ঘুমানোর সময় মাথার পাশে স্মার্টফোন রাখেন? জানুন এর ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন যেন মানুষের নিত্যসঙ্গী। ঘুমাতে যাওয়ার আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ বুলানো, মেসেজের উত্তর দেওয়া কিংবা পরদিনের জন্য অ্যালার্ম সেট করা অনেকের দৈনন্দিন অভ্যাস। এরপর ফোনটি বালিশের পাশে রেখেই ঘুমিয়ে পড়েন কেউ কেউ।
আবার অনেকে সারা রাত মাথার কাছে ফোন চার্জে দিয়ে রাখেন। কিন্তু ঘুমের সময় এভাবে ফোন কাছে রাখা কতটা নিরাপদ? মোবাইলের বিকিরণ কি শরীরের জন্য ক্ষতিকর?
স্মার্টফোন থেকে কী ধরনের বিকিরণ নির্গত হয়?
মোবাইল ফোন থেকে রেডিওফ্রিকোয়েন্সি (আরএফ) ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বের হয়। মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্লুটুথের মাধ্যমে তথ্য আদান-প্রদানের কাজে এসব তরঙ্গ ব্যবহৃত হয়। এটি নন-আয়োনাইজিং বিকিরণ। অর্থাৎ এক্স-রের মতো ডিএনএর রাসায়নিক বন্ধন ভেঙে দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি এই বিকিরণের নেই।
শরীর কতটুকু বিকিরণ শোষণ করছে, তা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় স্পেসিফিক অ্যাবসর্পশন রেট (এসএআর)। আধুনিক স্মার্টফোনে নির্ধারিত নিরাপত্তামান মেনে বিকিরণের মাত্রা নিয়ন্ত্রণ করা হয়। তবে দীর্ঘ সময় ধরে শরীরের কাছাকাছি ফোন রাখার সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা এখনো অব্যাহত রয়েছে।
মোবাইলের বিকিরণে কি ক্যানসারের আশঙ্কা রয়েছে?
স্মার্টফোনের বিকিরণ নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসে ক্যানসারের ঝুঁকির বিষয়টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করছে। এখন পর্যন্ত মোবাইল ফোনের রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণের সঙ্গে ক্যানসারের সরাসরি সম্পর্কের চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।
তবে ২০১১ সালে আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণকে ‘সম্ভবত ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে গ্রুপ ২বি শ্রেণিতে অন্তর্ভুক্ত করে। এর অর্থ এই নয় যে মোবাইল ফোন ব্যবহার করলেই ক্যানসার হবে। বরং বিষয়টি নিয়ে সম্ভাব্য ঝুঁকি যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে ফোন
মাথার কাছে ফোন রাখার তুলনায় ঘুমানোর আগে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার ঘুমের জন্য বেশি সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের চক্রে প্রভাব ফেলতে পারে।
রাতে এই আলো চোখে পৌঁছালে মেলাটোনিন হরমোনের নিঃসরণ ব্যাহত হতে পারে। শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হরমোন। ফলে ঘুম আসতে দেরি হতে পারে এবং স্বাভাবিক ঘুমের ছন্দে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া রাতে ফোনে নোটিফিকেশন, কল, ভাইব্রেশন কিংবা হঠাৎ স্ক্রিন জ্বলে ওঠার কারণে ঘুম ভেঙে যেতে পারে। এতে গভীর ঘুমের ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
ঘুমের সময় স্মার্টফোন কোথায় রাখবেন?
রাতে ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব কমাতে কয়েকটি সহজ অভ্যাস অনুসরণ করতে পারেন-
১. বিছানা থেকে দূরে রাখুন: ঘুমানোর সময় ফোন বালিশের পাশে না রেখে কিছুটা দূরে টেবিলের ওপর রাখুন। এতে ঘুমের মধ্যে বারবার ফোন ব্যবহারের প্রবণতাও কমবে।
২. এয়ারপ্লেন মোড চালু করুন: রাতে মোবাইল নেটওয়ার্কের সংযোগ বন্ধ রাখতে এয়ারপ্লেন মোড ব্যবহার করতে পারেন। তবে ওয়াই-ফাই ও ব্লুটুথ আলাদাভাবে চালু থাকলে সেগুলোও বন্ধ করে দিন।
৩. ঘুমের আগে ফোন ব্যবহার এড়িয়ে চলুন: ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে স্মার্টফোন ব্যবহার বন্ধ করার চেষ্টা করুন। এ সময় বই পড়া কিংবা অন্য কোনো স্বস্তিদায়ক কাজে মনোযোগ দিতে পারেন।
৪. নোটিফিকেশন বন্ধ রাখুন: রাতে ডু নট ডিস্টার্ব মোড চালু রাখলে অপ্রয়োজনীয় কল, মেসেজ ও নোটিফিকেশনের কারণে ঘুমের ব্যাঘাত কমবে।
৫. অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন: সকালে ঘুম থেকে ওঠার জন্য স্মার্টফোনের পরিবর্তে সাধারণ অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতে পারেন। এতে রাতে ফোন বিছানার পাশে রাখার প্রয়োজনও কমবে।
ঘুমানোর সময় মাথার কাছে স্মার্টফোন থাকলেই তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে—এমন বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। একইভাবে মোবাইলের বিকিরণের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কেও গবেষণা পুরোপুরি শেষ হয়নি।
তবে ঘুমের আগে অতিরিক্ত ফোন ব্যবহার, স্ক্রিনের নীল আলো এবং রাতের নোটিফিকেশন ঘুমের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে পারে। তাই অযথা আতঙ্কিত না হয়ে রাতে ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং ঘুমানোর সময় ফোনটি বিছানা থেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ।

