ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। এতে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়—এমন রেফ্রিজারেশন ব্যবস্থায় হ্যাকাররা হামলা চালিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের একাধিক বড় সুপারমার্কেট চেইন এ হামলার কবলে পড়েছে। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় সোমবার (১২ অক্টোবর) জানায়, দেশটির কয়েকটি প্রধান খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সংযুক্ত রেফ্রিজারেশন ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
ইন্টারমার্শে সুপারমার্কেট চেইনের মূল প্রতিষ্ঠান লে মুশকেতের জানিয়েছে, তাদের প্রায় ১৫০টি দোকানের ফ্রিজের তাপমাত্রা টানা ছয় ঘণ্টা ধরে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। খাদ্যদূষণ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত সব খাবার ফেলে দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্যারেফুরের প্রায় ৮০টি সুপারমার্কেট এবং ফ্রান্সে প্রায় ৪৯০টি দোকান পরিচালনাকারী মনোপ্রির ৫ শতাংশ শাখা এ হামলার শিকার হয়েছে। কো-অপারেটিভ ইউ নামের আরেকটি সুপারমার্কেট গোষ্ঠীও তাদের ব্যবস্থায় সাইবার হামলার কথা নিশ্চিত করেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশেও এ হামলার প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ডেনমার্কের প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি রেফ্রিজারেশন নিয়ন্ত্রণব্যবস্থার সফটওয়্যারে সম্ভাব্য দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। ড্যানফস জানিয়েছে, আক্রান্ত কিছু যন্ত্রে পুরোনো ফার্মওয়্যার ব্যবহার করা হচ্ছিল। এ ধরনের ঝুঁকি কমাতে গ্রাহকদের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এদিকে নেদারল্যান্ডসভিত্তিক সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহেইজও তাদের নেটওয়ার্কে নিরাপত্তাজনিত সমস্যার কথা জানিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটি কয়েকটি সিস্টেম সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রে পরিচালিত তাদের স্টপ অ্যান্ড শপ ও জায়ান্টসহ কয়েকটি চেইনের ওয়েবসাইটেও, যেগুলো কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিয়ার্ডের ধারণা, এ হামলার কারণে ফ্রান্সজুড়ে এক দিনেই কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতি হতে পারে। তবে এখন পর্যন্ত পুরো খাতের মোট ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি।

