Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

ফাইল ছবি

Advertisement

কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কখনো কি ভেবেছেন, মাউসের কার্সরটি কেন সোজা না হয়ে বাঁ দিকে ৪৫ ডিগ্রি কোণে হেলানো থাকে? হয়তো ভেবেছেন, হয়তো কখনো খেয়ালই করেননি। মাউসের কার্সর এমন একটি জিনিস, যা দীর্ঘদিন ধরে আমাদের কম্পিউটার ব্যবহারের অংশ হয়ে আছে। তাই এর আকৃতি নিয়ে বেশিরভাগ মানুষই তেমন একটা ভাবেন না।

কিন্তু কার্সর বাঁ দিকে হেলানো থাকার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। এর ইতিহাস কম্পিউটার বিজ্ঞানের শুরুর দিকের দিনগুলো পর্যন্ত বিস্তৃত, যখন ব্যক্তিগত কম্পিউটার মানুষের জীবনে এতটা পরিচিত হয়ে ওঠেনি।

১৯৮১ সালে যখন মাউসের কার্সরের নকশা করা হয়, তখন এটি হেলানো ছিল না। মাউসের উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট প্রথম যখন কার্সরের নকশা করেন, তখন সেটি ছিল সোজা ওপরের দিকে নির্দেশ করা একটি সাধারণ তীর। পর্দায় থাকা অন্য রেখাগুলোর সঙ্গে এর খুব বেশি পার্থক্য ছিল না।

সে সময় মাউসের কার্সর ছিল কালো রঙের একটি সোজা উল্লম্ব রেখা, যা ওপরের দিকে নির্দেশ করত। কিন্তু পর্দায় থাকা অন্য উল্লম্ব রেখাগুলোর সঙ্গে এটি প্রায় মিশে যেত। ফলে কার্সর সহজে শনাক্ত করা কঠিন ছিল।

তখনকার কম্পিউটারের পর্দায় রেজল্যুশন ছিল খুবই কম। এ কারণে সোজা ওপরের দিকে নির্দেশ করা কালো কার্সরকে অন্য রেখা থেকে আলাদা করে দৃশ্যমান করা প্রায় অসম্ভব ছিল।

তাই কম্পিউটার বিজ্ঞানের শুরুর দিনগুলোতে প্রচলিত উদ্ভাবনী চিন্তা ও যেকোনো উপায়ে সমস্যার সমাধান করার মানসিকতা থেকে কার্সরকে নতুনভাবে নকশা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কার্সরকে ৪৫ ডিগ্রি কোণে বাঁ দিকে হেলিয়ে দেওয়া হয়। আর এভাবেই তৈরি হয় আজকের পরিচিত মাউস কার্সর!

সত্যি বলতে, সে সময় পর্দায় সীমিতসংখ্যক পিক্সেল ব্যবহারের কারণে কার্সরকে অন্য উপাদান থেকে আলাদা করার এটিই ছিল সবচেয়ে কার্যকর উপায়। তবে এই ছোট পরিবর্তন বেশ কিছু বাড়তি সুবিধাও এনে দেয়।

প্রথমত, নতুন কার্সরটি পর্দার অন্যান্য উপাদান থেকে সহজেই আলাদা করে চেনা যেত। এর আকৃতি অনেকটা মানুষের তর্জনী দিয়ে কোনো কিছু নির্দেশ করার মতো দেখাত।

বাঁ দিকে হেলানো এই কার্সরের মাধ্যমে কোথায় ক্লিক করতে হবে, তা অনুমান করাও সহজ হয়ে ওঠে। আধুনিক কম্পিউটারে স্পষ্ট ও উন্নত পর্দার কারণে এটি তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও পুরোনো কম্পিউটারগুলোতে এই পরিবর্তন ছিল অত্যন্ত কার্যকর।

হেলানো কার্সরের আরেকটি সুবিধা ছিল, এটি পর্দার লেখাগুলোকে আড়াল করত কম। আগের সোজা কার্সরটি অনেক সময় অক্ষর বা লেখার ওপর পড়ে সেগুলো ঢেকে দিত। কিন্তু হেলানো কার্সর কোনো কিছু ঢেকে না রেখে শুধু নির্দিষ্ট স্থানের দিকে নির্দেশ করত।

এ ছাড়া নতুন কার্সরের আকৃতির সঙ্গে ডানহাতি মানুষের লেখার ধরনও অনেকটা মিলে যায়। ডানহাতি মানুষ সাধারণত কলম কিছুটা হেলিয়ে ধরে লেখেন। কার্সরের হেলানো আকৃতিও সেই ধরনকে অনুসরণ করে।

বাঁ দিকে হেলানো কার্সরটি স্বাভাবিক ও সহজবোধ্য মনে হওয়ার আরেকটি কারণ হলো, এটি বাম থেকে ডানে পড়ার অভ্যাসের সঙ্গে মানানসই। বিশ্বের অধিকাংশ সমাজেই পড়ার এই পদ্ধতি প্রচলিত।

উন্নত রেজল্যুশন ও হাই-ডেফিনিশন পর্দার যুগেও মাউস কার্সর হেলানো থাকার আরও অনেক কারণ রয়েছে। তবে কার্সরের এই নকশা জনপ্রিয় হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা রাখে প্রযুক্তি জগতের দুই প্রভাবশালী ব্যক্তি স্টিভ জবস ও বিল গেটস।

ডগলাস এঙ্গেলবার্ট যখন মাউস উদ্ভাবন করেন, তখন তিনি জেরক্সের প্রকৌশলী ছিলেন। পরে স্টিভ জবস তার সফটওয়্যারে এই হেলানো কার্সর ব্যবহার করেন। এরপর বিল গেটসও একই নকশা অনুসরণ করেন। ফলে কার্সরের এই আকৃতি ধীরে ধীরে মূলধারার কম্পিউটিংয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বর্তমানে আমরা মাউসের কার্সর নিয়ে তেমন একটা ভাবি না। এর হেলানো আকৃতিই আমাদের কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। কম্পিউটার ব্যবহারের অভ্যাসের সঙ্গে মিশে গেছে এই ছোট্ট নকশা, যা প্রযুক্তির ইতিহাসে এক সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার উদ্ভাবনী সমাধান হিসেবে আজও টিকে আছে।

সূত্র: ইটারনিটি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

ইউটিউবে কনটেন্ট বানিয়ে ভাইরাল হতে চান, জানুন কিছু অব্যর্থ কৌশল

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে যেসব উপকার

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে যেসব উপকার

সাধারণ গলা ব্যথা থেকেই হতে পারে হার্টের রোগ, এই ৫ লক্ষণ চিনে রাখুন

সাধারণ গলা ব্যথা থেকেই হতে পারে হার্টের রোগ, এই ৫ লক্ষণ চিনে রাখুন

চাকরি পেতে যে ১০ বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি

চাকরি পেতে যে ১০ বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

শীতে গম না ভুট্টার রুটি খাওয়া ভালো

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

জ্বর হলেই ওষুধ নয়, ডেঙ্গু-ম্যালেরিয়া শনাক্তে যেসব লক্ষণে সতর্ক হবেন

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানবেন যেভাবে

ফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ কী?

ফাইভ-জি ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ কী?

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

একটি ছোট পরিবর্তন যেভাবে বদলে দিয়েছিল মাউসের কার্সর

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে আসছে সাবস্ক্রিপশন পদ্ধতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম