ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচ দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি হাতে নিয়েছে দলটি। ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির শিডিউলও প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত এই তালিকায় গোপালগঞ্জের নাম না থাকলেও ডিসেম্বরের শেষের দিকে সেখানে কর্মসূচি আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখেছে দলটির রাজনৈতিক পর্ষদ।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার জানান, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
গোপালগঞ্জের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জও রয়েছে। তবে এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি। ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি প্রস্তুত রয়েছে। এরপর যে কোনো দিন গোপালগঞ্জের কর্মসূচি চূড়ান্ত হতে পারে। তার ভাষ্য, গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আরও আলোচনা করা হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি নিয়ে নতুন করে ভাবনার পেছনে রয়েছে ২০২৫ সালের ১৬ জুলাইয়ের সহিংসতার স্মৃতি। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে সেদিন গোপালগঞ্জে যান দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কয়েকজন নেতার ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। একপর্যায়ে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিনের সহিংসতায় চারজনের প্রাণহানি ঘটে। ঘটনাটি শুধু এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করে।
এরপর ২০২৬ সালের জুলাইয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আবারও গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা করেছিল এনসিপি। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির প্রাথমিক তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংশোধিত তালিকা থেকে গোপালগঞ্জের নাম বাদ দেওয়া হয়।
তবে এবার গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখতে চায় না এনসিপি। বরং ৬৪ জেলাতেই কর্মসূচি পালনের সিদ্ধান্তের অংশ হিসাবে গোপালগঞ্জেও বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা রয়েছে। তবে আগের অভিজ্ঞতার কারণে এবার সেখানে কর্মসূচি আয়োজনের আগে সাংগঠনিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব।
