Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

সংগৃহীত ছবি

Advertisement

প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে চালকবিহীন ট্যাক্সি সাইবার ক্যাব তৈরিতে উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি জানান, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানার সক্ষমতা সাইবার ক্যাব তৈরির কাজে ব্যবহার করা হবে। তবে সাইবার ট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় স্থানান্তর করা হবে, নাকি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, সেস বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৯ সালে প্রথমবারের মতো সাইবার ট্রাকের নকশা প্রকাশ করে টেসলা। ব্যতিক্রমী কৌণিক আকৃতি এবং স্টেইনলেস স্টিলের তৈরি বাইরের কাঠামোর কারণে শুরু থেকেই গাড়িটি আলোচনায় ছিল। ২০২৩ সালের শেষ দিকে ক্রেতাদের কাছে গাড়িটির সরবরাহ শুরু হয়। সে সময় ইলন মাস্ক বছরে আড়াই লাখ সাইবার ট্রাক বিক্রির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।

কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। গাড়ির বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবার ট্রাক বিক্রি হয়েছে। অথচ ২০২৪ সালে বিক্রির পরিমাণ ছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি প্রায় ৪৮ শতাংশ কমে গেছে।

বাজারে চাহিদা কমে যাওয়ার পাশাপাশি সাইবার ট্রাকের গুণগত মান ও নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, বাজারে আসার পর থেকে গাড়িটি ১১ বার রিকলের মুখে পড়েছে। বিভিন্ন সমস্যার কারণে কিছু গাড়ি মেরামত করতে হয়েছে। আবার কয়েকটি ত্রুটি সফটওয়্যার আপডেটের মাধ্যমেই সমাধান করা হয়েছে।

ইউরোপের বাজারেও সাইবার ট্রাকের বাণিজ্যিক সম্ভাবনা খুব একটা আশাব্যঞ্জক নয়। গাড়িটির ধারালো স্টেইনলেস স্টিলের বহিরাবরণ পথচারীদের নিরাপত্তা নিয়ে ইউরোপের প্রচলিত বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে অঞ্চলটিতে গাড়িটির অনুমোদন পাওয়ার ক্ষেত্রেও বড় বাধা তৈরি হয়েছে।

অন্যদিকে টেসলার ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সাইবার ক্যাব। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী এই গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক প্যাডেল কিংবা সাধারণ আয়না রাখা হয়নি। চালক ছাড়াই যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে সীমিত পরিসরে অর্থের বিনিময়ে সাইবার ক্যাবের মাধ্যমে যাত্রী পরিবহন শুরু হয়েছে। তবে গাড়িটির নিরাপত্তাব্যবস্থা ও বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যালোচনা এখনো চলছে।

বিশ্লেষকদের ধারণা, সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রচলিত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ ও মনোযোগ বাড়াচ্ছে।

তবে সাইবার ক্যাবের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে সাইবার ট্রাকের কমে যাওয়া বিক্রির জায়গা নতুন এই প্রযুক্তির গাড়ি কত দ্রুত পূরণ করতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

৫ হাজার কোটি টাকা খরচ করেও ভরাডুবি, যে কাণ্ড ঘটালেন ইলন মাস্ক

৫ হাজার কোটি টাকা খরচ করেও ভরাডুবি, যে কাণ্ড ঘটালেন ইলন মাস্ক

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘সেফ হারবার’ সুবিধা বাতিলের কথা কেন ভাবছে ভারত সরকার?

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, বানাবেন যেভাবে

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম