সিপিডির ব্রিফিংয়ে বক্তারা
দায়িত্বহীনতায় সুন্দরবনের মধুর জিআই নিল ভারত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন সবই বাংলাদেশ অংশে বেশি। এরপরও নিজেদের পণ্য হিসাবে মধুর আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পায়নি বাংলাদেশ। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বহীনতা বা উদাসীনতায় ভারত এককভাবে হাতিয়ে নিয়েছে মধুর জিআই সনদ।
রাজধানীর সিপিডি কার্যালয়ে বুধবার ‘সুন্দরবনের মধু এখন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য’ শীর্ষক ব্রিফিংয়ে একথা বলেন সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্থাটির আরেক বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান। এ সময়ে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে নিবন্ধনের বিষয়টি অবিলম্বে বাতিলের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভারতে যখন ঘোষণা হয়েছে, তখন আমাদের সময় ছিল আপত্তি দেওয়ার। কিন্তু দেওয়া হয়নি। জামদানি শাড়ির সময়ও একই ঘটনা ঘটে। এটার দায়দায়িত্ব কার? দেশে অনেক সমস্যা আছে, তাই এ সমস্যা স্থান পায়নি। এর আরও একটা কারণ আছে। সেটা হলো, যারা মধু উৎপাদন করেন তারা দুর্বল। তাদের কণ্ঠও দুর্বল। তাই এগুলো স্থান পায় না। আমাদের প্রশাসনেও দক্ষ মানুষ খুবই কম। বিদেশে যারা বৃত্তি নিয়ে পড়ালেখা করছে তারা অধিকাংশই আমলা কর্মচারী। বাস্তবে এ শিক্ষা কতটুকু কাজে লাগছে?
ভারতের এককভাবে মধুর জিআই সনদ নেওয়া প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটাকে নজরদারি করা হয় না। প্রশাসন বা আইন মন্ত্রণালয় কখনো এটা নিয়ে আলোচনা করেনি। তারা এসব বিষয় নিয়ে কখনো আলোচনা করেছেন কেউ বলতে পারবে না। তারা কখনো টাঙ্গাইল শাড়ি ও সুন্দরবনের মধু নিয়ে আলোচনা করেনি। কারণ এরা পিছিয়ে পড়া মানুষের অংশ। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও বিষয়গুলো নিয়ে আলোচনা করে না।
তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ও এটা নিয়ে উদ্যোগ নেয়নি। ব্যবসায়ী সমিতিও এটা নিয়ে আলোচনা করেনি। ব্যবসায়ীরা শুধু তুলেছে কালোটাকা সাদা করতে হবে, মধুর জিআই সনদ তাদের কাছে বড় সমস্যা নয়। জিআই সনদ না হলে পণ্যের বাণিজ্যিক দাম কীভাবে হবে? এটা অজানা, সবার ভূমিকা নিতে হবে, যাতে মধুর জিআইটা সামিট লেভেলে নিয়ে আলোচনা করা যেতে পারে।
বাংলাদেশে মধু বেশি আহরণ হলেও হাতছাড়া হয়েছে জিআই সনদ। এ প্রসঙ্গে সিপিডির আরেকজন বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, সিপিডি মনে করে মেধাস্বত্ব বিষয়ের বাণিজ্যক ও অর্থনৈতিক গুরুত্ব আছে। এরফলে প্রান্তিক মানুষের উপকারে আসে। জিআই সার্টিফিকেশন পেলাম কিন্তু পরবর্তী ফলোআপ করলাম না, তা হলে এটার সুফল মিলবে না। ফলোআপ না করলে বাণিজ্যিক সম্ভাব্য ইতিবাচক ফলাফল পাওয়া যাবে না।
তিনি বলেন, সুন্দরবনে মধু নিয়ে সমস্যা হচ্ছে। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এটা সমাধান করতে হবে। কারণ এটা উভয় দেশেই আছে। ভারতের সঙ্গে জিআই ইস্যু নিয়ে সমঝোতা দরকার। এ রকম নানা ধরনের সাংঘর্ষিক ইস্যু সামনে আসতে পারে। এটা নিয়ে আলোচনা করা যেতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। এর মোট আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এরমধ্যে ৬৬ শতাংশ বাংলাদেশে। বাকি ৩৪ শতাংশ ভারতে। এ বন থেকে বাংলাদেশে প্রতিবছর মধু আহরণ হয় ৩০০ টন। কিন্তু ভারতে গত ৭ বছরের গড় হিসাবে প্রতিবছর মধু সংগ্রহ হয়েছে ১৫৭ টন। সুন্দরবনের অধিকাংশ জায়গা এবং মধু আহরণে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও জিআই স্বীকৃতি নিল ভারত।
