Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করে মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার দাবি, স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করে ইউক্রেন এ ধরনের হামলা চালানোয় গত সপ্তাহে সেবাটির একটি দুর্বলতা বন্ধ করে দেওয়া হয়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট যোগাযোগসেবার গতি আগের অবস্থায় ফিরেছে। খবর এনডিটিভির। 

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এসব কথা বলেন। এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, স্টারলিংক ও স্টারশিল্ডের সংযোগে আরোপিত বিধিনিষেধের কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনের সম্মুখসারির সামরিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরে সেবাগুলোর গতি পুনরুদ্ধার করা হয়েছে।

মাস্ক লেখেন, ‘মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় বেসামরিক বাণিজ্যিক সেবা হিসেবে স্টারলিংক ব্যবহার কখনোই অনুমোদিত ছিল না, আর তা হওয়াও উচিত নয়। ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করে মানুষ হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে। গত সপ্তাহে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।’

তবে স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের ক্ষেত্রে যেকোনো পরিবর্তনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে বলে দাবি করেন মাস্ক। ইউক্রেনের ড্রোন কার্যক্রম ও যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেবা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির প্রতিরক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে স্পেসএক্স। তবে গত সপ্তাহে স্টারশিল্ডের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনায় ইউক্রেনের সামরিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কয়েকজন সামরিক কমান্ডার ড্রোন হারানো এবং অভিযান ব্যাহত হওয়ার কথা জানান।

জেলেনস্কি শনিবার এক্সে লেখেন, ‘এখন গতি প্রয়োজনীয় পর্যায়ে রয়েছে।’ তার ভাষ্য অনুযায়ী, রাত থেকেই সেবা পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং শনিবার সকাল নাগাদ তা পর্যাপ্ত পর্যায়ে পৌঁছায়। এর ফলে সম্মুখসারিতে রসদ সরবরাহ ও রুশ জেটচালিত শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রমে উন্নতি হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা বলেন, সরাসরি সংলাপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জেলেনস্কির কূটনৈতিক তৎপরতার ফলেই এ অগ্রগতি এসেছে। তিনি বলেন, ‘আমাদের সম্মুখসারির জন্য, সামরিক বাহিনীর জন্য, ড্রোন কার্যক্রম, রসদ সরবরাহ ও যোগাযোগের জন্য ফলাফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

স্টারলিংক সেবায় বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কে নিয়েছিল, তা নিয়ে গত সপ্তাহ থেকেই প্রশ্ন উঠছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সিদ্ধান্ত তিনি নেননি। একই সঙ্গে তিনি মাস্ককে দোষারোপ না করার পক্ষেও কথা বলেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউসের সঙ্গে মাস্কের সমন্বয়ের ইঙ্গিত দিলেও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রশাসনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের মধ্যেই স্টারলিংক সেবা পুনরুদ্ধারের ঘটনা ঘটল। বুধবার রাশিয়া আগামী মাসে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়। শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ-অধিকৃত ও যুদ্ধবিধ্বস্ত ওলেশকির আশপাশে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতিতেও সম্মত হয় কিয়েভ ও মস্কো। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রাশিয়ার সঙ্গে ডিজেল আমদানি নিয়ে ট্রাম্পের কথিত সমঝোতা ঘিরে আগে থেকেই ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে টানাপোড়েন চলছিল। ইউক্রেন এ সমঝোতাকে নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছে।   

ইউক্রেন-রাশিয়া সংঘাত অব্যাহত

এদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলের লোজোভা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার দখল করা ক্রিমিয়ার বিভিন্ন শহরে রাতভর ইউক্রেনের হামলার পর বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছেন রুশ-নিযুক্ত কর্তৃপক্ষ।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, শনিবার তাদের বাহিনী রাশিয়ার তোলিয়াত্তি শহরের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। কারখানাটিতে রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত উপকরণ উৎপাদন করা হয়। তোলিয়াত্তির মেয়র ইলিয়া সুখিখ জানিয়েছেন, রাতের ওই হামলায় শহরের শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া রাশিয়ার ওরিওল শহরের একটি ইলেকট্রনিকস কারখানায় হামলার কথাও নিশ্চিত করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবারের ওই হামলায় তিনজন নিহত হয়েছেন। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, কারখানাটিতে রাশিয়ার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরগুলোতে হামলায় ব্যবহার করে রাশিয়া।

ইউক্রেনের ড্রোন রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলেও পৌঁছেছে। ইউক্রেনের সীমান্ত থেকে অঞ্চলটির দূরত্ব দুই হাজার কিলোমিটারের বেশি। ওমস্কের আঞ্চলিক গভর্নর ভিতালি খোৎসেঙ্কো জানিয়েছেন, ড্রোনগুলো একটি উত্তরাঞ্চলীয় শিল্প এলাকায় পৌঁছেছিল।

রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজন শনিবার জানিয়েছে, ওমস্কে তাদের একটি পণ্য সরবরাহকেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। প্রতিষ্ঠানটি ওয়াইল্ডবেরিজের প্রতিদ্বন্দ্বী। এর আগে ইউক্রেন ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

সমুদ্রের নিচের ক্যাবল কেটে ফেললে কি অচল হয়ে পড়বে পুরো বিশ্বের ইন্টারনেট?

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

নভেম্বরে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেন-যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

মার্কিন নির্বাচনে রেকর্ড ১৮ হাজার কোটি টাকার অনুদান, শীর্ষে ইলন মাস্ক

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

দুই পা হারিয়ে ৮ মাস লুকিয়ে ছিলেন গর্তে—ইউক্রেনীয় সেনার বেঁচে ফেরার অবিশ্বাস্য গল্প

আরও পড়ুন

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম