ফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ কী?
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফাইভ-জি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া গেলেও এর প্রভাব পড়তে পারে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিতে। ফোর-জি নেটওয়ার্কের তুলনায় ফাইভ-জি ব্যবহারের সময় ফোনের চার্জ কিছুটা দ্রুত কমে যায়। তবে এই পার্থক্য খুব বেশি নয়।
ফোনের মডেল ও নেটওয়ার্ক পরিস্থিতির ওপর নির্ভর করে ব্যাটারির খরচ ৬ থেকে ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে একবার পূর্ণ চার্জে যেখানে ১০ ঘণ্টা ফোন ব্যবহার করা সম্ভব, সেখানে ফাইভ-জি চালু থাকলে সময় কমে প্রায় ৯ ঘণ্টায় নেমে আসতে পারে।
এর পেছনে রয়েছে কয়েকটি প্রযুক্তিগত কারণ। প্রথমত, অনেক স্মার্টফোনে নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) ফাইভ-জি প্রযুক্তি ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে ফোনকে একই সঙ্গে ফোর-জি ও ফাইভ-জি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে হয়। কোনো এলাকায় নেটওয়ার্কের সংকেত দুর্বল হলে সংযোগ ধরে রাখতে ফোনকে বারবার চেষ্টা করতে হয়। এতে স্বাভাবিকভাবেই ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে।
দ্বিতীয়ত, ফাইভ-জি তরঙ্গের বৈশিষ্ট্যের কারণে দেয়ালসহ বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে সংকেত পৌঁছানো কঠিন হতে পারে। ফলে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করতে ফোনকে তুলনামূলক বেশি শক্তি ব্যয় করতে হয়।
এছাড়া ফাইভ-জি সমর্থনকারী স্মার্টফোনে সাধারণত ফোর-জি ফোনের তুলনায় বেশি অ্যানটেনা থাকে। এসব অ্যানটেনা সচল রাখতেও অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়। সব মিলিয়ে ফাইভ-জি ব্যবহারের সময় ফোনের শক্তি খরচ বেড়ে যায়।
তবে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার পেছনে শুধু নেটওয়ার্ক দায়ী নয়। ফোনে একসঙ্গে একাধিক অ্যাপ মোবাইল ডেটা ব্যবহার করে আপডেট হতে থাকলে প্রসেসরের কাজের চাপ বাড়ে। এতে ব্যাটারির চার্জও দ্রুত কমে যেতে পারে।
ফাইভ-জি ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের উপায়
ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলে ফোনের ব্যাটারি নষ্ট হয়—এমন ধারণার ভিত্তি নেই। ফোন অব্যবহৃত অবস্থায় থাকলেও ফাইভ-জি সংযোগের কারণে অতিরিক্ত চার্জ খরচের পরিমাণ সাধারণত খুব বেশি নয়। তাই শুধু ব্যাটারি বাঁচানোর জন্য ফাইভ-জি বন্ধ রাখার প্রয়োজন নেই।
তবে চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে কয়েকটি সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে। ফোনের স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা এবং ব্যাটারি সেভার মোড চালু করা এ ক্ষেত্রে কার্যকর। পাশাপাশি অ্যাপের স্বয়ংক্রিয় আপডেট শুধু ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে করার ব্যবস্থা করলে অপ্রয়োজনীয় মোবাইল ডেটা ব্যবহার কমানো সম্ভব। জরুরি প্রয়োজনে সঙ্গে ছোট একটি পাওয়ার ব্যাংক রাখাও কাজে আসতে পারে।
ফোনটি অনেক পুরোনো হলে নতুন মডেলে পরিবর্তনের কথা ভাবা যেতে পারে। কারণ, আধুনিক প্রসেসরযুক্ত স্মার্টফোনে ফাইভ-জি ব্যবহারের সময় তুলনামূলক কম ব্যাটারি খরচ হয়। অন্যদিকে, সময়ের সঙ্গে পুরোনো ব্যাটারির ধারণক্ষমতা কমে যাওয়ায় চার্জ দ্রুত শেষ হওয়ার প্রবণতাও বাড়ে।
এদিকে ফাইভ-জি প্রযুক্তিরও ক্রমাগত উন্নতি হচ্ছে। ফাইভ-জি প্লাস (ফাইভ-জি+) প্রযুক্তিতে দেয়ালসহ বিভিন্ন বাধা পেরিয়ে সংকেত পৌঁছানোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এর ফলে স্থিতিশীল সংযোগ বজায় রাখতে ফোনের ওপর চাপ কমতে পারে।
ফাইভ-জি ব্যবহারে ব্যাটারি কিছুটা দ্রুত শেষ হলেও বিষয়টি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের জন্য সামান্য বাড়তি চার্জ খরচকে বড় সমস্যা হিসেবে দেখার প্রয়োজন নেই। প্রযুক্তির আরও উন্নতির সঙ্গে ভবিষ্যতে ব্যাটারির ওপর এই প্রভাব কমে আসবে বলে আশা করা যায়।

