ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
আইটি ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর দুটি অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটি নতুন করে ডাউনলোড করার সুযোগ থাকবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে এগুলোর আপডেট সুবিধাও।
তবে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে অ্যাপ দুটি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
‘কুইক মেজার’ অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য, দূরত্ব কিংবা স্থানের আয়তন পরিমাপ করা যায়। অন্যদিকে, ‘এআর ডুডল’ ব্যবহারকারীদের ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করার সুবিধা দেয়।
অ্যাপ দুটি বন্ধের বিষয়ে গ্যালাক্সি স্টোরে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যামসাং। সেখানে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বরের পর থেকে নতুন করে অ্যাপ দুটি ইনস্টল করা যাবে না। একই সঙ্গে বন্ধ হবে বিদ্যমান সংস্করণের আপডেটও। তবে নির্ধারিত সময়ের আগে যেসব ব্যবহারকারী অ্যাপ দুটি নিজেদের ডিভাইসে ইনস্টল করবেন, তারা সেগুলো ব্যবহার চালিয়ে যেতে পারবেন। যদিও কিছু ফিচারের কার্যকারিতা ব্যাহত হতে পারে।
এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভবিষ্যৎ সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অ্যাপ দুটির জন্য আর কোনো হালনাগাদ প্রকাশ করবে না স্যামসাং। এর ফলে ২০২৭ সালে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করলে কুইক মেজার ও এআর ডুডলের কিছু সুবিধা কাজ করা বন্ধ করে দিতে পারে।
অ্যাপ দুটি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে স্যামসাং জানিয়েছে, এ কারণে ব্যবহারকারীদের যে অসুবিধার মুখোমুখি হতে হবে, তার জন্য প্রতিষ্ঠানটি দুঃখিত। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফেরার আশ্বাসও দিয়েছে তারা।
তবে নতুন সংস্করণে অ্যাপ দুটি কবে ফিরবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেনি স্যামসাং। পাশাপাশি অ্যাপগুলোর বর্তমান ফিচার অন্য কোনো সেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কি না, সেটিও স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।
যারা এখনো কুইক মেজার ও এআর ডুডল ব্যবহার করেন কিংবা অ্যাপ দুটি ব্যবহার করতে চান, তাদের ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের উপযোগী সংস্করণ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এনগ্যাজেট

