হোয়াটসঅ্যাপে আসছে ৫ নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও কল
Advertisement
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা। পাশাপাশি কল চলাকালে ডিভাইস পরিবর্তন, গ্রুপ কলে প্রবেশ নিয়ন্ত্রণ, উন্নত ভিডিও মান এবং আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমানোর সুবিধাও যুক্ত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিষয়ে তথ্য দিয়েছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ব্যবহারকারীদের কলিং অভিজ্ঞতা আরও সহজ, উন্নত ও নিরাপদ করা।
১. অ্যাপ ছাড়াই ওয়েব থেকে অডিও-ভিডিও কল
নতুন সুবিধার মাধ্যমে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেই ব্যক্তিগত ও গ্রুপ অডিও-ভিডিও কল করা যাবে। ফলে ল্যাপটপ বা কম্পিউটারে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। অফিস কিংবা অন্যের কম্পিউটার ব্যবহার করেও সহজে কল করার সুযোগ তৈরি হবে।
২. কল না কেটেই বদলানো যাবে ডিভাইস
চলমান কল বিচ্ছিন্ন না করেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের সুবিধা যুক্ত করা হচ্ছে। যেমন, বাইরে থাকা অবস্থায় মোবাইলে শুরু করা গ্রুপ কল বাড়ি ফিরে এক ক্লিকেই ল্যাপটপ বা কম্পিউটারে সরিয়ে নেওয়া যাবে। এতে কথোপকথন চালু রেখেই সুবিধামতো ডিভাইস পরিবর্তন করা সম্ভব হবে।
৩. গ্রুপ কলে যুক্ত হওয়ার আগে অনুমতি
গ্রুপ কলে কারা যোগ দিতে পারবেন, তা নিয়ন্ত্রণে রাখতে ওয়েটিং রুমের মতো সুবিধা আনার কথা বলা হয়েছে। আয়োজক বা হোস্ট ‘রিকোয়েস্ট টু জয়েন’ অপশন চালু করে কলের লিংক পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে লিংকে ক্লিক করলেই কেউ সরাসরি কলে যুক্ত হতে পারবেন না; হোস্টের অনুমোদন নিতে হবে।
৪. কলের শুরু থেকেই উন্নত ভিডিও
ভিডিও কলের শুরুতে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের সময় ছবি ঝাপসা দেখা দেওয়ার সমস্যা কমাতে ‘কুইক এইচডি’ সুবিধা আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে কলের প্রথম মুহূর্ত থেকেই আরও স্পষ্ট ও উন্নত মানের ভিডিও পাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
৫. আশপাশের শব্দ কমাবে নয়েজ সাপ্রেশন
রাস্তা, বাজার কিংবা অফিসের কোলাহলপূর্ণ পরিবেশে কথা বলার সময় আশপাশের শব্দ কমাতে যুক্ত হচ্ছে ‘নয়েজ সাপ্রেশন’ সুবিধা। এটি গাড়ির হর্ন, বাতাসসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ কমিয়ে অপর প্রান্তের ব্যক্তির কাছে কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে পৌঁছাতে সাহায্য করবে। ইন-কল সেটিংস থেকে সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে।
নিরাপত্তা ও চালুর সময়
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েব কলিংসহ কলিং সুবিধাগুলোতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে। ফলে কলের কথোপকথনের গোপনীয়তা সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার কথা বলা হয়েছে। তবে সব ব্যবহারকারী ঠিক কবে থেকে প্রতিটি সুবিধা পাবেন, তা নির্ভর করবে ফিচারগুলোর ধাপে ধাপে চালুর ওপর।
