ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যা করতে পারেন
আইটি ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্মার্টফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর অস্পষ্ট বা কম শোনা গেলে অনেকেই নেটওয়ার্কের দুর্বলতাকে এর কারণ মনে করেন। তবে সব ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা দায়ী নয়। ফোনের ইয়ারপিসে ময়লা জমা, কভার বা স্ক্রিন গার্ডের বাধা কিংবা কলের ভলিউম কম থাকার কারণেও এমনটি হতে পারে।
কিছু বিষয় নিজেই পরীক্ষা করে এ সমস্যার সমাধান করা সম্ভব। ফোনে কথা বলার সময় শব্দ কম শোনা গেলে যে পাঁচটি বিষয় পরীক্ষা করা জরুরি, সেগুলো হলো—
১. ইয়ারপিসে ময়লা জমেছে কি না পরীক্ষা করুন
ফোনের ওপরের অংশে থাকা ছোট স্পিকারটির নাম ইয়ারপিস। কলের সময় এই স্পিকারের মাধ্যমেই অপর প্রান্তের ব্যক্তির কথা শোনা যায়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এতে ধুলাবালি, ঘাম ও ত্বকের তেল জমে স্পিকারের ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। ফলে শব্দের তীব্রতা কমে যায়।
এ সমস্যা সমাধানে নরম ও শুকনো ব্রাশ দিয়ে ইয়ারপিসের অংশটি সাবধানে পরিষ্কার করুন। তবে পরিষ্কারের জন্য কখনোই পিন, ছুঁচ বা পানি ব্যবহার করা উচিত নয়। এতে স্পিকারের ক্ষতি হতে পারে।
২. ফোনের কভার ও স্ক্রিন গার্ড ঠিক আছে কি না দেখুন
নতুন কভার বা স্ক্রিন গার্ড ব্যবহারের পর কলের শব্দ কমে গেলে সেগুলো পরীক্ষা করা প্রয়োজন। ফোনের মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কভার বা স্ক্রিন গার্ড ইয়ারপিসের জায়গা আংশিক ঢেকে দিতে পারে। ভুলভাবে লাগানো হলেও শব্দ চলাচলে বাধা সৃষ্টি হয়। এ ক্ষেত্রে কিছুক্ষণের জন্য কভার বা স্ক্রিন গার্ড খুলে ফোনে কথা বলে দেখুন। শব্দ স্বাভাবিক হলে বুঝতে হবে, সমস্যাটি ওই আনুষঙ্গিক পণ্যের কারণে হচ্ছে।
৩. কল চলাকালে ভলিউম বাড়িয়ে দেখুন
ফোনের সাধারণ ভলিউম ও কলের ভলিউম আলাদা। তাই ফোনের অন্যান্য শব্দ জোরে শোনা গেলেও কলের সময় ভলিউম কম থাকতে পারে।
এ সমস্যা এড়াতে কারও সঙ্গে কথা বলার সময় ফোনের ভলিউম বাড়ানোর বোতাম চাপুন। স্ক্রিনে কলের ভলিউম বাড়ছে কি না, সেটিও খেয়াল করুন।
৪. ব্লুটুথে কোনো ডিভাইস সংযুক্ত আছে কি না যাচাই করুন
ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড বা অন্য কোনো অডিও ডিভাইস যুক্ত থাকলে কলের শব্দ সেখানে চলে যেতে পারে। ফলে ফোনের নিজস্ব ইয়ারপিসে শব্দ শোনা নাও যেতে পারে।
এজন্য কলের সময় ব্লুটুথ সংযোগ পরীক্ষা করুন। কোনো ডিভাইস যুক্ত থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে অথবা ব্লুটুথ বন্ধ করে আবার কথা বলে দেখুন। প্রয়োজনে ফোনের অডিও সেটিংসও যাচাই করুন।
৫. প্রয়োজন হলে সার্ভিস সেন্টারের সহায়তা নিন
ওপরের বিষয়গুলো পরীক্ষা করার পরও সমস্যার সমাধান না হলে ফোনের ভেতরে যান্ত্রিক বা হার্ডওয়্যারজনিত ত্রুটি থাকতে পারে। ইয়ারপিসের স্পিকার নষ্ট হওয়া কিংবা এর সংযোগে সমস্যা দেখা দিলেও কলের শব্দ কম শোনা যায়।
এ ধরনের পরিস্থিতিতে নিজে ফোন খুলে মেরামতের চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করালে সমস্যার কারণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় মেরামত করা সহজ হবে।

