মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে আঘাত হানে। এতে ড্রোনটি ধ্বংস হয়।
এর আগে গত সেপ্টেম্বরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছিলেন, ইরানের ‘শাহেদ-১৩৬’ চালকবিহীন আকাশযানের অনুকরণে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে এবং সেটিকে নিজেদের সামরিক অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত করেছে।
মুসাভি ইরানের বিভিন্ন ধরনের ‘শাহেদ’ শ্রেণির ড্রোনের সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব ড্রোন যুদ্ধ পরিচালনা, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ইরানি এই সামরিক কর্মকর্তা আরও বলেন, ‘সত্য-ওয়াদা’ বা ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের ক্ষেত্রে একটি রেকর্ড গড়া হয়েছে। ওই অভিযানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিট এসব ড্রোন পরিচালনা করেছিল।
পার্সটুডে
