Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সিপিডির সেমিনারে মেনন

রাষ্ট্র আমলাদের হাতে বন্দি

বয়স্ক ভাতা পেতে গড়ে ২,৬৫৩ টাকা ঘুস দিতে হয় -ড. মোয়াজ্জেম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন 

প্রকাশ: ০১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্র আমলাদের হাতে বন্দি

Advertisement

ওয়ার্কার্স পাটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাষ্ট্র আমলাদের হাতে বন্দি হয়ে গেছে। পাশাপাশি দারিদ্র্যসীমা ও বৈষম্যের ফারাক চলে গেছে তুলনাহীন জায়গায়।

অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো সুবিধাভোগী নির্ধারণে ঘুস দিতে হচ্ছে। বয়স্ক ভাতা পাওয়ার জন্য কার্ড পেতে সংশ্লিষ্টদের গড়ে ২ হাজার ৬৫৩ টাকা ঘুস দিতে হয়। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। 

সেমিনারে আরও বক্তব্য দেন-সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. রাশেদা কে চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ প্রমুখ। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম। 

রাশেদ খান মেনন বলেন, সামাজিক নিরাপত্তা কোনো দান-খয়রাত নয়। এটা অধিকার। দেশে উন্নয়ন হচ্ছে এটা নিয়ে দ্বিমতের সুযোগ নেই। কিন্তু এ উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। বৈষম্যমূলক হচ্ছে। পেনশন-সঞ্চয়পত্রের সুদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে দেখানো হয়। আমরা বলেছি পেনশন, সঞ্চয়পত্রের সুদ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে না দেখাতে। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, সরকার এখন সেটা মানছে। কারণ সরকার বিদেশিদের কথা ভালো শোনে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধু নির্বাচনি প্রতিশ্রুতি নয়, রাজনৈতিক কর্মসূচি। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কর্মসূচি শুরু করে গিয়েছিলেন। পরে রাষ্ট্রক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজ এগিয়ে নিয়েছেন। কিন্তু নিচতলার মানুষ যদি খেতে না পায় তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। আগামীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। 

আরমা দত্ত বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী মানুষের তালিকা করতে ব্যর্থতা থাকলে এ দায় সরকারের একার নয়। সমাজের অন্যদেরও দায় আছে। ক্ষুদ্রঋণ নিয়ে যারা কাজ করছেন, তাদের মনোযোগ সম্পদ বৃদ্ধির দিকে। সামাজিক নিরাপত্তায় তাদের মনোযোগ নেই। এ সময় পল্লির পাশাপাশি শহরের হতদরিদ্র মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি।

রাশেদা কে চৌধুরী বলেন, অবকাঠামো খাতে বড় বড় বিনিয়োগ হয়েছে। কিন্তু শিক্ষা খাতে হয়নি। ঢাকা শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠ দখল হয়ে যাচ্ছে। এই জায়গায় গবেষণা প্রয়োজন। ২০১৫ সাল থেকে এখনো প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি ১৫০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিষয়টি কি কারও নজরে আসে না? কেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে না? করোনায় যারা ঝরে গেল, তাদের কি খাতা থেকে বাদ দিয়ে দিলাম? 

মূল প্রবন্ধে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বয়স্ক ও স্কুলগামী শিশুরা যে ভাতা পাচ্ছে তা বাড়ানোর তাগিদ দিয়েছেন সুবিধাভোগী ও তাদের অভিভাবকরা। তাদের ৯৭ শতাংশ মনে করছেন, বয়স্ক ভাতা বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা হওয়া উচিত। এছাড়া ৮০ শতাংশ শিশুর অভিভাবক মনে করছেন, ভাতা বাড়িয়ে দুই হাজার টাকা করা দরকার। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার মতো সুবিধাভোগী নির্ধারণে ঘুস দিতে হচ্ছে। ইউপি মেম্বার-চেয়ারম্যানরা সুবিধাভোগী নির্বাচনে পক্ষপাতিত্ব করছেন। আশপাশের মানুষ ও আত্মীয়স্বজনের নাম তালিকাভুক্ত করছেন তারা। ফলে ভাতা বিতরণের লক্ষ্য ব্যাহত হচ্ছে।

সিপিডির প্রতিবেদনে বলা হয়, বয়স্ক ভাতা পাওয়ার জন্য কার্ড পেতে সংশ্লিষ্টদের গড়ে ২ হাজার ৬৫৩ টাকা ঘুস দিতে হয়। ৫০০ থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত ঘুস লেনদেন হয়। অনেকে যোগ্য হলেও ঘুস দিতে না পারায় ভাতা পান না। এসব কারণে ভাতা বিতরণের লক্ষ্য ব্যাহত হচ্ছে। 

অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা করে ভাতা বাড়ানো উচিত। তার মতে, বিভিন্ন বিতরণ কর্মসূচিতে অপচয় রোধে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সঠিক ডেটা সম্ভার তৈরি করতে হবে। এতে অনিয়ম রোধ করা সম্ভব হবে।
 

Advertisement

বন্দি

Advertisement

আরও পড়ুন

৮৫০০ কিমি. খননের উদ্যোগ নদীভাঙনে ছোট হচ্ছে ভূখণ্ড

নদীভাঙনে ছোট হচ্ছে ভূখণ্ড

এক দশক পর আজ খুলছে জুলাই স্মৃতিতে সেজেছে ওসমানী উদ্যান

জুলাই স্মৃতিতে সেজেছে ওসমানী উদ্যান

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

ইয়েমেনে লড়াই তীব্র, বাড়ছে মানবিক সংকট

ইয়েমেনে লড়াই তীব্র, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম