আড়াই কোটি টাকা ছিনতাই
জেলা ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ডিবি পুলিশের ইনস্পেকটর হাসমত উল্লাহ্ এ তথ্য জানিয়েছেন।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, শ্রীপুরে ৯ অক্টোবর মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকারের পথরোধের পর গুলি করে প্রায় আড়াই কোটি টাকা লুটের ঘটনায় জড়িত থাকায় সহযোগী রবিন আহমেদসহ নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শুক্রবার তার সহযোগী রবিন আহম্মেদকে (২২) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে পুলিশ গ্রেফতার করে। তার হেফাজত থেকে টাকা লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। রবিন ওই এলাকার ঢুলী মোস্তফার ছেলে। শনিবার তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
