হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলোর একটি হোয়াটসঅ্যাপ। তবে নিয়মিত ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য মিডিয়া ফাইল আদান-প্রদানের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ভরে যেতে পারে। এতে ফোনে জায়গা কমে গেলে অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে মুছে ফেলার প্রয়োজন হয়।
ব্যবহারকারীদের এ কাজ সহজ করতে হোয়াটসঅ্যাপে রয়েছে ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা। এর মাধ্যমে কোন ফাইল কত জায়গা দখল করছে, কোন চ্যাটে বেশি মিডিয়া জমেছে এবং বড় ফাইলগুলো কী—তা সহজেই দেখা যায়। চাইলে একসঙ্গে একাধিক ফাইল মুছে ফোনের জায়গা খালি করা সম্ভব। এ ছাড়া নির্দিষ্ট কোনো চ্যাট থেকে বেছে বেছে মিডিয়া ফাইলও মুছে ফেলা যায়।
হোয়াটসঅ্যাপ কত জায়গা নিচ্ছে দেখবেন যেভাবে
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ডান পাশের ওপরের তিনটি ডট মেনুতে চাপ দিন। এরপর ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে যান। সেখানে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ফোনে হোয়াটসঅ্যাপ কতটুকু জায়গা দখল করে আছে, তা দেখা যাবে।
নির্দিষ্ট কোনো চ্যাটের স্টোরেজও পরীক্ষা করা যায়। এ জন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে ওপরে থাকা চ্যাটের নামের ওপর চাপ দিন। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করুন। সেখানে ওই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সবচেয়ে বড় থেকে ছোট আকারের ক্রমানুসারে দেখা যাবে।
অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে
স্টোরেজ খালি করতে আবার ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ এবং ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যান। এরপর নির্দিষ্ট চ্যাট বা চ্যানেল নির্বাচন করুন। যেসব ফাইল মুছতে চান, সেগুলোতে আলাদাভাবে চাপ দিয়ে নির্বাচন করতে পারেন। একসঙ্গে সব ফাইল মুছতে ‘সিলেক্ট অল’ নির্বাচন করুন। এরপর ‘ডিলিট’ চাপলেই ফাইলগুলো মুছে যাবে।
তবে সতর্ক থাকতে হবে, এভাবে মুছে ফেলা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে। সংশ্লিষ্ট চ্যাট থেকে পরে সেগুলো আবার ডাউনলোড করা যাবে না। এ ছাড়া ফাইল মুছলে তা শুধু নিজের অ্যাকাউন্ট থেকে সরবে; চ্যাটের অন্য সদস্যরা ফাইলটি দেখতে পারবেন।
সার্চ করেও ফাইল মুছতে পারবেন
চ্যাট তালিকার ওপরের সার্চ বারে চাপ দিয়ে ছবি, ভিডিও বা ডকুমেন্ট খুঁজে বের করা যায়। এরপর যে ফাইলটি মুছতে চান, সেটি খুলে ‘ডিলিট’ অপশনে চাপ দিন।
মনে রাখতে হবে, কোনো ফাইলের একাধিক কপি থাকলে ফোনের জায়গা পুরোপুরি খালি করতে সব কপি মুছতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-6b02d7705272d.jpg)