অনেক দিক থেকেই ভুটান ঈর্ষণীয় দেশ
ডা. জাহেদ উর রহমান
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনা এখন আর খুব বড় আলোচনার বিষয় নয়। তাই পত্রিকার পাতার মতামত অংশে লেখার বিষয় হিসাবে করোনা এখন খুব বেশি গুরুত্ব দাবি করে না। কিন্তু একটি সংবাদ আমাকে বর্তমানের করোনা পরিস্থিতির প্রতি কিছুটা দৃষ্টি ফেরালো এবং বিশেষ করে অতীতের করোনা পরিস্থিতির দিকে ফিরিয়ে নিয়ে গেল। সেই প্রসঙ্গে পরে আসব। এ মুহূর্তেই করোনার একটি ঢেউ চলছে বাংলাদেশে। খুব বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা না হলেও বলা যায়, এটি করোনার সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন দিয়ে ঘটছে। টেস্টের তুলনায় পজিটিভ পাওয়ার অনুপাত ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। কিন্তু বিশ্বে করোনার যে পরিস্থিতি বাংলাদেশেও একই রকম বলা যায়।
ওমিক্রনের ভিরুলেন্স আগের যে কোনো সেরোটাইপের তুলনায় অনেক বেশি, অর্থাৎ এটি মানুষকে অনেক দ্রুত আক্রান্ত করতে পারে। কিন্তু মানুষের জন্য এ ভ্যারিয়েন্ট একটা আশাও তৈরি করেছে, আক্রান্তের তুলনায় গুরুতর অসুস্থ হওয়ার হার এ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে অনেক কম। আক্রান্ত রোগীদের খুব অল্পসংখ্যককেই হাসপাতালে যেতে হয় এবং সেখানে মৃত্যুর ঘটনাও ঘটে অনেক কম। বৈশ্বিক করোনার এমন পরিস্থিতিতেই ভুটানে করোনায় চতুর্থ মানুষটির মৃত্যু হয়েছে। দেশটির জনসংখ্যা যেহেতু এক মিলিয়নেরও বেশ খানিকটা কম (৮ লাখ); তাই এ মৃত্যুর হারকে মিলিয়নে কনভার্ট করলে হয় পাঁচ। এত অকল্পনীয় পরিমাণ কম মৃত্যুর দেশে সর্বশেষ মৃত্যুটি নিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং কী বলেছেন সেটি একটু দেখে নেওয়া যাক। মৃত্যুটির পর ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনায় আরও একটি মূল্যবান জীবন হারিয়েছি আমরা। এটি আমার কাছে বুলেটের আঘাতের মতো মনে হয়েছিল। আমি জাতির সঙ্গে শোক প্রকাশ করছি। আমাদের প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।’ একই ঘটনায় টুইট বার্তায় লোটে শেরিং যা বলেন, সেটি আরও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিল। এ সপ্তাহে করোনায় মৃত্যু একটি ‘তিক্ত স্মৃতি’। আমাদের আরও কিছু করতে হবে।’’
ভুটানের মাথাপিছু আয় তিন হাজার একশ ডলার, যা বাংলাদেশ সরকারের দাবিকৃত বাংলাদেশের মাথাপিছু আয়ের চেয়ে সামান্য বেশি। বৈশ্বিক অবস্থানে আয়ের দিক থেকে অনেক নিচুতে থাকা দেশটি করোনা মোকাবিলায় এক অবিশ্বাস্য পারদর্শিতা দেখিয়েছে। আমরা যখন আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ায় আর সব দেশের তুলনায় করোনা টিকা দেওয়ায় পিছিয়ে রয়েছি, তখন ভুটান তার সব প্রাপ্তবয়স্ক মানুষকে ২০২১ সালের মাঝামাঝি পূর্ণাঙ্গ (দুই ডোজ) টিকা দেওয়া শেষ করেছে। শুধু সেটাই নয়, করোনার পরীক্ষার ক্ষেত্রে ভুটান স্থাপন করেছে এক অবিশ্বাস্য মাইলফলক। ভুটানে যত করোনা টেস্ট করা হয়েছে, সেটাকে প্রতি ১০ লাখ মানুষের হিসাবে কনভার্ট করলে হয় ১৯ লাখ ১৪ হাজারের বেশি টেস্ট। অর্থাৎ গড়ে নাগরিকপ্রতি দুটি টেস্ট করেছে ভুটান। তাদের এ দেশটার পরিস্থিতি বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে তুলনা করা যাক। প্রতি ১০ লাখ মানুষের জন্য বাংলাদেশ করেছে ৭৫ হাজারের কিছু বেশি টেস্ট। অর্থাৎ ভুটান আমাদের তুলনায় টেস্ট করেছে ২৫ গুণ। প্রতি ১০ লাখে পাঁচজনের মৃত্যুর বিপরীতে বাংলাদেশ এ সংখ্যা ১৭০। যদিও যৌক্তিকভাবেই আমরা জানি, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা এ সংখ্যাটির কয়েক গুণ হবে।
