যুক্তরাষ্ট্রে কারাতেকা শামিমার ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বয়স ৪৮। এই বয়সেও বিদেশে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের প্রথম ব্ল্যাক বেল্ট পাওয়া নারী কারাতেকা শামিমা আখতার তুলি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ‘দ্য ওজাওয়া কাপ’ টুর্নামেন্টের ভেটেরান্স ৪৫-৫৯ বছর ক্যাটাগরির কাতা ইভেন্টে অংশ নিয়ে পদক জেতেন তিনি। ৩০ দেশের প্রায় নয়শ কারাতেকা নৈপুণ্য প্রদর্শন করেন। এছাড়া শামিমার ছেলে লিওন ১৮-৩০ বছর ক্যাটাগরিতে কাতা ও কুমি ইভেন্টে দুটি ব্রোঞ্জপদক জেতেন। একটি টুর্নামেন্টে মা ও ছেলের তিনটি পদক জয় বাংলাদেশের ইতিহাসে প্রথম।
১৮ বছর বয়সের আগেই জাতীয় চ্যাম্পিয়ন হওয়া শামিমা ক্যারিয়ারে ১৯৮৯ থেকে ’৯৩ পর্যন্ত টানা পাঁচবার জাতীয় শিরোপা জিতেছেন। কারাতে ছাড়াও ইয়োগা, পিলাত, বডিবিল্ডিং, পাওয়ারলিফটিং, সাভাতে, কুংফু, ক্রাভ মাগার মতো বিভিন্ন ইভেন্টে খেলতে ১০টি দেশ ভ্রমণ করেছেন। ‘ব্যায়াম ছেড়ে দিলে কি মোটা হয়ে যাব?’ শীর্ষক একটি বইও লিখেছেন তিনি। এছাড়া নারীদের ব্যায়ামের জন্য ২০ বছর ধরে কমব্যাট জিম নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
শামিমা বলেন, ‘জাপান কারাতে অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সোতোকান কারাতের প্রতিষ্ঠাতা জাপানের ওসামু ওজাওয়ার নামে এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে আমি ও আমার ছেলে দুটি পদক জিতেছি, যা দেশের ইতিহাসে প্রথম। এভাবেই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শামিমা রত্নগর্ভা মা রওশন আরা বেগমের কনিষ্ঠ সন্তান। প্রফেসর ভাইবোনদের ভিড়ে তথাকথিত নিশ্চিত জীবিকার পথ না মাড়িয়ে বেছে নেন ব্যায়ামবিদ হওয়ার জীবন।
