হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার ফিচার, চালু করবেন যেভাবে
আইটি ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠালেই এবার শোনা যাবে শব্দ। ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে নতুন ‘সাউন্ড স্টিকার’ ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপটি। এ সুবিধায় নিজের তৈরি স্টিকারের সঙ্গে ভিডিওর মূল অডিও, ভয়েস নোট কিংবা পছন্দের যেকোনো শব্দ যুক্ত করা যাবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এ তথ্য জানিয়েছে।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বিটা সংস্করণে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে নতুন ফিচারটি। বর্তমানে অ্যাপটিতে নিজের মতো করে স্থির ও অ্যানিমেটেড স্টিকার তৈরির সুযোগ রয়েছে। নতুন সুবিধায় সেই স্টিকারের সঙ্গে অডিও যুক্ত করার সুযোগও পাওয়া যাবে।
এর মাধ্যমে জনপ্রিয় ভিডিও ক্লিপ বা মিমকে শব্দসহ স্টিকারে রূপ দেওয়া সম্ভব হবে। যেমন ‘সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার কারণে নতুন করে আলোচনায় আসা জশ হাচারসনের ‘হুইসেল এডিট মিম’ও তৈরি করা যাবে সাউন্ড স্টিকার হিসেবে।
ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা সংস্করণে ফিচারটি যুক্ত করা হয়েছে। আগ্রহীরা গুগল প্লের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা পরীক্ষক হওয়ার জন্য আবেদন করে এটি ব্যবহারের সুযোগ পেতে পারেন।
যেভাবে তৈরি করবেন সাউন্ড স্টিকার
প্রথমে হোয়াটসঅ্যাপে পছন্দের যেকোনো একটি চ্যাট খুলে স্টিকার আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশনে গিয়ে ফোনের গ্যালারি থেকে একটি ভিডিও নির্বাচন করতে হবে। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।
স্টিকার তৈরির পর্দার ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি পর্দা খুলবে। এরপর ভিডিওর মূল অডিও ব্যবহার করা, ভয়েস নোট বা নিজের পছন্দের শব্দ রেকর্ড করা কিংবা ফোনে সংরক্ষিত অডিও ফাইল যুক্ত করার সুযোগ থাকবে।
সবশেষে তৈরি করা সাউন্ড স্টিকারটি সংরক্ষণ করে পছন্দমতো যেকোনো চ্যাটে পাঠানো যাবে। প্রাপক স্টিকারটিতে ট্যাপ করলেই যুক্ত করা শব্দ শুনতে পারবেন।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে বিটা সংস্করণ ব্যবহার করলেও সবাই এখনই এ সুবিধা নাও পেতে পারেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।
