সংগঠককে হারিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন আবাহনীর পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। তাঁর কথায় উঠে আসে হারুন ভাইয়ের জীবনের সবচেয়ে বড় ভালোবাসার কথা। পিন্টু বলেন, ‘হারুনুর রশীদের কাছে খেলাধুলা নিছক শখ কিংবা পেশা ছিল না, ছিল জীবনের নেশা। সকাল থেকে রাত পর্যন্ত তাঁর চিন্তাজুড়ে থাকত ফুটবল আর ক্রীড়াঙ্গন। আবাহনীর জন্মলগ্ন থেকে ক্লাবের প্রতিটি উত্থান-পতনের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। এমন একজন মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ‘
একসময় আবাহনীর জার্সিতে মাঠ কাঁপিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম। সেই আসলামও এসেছিলেন প্রিয় সংগঠককে শেষ বিদায় জানাতে। তাঁর স্মৃতিতে হারুন ভাই শুধু একজন দক্ষ কর্মকর্তা নন, ছিলেন নিরহংকার মানুষ। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গন এবং সমাজ গঠনে তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবে বাংলাদেশ। এমন নিষ্ঠাবান সংগঠক পাওয়া কঠিন বলেই মনে করেন সাবেক এই তারকা ফুটবলার।
আবাহনী-মোহামেডান দ্বৈরথ একসময় দেশের ফুটবলকে মাতিয়ে রাখত। কিন্তু হারুন ভাইয়ের শেষ বিদায়ে সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো বিভাজন ছিল না। মোহামেডানের সাবেক তারকা স্ট্রাইকার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। তাঁর চোখে হারুনুর রশীদ ছিলেন অসাধারণ বিনয়ী একজন সংগঠক। দীর্ঘ ফুটবলজীবনে এমন অমায়িক সংগঠক খুব কমই দেখেছেন তিনি। হারুন ভাইয়ের মৃত্যু দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি বলে মনে করেন সাব্বির।
ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুলের কাছে হারুন ভাইয়ের পরিচয় আরও বিস্তৃত। তিনি শুধু আবাহনীর নন, ছিলেন গোটা ক্রীড়াঙ্গনের অভিভাবক। নতুন প্রজন্মের সংগঠকদের পথ দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন। বাবুলের মূল্যায়নে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন হারাল একজন প্রকৃত পথপ্রদর্শককে।