করোনা নিয়ে শুরু থেকেই সরকারের কার্যক্রম বাংলাদেশের মতো রাষ্ট্রের মানদণ্ডে যেমন হওয়ার কথা তা ছিল না। করোনা মোকাবিলায় আর্থিক বরাদ্দের অভাব ছিল। সেই সঙ্গে করোনা হয়েছিল চরম ব্যবস্থাপনাগত অদক্ষতা আর অযোগ্যতার সাক্ষী। প্রথম ঢেউ চলে যাওয়ার পরও আমরা দেখেছি হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ দূরে থাকুক, ছিল না অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও। মৃত্যুর একটা বড় অংশ হয়েছিল চিকিৎসার অভাবে। লকডাউনের সময় খেটে খাওয়া মানুষের বীভৎস দুর্দশা আমরা দেখেছি, কারণ সেসব মানুষের জন্য ন্যূনতম খাদ্য এবং অর্থ সাহায্য দেওয়া হয়নি।
এমন সময়ে বাংলাদেশের সরকার তার নাগরিকদের করোনার অসুস্থতা থেকে, করোনা-দারিদ্র্য থেকে রক্ষার জন্য পর্যাপ্ত জরুরি পদক্ষেপ নেয়নি, যখন দেশটির সরকার নিজেদের উন্নয়নের রোল মডেল বলে দাবি করেছে। যৌক্তিক বাজেটের তুলনায় কয়েক গুণ বেশি ব্যয়ের কিছু প্রকল্প দেখিয়ে সরকার এ দাবি করে গেছে সবসময়। পুরো ঘটনার সময়টা সরকার নানামুখী সমালোচনায় পড়েছিল। এ সমালোচনা এসেছে বিরোধী দলগুলোর দিক থেকে তো বটেই, নাগরিক সমাজও নানা ইস্যুতে সমালোচনামুখর হয়েছিলেন। অবিশ্বাস্যভাবে এমন কিছু মানুষও সরকারের করোনা ব্যবস্থাপনার নানা দিকের সমালোচনা করেছিলেন, যারা সরকারেরই গঠিত করোনা মোকাবিলার কমিটিগুলোর সদস্য ছিলেন।
ওদিকে করোনা মোকাবিলায় অবিশ্বাস্য সাফল্যের পরও একটি মৃত্যু কাঁপিয়ে দেয় ভুটানের প্রধানমন্ত্রীকে। বুকে বুলেটের আঘাত পাওয়ার মতো কষ্ট নিয়ে তিনি স্বীকার করেন মহামারি মোকাবিলায় তাদের আরও চেষ্টা করা উচিত ছিল। অতি দীর্ঘকালীন গণতন্ত্রের চর্চা করা ইউরোপ-আমেরিকা নয়, পৃথিবীর নবীনতম গণতন্ত্রের একটি দেশ-ভুটানের প্রধানমন্ত্রীর মন্তব্য এটা-ভালোভাবে না জানলে তো অনেকের বিশ্বাসই হতো না।
আমরা না জানলে অনেকের কাছে এটি অবিশ্বাস্য লাগবে, আমাদের চেয়ে সামান্য বেশি মাথাপিছু আয়-এর ভুটান তার প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যের নিশ্চয়তা দেয়। ভুটানে প্রতিটি নাগরিকের ওষুধসহ সব রকম চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করে রাষ্ট্র। আমাদের অনেকের চোখ কপালে উঠবে এটি জেনে, এমনকি কোনো নাগরিকের যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়, সেই খরচও রাষ্ট্রই বহন করে। আর বাংলাদেশের চাঁদপুরে এই তো সেদিন একজন শ্রমিকের স্ত্রী হাসপাতালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালের ২৬ হাজার টাকা বিল দিতে না পেরে শিশুকে বিক্রি করে দিয়েছিলেন। শুধু চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে নেমে যায় অন্তত ৬৫ লাখ মানুষ।
