স্মার্টফোনের স্ক্রিনের ভিড়ে হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
একসময় পাঠ্যবইয়ের আড়ালে গল্পের বই পড়ার অভ্যাস ছিল অনেকের। স্কুলের পড়াশোনার ফাঁকে কিংবা পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে গল্প-উপন্যাসের জগতে হারিয়ে যেত শিশু-কিশোররা।
কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে অবসর কাটানোর ধরন। এখন সেই জায়গা অনেকটাই দখল করেছে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ধরনের ডিজিটাল বিনোদন। এর প্রভাব পড়ছে পাঠ্যবইয়ের বাইরের বই পড়ার অভ্যাসেও।
বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যানেও বাংলাদেশের পাঠাভ্যাসের দুর্বল চিত্র উঠে এসেছে। ২০২৪ সালে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের ১০২টি দেশের ওপর পরিচালিত এক জরিপে বই পড়ার তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। জরিপ অনুযায়ী, একজন বাংলাদেশি বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন এবং বই পড়ার পেছনে ব্যয় করেন মাত্র ৬২ ঘণ্টা।
অন্যদিকে, ভারতে একজন ব্যক্তি বছরে গড়ে ১৬টি বই পড়েন, যার পেছনে সময় দেন ৩৫২ ঘণ্টা। তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বছরে গড়ে ১৭টি বই পড়েন।
তবে এই জরিপকে বাংলাদেশের সামগ্রিক জনগোষ্ঠীর বই পড়ার অভ্যাসের পূর্ণাঙ্গ চিত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। এটি মূলত জরিপের ভিত্তিতে তৈরি একটি আন্তর্জাতিক তুলনামূলক তালিকা।
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে করা একটি গবেষণাতেও পাঠাভ্যাসের ক্ষেত্রে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ওই গবেষণায় তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার ৬৯১ শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থী অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও পাঠ্যবইয়ের বাইরে নিয়মিত বই পড়েন মাত্র ৩৮ শতাংশ।
পাঠাভ্যাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে স্মার্টফোন?
বই পড়ার প্রতি আগ্রহ কমে যাওয়ার পেছনে স্মার্টফোন ও ইন্টারনেটের ভূমিকা কতটা, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। শহীদ বাকী স্মৃতি পাঠাগারের ১ হাজার ৫ জনের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৫ বছর বয়সিদের ৫৪ দশমিক ৩ শতাংশের বই পড়ার মনোযোগে ব্যাঘাত ঘটায় স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার। ১৮ বছরের কম বয়সিদের মধ্যে এই হার ৫৩ শতাংশ।
তবে বিশেষজ্ঞদের মতে, দেশে বই পড়ার সংস্কৃতির দুর্বলতা স্মার্টফোনের ব্যাপক প্রচলনেরও আগের সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর মতে, সামাজিক ও সাংস্কৃতিক চর্চার অভাবও পাঠাভ্যাস কমে যাওয়ার অন্যতম কারণ। পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—কোথাও পাঠ্যবইয়ের বাইরের পড়াশোনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না।
একই ধরনের মত বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাসেরও। তার মতে, একজন পাঠক গড়ে ওঠার পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের এই তিন ক্ষেত্রেই বই পড়ার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে।
প্রযুক্তি কি শুধু প্রতিপক্ষ, নাকি নতুন সম্ভাবনাও?
বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তিকে এককভাবে দায়ী করতে চান না দীপঙ্কর দাস। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নতুন বইয়ের খবর সহজেই পাঠকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি ই-বুক, পিডিএফ ও অডিওবুকের মতো ডিজিটাল মাধ্যম বই পড়া ও শোনার সুযোগ আরও বাড়িয়েছে।
ডিজিটাল বিনোদনের বিস্তার ঘটলেও মুদ্রিত বইয়ের প্রতি মানুষের আগ্রহ পুরোপুরি হারিয়ে যায়নি বলেও মনে করেন তিনি। অর্থাৎ স্মার্টফোন এখনো বইয়ের জায়গা পুরোপুরি দখল করতে পারেনি। বরং মূল চ্যালেঞ্জ হলো, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে বই পড়ার পরিবেশ তৈরি করা।
বাংলাদেশের পাঠাভ্যাসের সংকট কেবল স্মার্টফোনের কারণে তৈরি হয়নি। পরিবারে বই পড়ার চর্চা, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের বাইরের পড়াশোনায় উৎসাহ এবং পাঠাগারকেন্দ্রিক উদ্যোগ—সবকিছুর সমন্বয়েই নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ ফিরিয়ে আনা সম্ভব।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
