ফোন চার্জ দেওয়ার সময় যে ৫ ভুল অনেকেই করেন
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
স্মার্টফোনের চার্জ হঠাৎ কমে গেলে বিপাকে পড়তে হয় অনেককেই। বিশেষ করে বাইরে যাওয়ার সময় চার্জ ৩ শতাংশে নেমে এলে দ্রুত চার্জার খোঁজা কিংবা আশপাশের কোনো চার্জিং পয়েন্ট ব্যবহার করাই হয়ে ওঠে প্রধান চিন্তা। তবে ফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তা করলেও চার্জ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অনেকেই মেনে চলেন না।
অজান্তেই করা কিছু সাধারণ ভুল ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। এমনকি কিছু অভ্যাস থেকে তৈরি হতে পারে অগ্নিকাণ্ড কিংবা বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিও। তাই স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে এবং নিরাপদে চার্জ দিতে পাঁচটি ভুল এড়িয়ে চলা জরুরি।
১. সস্তা ও নিম্নমানের চার্জার ব্যবহার
চার্জার নষ্ট হয়ে গেলে অনেকেই কম দামের বিকল্প খুঁজে নেন। কিন্তু বাজারে পাওয়া সব চার্জার মান ও নিরাপত্তার দিক থেকে সমান নয়। নিম্নমানের চার্জারে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা না থাকলে ফোন অতিরিক্ত গরম হওয়া কিংবা বৈদ্যুতিক ত্রুটির আশঙ্কা থাকে।
তাই চার্জার কেনার সময় শুধু দাম নয়, এর গুণগত মান ও নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা উচিত। ফোনের নির্মাতা প্রতিষ্ঠানের অনুমোদিত অথবা স্বীকৃত নিরাপত্তা সনদযুক্ত চার্জার ব্যবহার করাই ভালো।
২. বালিশ বা বিছানার নিচে রেখে চার্জ দেওয়া
রাতে ঘুমানোর সময় অ্যালার্ম সেট করে অনেকেই ফোন বালিশের পাশে কিংবা নিচে রেখে চার্জ দেন। কিন্তু এ অভ্যাস ফোনের জন্য ক্ষতিকর হতে পারে।
চার্জ দেওয়ার সময় ফোনে স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। বালিশ, কম্বল কিংবা চাদরের নিচে ফোন রাখলে সেই তাপ সহজে বের হতে পারে না। ফলে ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণে ফোন চার্জ দেওয়ার সময় শক্ত, সমতল ও বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নেওয়া উচিত।
৩. চার্জে লাগিয়ে ভারী গেম খেলা
চার্জ দেওয়ার সময় ফোনে সাধারণ কাজ করা বা কথা বলা সাধারণত বড় কোনো সমস্যা নয়। তবে একই সময়ে দীর্ঘক্ষণ ভারী গেম খেলা, ভিডিও রেকর্ড করা কিংবা অতিরিক্ত প্রসেসিং প্রয়োজন এমন অ্যাপ চালালে ফোনের তাপমাত্রা বেড়ে যেতে পারে।
চার্জ হওয়ার সময় ব্যাটারিতে এমনিতেই তাপ তৈরি হয়। এর সঙ্গে অতিরিক্ত ব্যবহারের কারণে উৎপন্ন তাপ যুক্ত হলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। নিয়মিত এমনটা করলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির কার্যক্ষমতা ও আয়ু কমে যেতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ভারী কাজ থেকে বিরত থাকা এবং ফোন বেশি গরম হলে ব্যবহার বন্ধ রাখা ভালো।
৪. ক্ষতিগ্রস্ত চার্জিং কেবল ব্যবহার করা
অনেকেই চার্জিং কেবল ছিঁড়ে গেলেও কিংবা সংযোগ ঢিলা হয়ে গেলেও সেটি ব্যবহার করতে থাকেন। কখনো নির্দিষ্টভাবে বাঁকিয়ে রাখলে চার্জ হয়, আবার কখনো কেবলের বাইরের আবরণ উঠে গিয়ে ভেতরের তার দেখা যায়। এসব লক্ষণ উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে।
নষ্ট কেবল বা অ্যাডাপ্টার ব্যবহারে বৈদ্যুতিক ত্রুটি, অতিরিক্ত তাপ এমনকি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। তাই চার্জিং কেবলে কোনো ধরনের ক্ষতি দেখা দিলে সেটি আর ব্যবহার না করে নতুন কেবল সংগ্রহ করা উচিত।
৫. অতিরিক্ত গরম জায়গায় ফোন চার্জ দেওয়া
সরাসরি সূর্যের আলোতে কিংবা প্রচণ্ড গরম কোনো স্থানে ফোন চার্জ দেওয়ার অভ্যাস ব্যাটারির জন্য ক্ষতিকর। বিশেষ করে রোদে রাখা গাড়ির ভেতরে ফোন চার্জ দিলে তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।
স্মার্টফোনে সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সুরক্ষাব্যবস্থা থাকে। তবে অতিরিক্ত তাপ লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে এবং স্বাভাবিক আয়ু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ফোন চার্জ দেওয়ার সময় সরাসরি রোদ, গরম পৃষ্ঠ কিংবা তাপ উৎপন্ন হয় এমন স্থান এড়িয়ে চলা উচিত।
ব্যাটারির আয়ু বাড়াতে সতর্কতা জরুরি
স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে শুধু চার্জের পরিমাণের দিকে নজর দিলেই হবে না, চার্জ দেওয়ার অভ্যাসেও পরিবর্তন আনতে হবে। মানসম্মত চার্জার ব্যবহার, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং অতিরিক্ত তাপ এড়িয়ে চলার মতো ছোট ছোট সতর্কতাই ব্যাটারির স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