ভুটানের প্রধানমন্ত্রী দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি পাওয়ার পর সার্জারি বিশেষজ্ঞ হয়েছেন বাংলাদেশ থেকেই। মেডিকেল শিক্ষা এবং কিছু ভৌত চিকিৎসা অবকাঠামো আমাদের দেশে ভুটানের চেয়ে ভালো নিশ্চয়ই। কিন্তু আমরা এ ক্ষেত্রেই ভুটানের চেয়ে পিছিয়ে আছি অনেক দিক থেকে। চিকিৎসার কথা কেন বলছি-গণতন্ত্রের মান, মতপ্রকাশের স্বাধীনতা, দুর্নীতির সূচক ইত্যাদি নানা ক্ষেত্রে ভুটান আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে।
ভুটানের প্রধানমন্ত্রী একজন মাত্র করোনা রোগীর মৃত্যুতে যা বলেছেন, হতেই পারে সেটি একেবারে ব্যক্তিগত অনুভূতি থেকে বলেছেন। আবার যেহেতু ভুটান একটি গণতান্ত্রিক দেশ, মেয়াদ শেষে যেহেতু একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাই এটিও হতে পারে রাজনৈতিক হিসাব-নিকাশ থেকেই তিনি এমন উক্তি করেছেন। বাস্তব কারণ যেটাই হোক না কেন, দিনের শেষে জনগণ উপকৃত হয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা থাকলেই জনগণ তার প্রাপ্য পাওয়ার পরিস্থিতি তৈরি হয়। জনগণের কাছে জবাবদিহিতার এ জায়গাটি যখন চলে যায়, তখন তার ফলাফল কী হয় তার অসাধারণ উদাহরণ হতে পারে বর্তমান বাংলাদেশ।
ভুটান দেশটি বহু দেশের চেয়ে আলাদা আমরা অনেকেই জানি না সেটি। দেশটির রাজা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়েছেন। জনগণই গণতন্ত্র চায়নি, কিন্তু সাবেক রাজা জিগমে সিংঘে ওয়াংচুক তার পুত্র ও বর্তমান রাজা জিগমে খেসার ওয়াংচুককে সঙ্গে করে দীর্ঘ সময় নিয়ে প্রত্যন্ত পাহাড়ি পথ পেরিয়ে নিজে গিয়ে জনগণকে বুঝিয়ে সেটি করেছেন।
ভুটান শুধু দেশের অর্থনীতি পরিমাপ করে (জিডিপি, জিএনআই ইত্যাদি) দেশের মানুষের অবস্থা বোঝার চেষ্টাকে ভুল মনে করে। তাই জনগণের জীবনে সুখ পরিমাপের জন্য মানদণ্ড তৈরি করে সেটি পরিমাপ করেন তারা। এটাই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস (জিএনএইচ)। এমন চিন্তা করেই বসে থাকেনি ভুটান, সামগ্রিক জাতীয় সুখ বৃদ্ধি করার সব শর্ত রাষ্ট্র নিশ্চিত করবে এমন ধারা যুক্ত করে ২০০৮ সালে সংবিধান সংশোধন করেছে। এর জন্য একটি আলাদা মন্ত্রণালয়ই আছে ‘সুখ মন্ত্রণালয়’ নামে। নিয়মিতভাবে জনগণের সুখ পরিমাপ করেন তারা।
সারা বিশ্ব আজ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে চিন্তিত। তাই কার্বন নিঃসরণ কমানোর জন্য প্রচুর কথা শোনা যায় চারদিকে। সারা পৃথিবী যখন কথা বলছে, কে কতটা কার্বন কমাবে সেই বিতর্ক করে সময় নষ্ট করছে, তখন ভুটান কাজটি করে দেখিয়েছে। পৃথিবীর একমাত্র দেশ ভুটান যেটি কার্বন নেগেটিভ। অর্থাৎ তারা যত কার্বন তৈরি করেন, শুষে নেন তার চেয়ে বেশি। দেশের কমপক্ষে ৬০ শতাংশ বনভূমি দিয়ে আবৃত থাকবে-এমন বাধ্যবাধকতা আছে দেশটির সংবিধানেই। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার জন্য দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের এক বিরাট খাত পর্যটনকে নিয়ন্ত্রণ করেন তারা, এমনকি নিয়ন্ত্রণ করেন অনেক উন্নয়ন প্রকল্পকেও। দেশটি নিয়ে বলার আছে আরও অনেক কথা, বলা যাবে অন্য কোনোদিন অন্য কোনো কলামে।
ডা. জাহেদ উর রহমান : অ্যাক্টিভিস্ট
