শতফুল ফুটতে দাও
কঠিন সময়ে যোগ্য নেতা
ড. মাহবুব উল্লাহ্
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী। এই জন্মদিনে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হন, যার ফলে তিনি জাতির সেবা করার যে কঠিন দায়িত্ব নিয়েছেন, সেই কঠিন দায়িত্ব সুচারুভাবে পালন করতে সক্ষম হবেন।
জনাব তারেক রহমান, যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, তিনি রাজনীতিকেই পেশা এবং নেশা হিসাবে বেছে নিয়েছেন। তিনি অন্য কোনো পেশায়ও চেষ্টা করলে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তিনি দেশগঠনের কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এবং বাংলাদেশের মতো একটি দেশের জন্য এ দায়িত্ব পালন যে কত কঠিন এবং বিপজ্জনক, তা তারেক রহমানের জীবনকাহিনি দেখলে বা পড়লে বোঝা যায়। রাজনীতিতে আসার কারণেই তাকে কারাবরণ করতে হয়েছে, তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাকে বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। তিনি বিদেশ থেকেই তার দল পরিচালনা করেছেন এবং যোগ্যতার সঙ্গে সুষ্ঠুভাবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। এজন্য তিনি নিঃসন্দেহে প্রশংসা পাবেন। তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এ মুহূর্তে তিনি দেশের দায়িত্বে রয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতিহাসের এক সন্ধিক্ষণে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন এবং তা কোনো স্বৈরাচারী পদ্ধতিতে নয়, জোর-জবরদস্তির মাধ্যমে নয়; একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন এবং জনগণ তার স্কন্ধে এ দায়িত্ব অর্পণ করেছে।
এ দায়িত্ব পালন করতে গিয়ে আজ তিনি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের হুমকির সম্মুখীন হয়েছেন, যারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্টদের দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, তা সত্ত্বেও তারা দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গোপালগঞ্জে যে সহিংসতা করেছে এবং করছে-তা নজিরবিহীন। এটা কোনোক্রমেই সুস্থ আন্দোলন হতে পারে না। এটা দেশদ্রোহিতার শামিল। তাই তারেক রহমানকে এ দেশদ্রোহিতামূলক কার্যকলাপ দমন করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য কঠিন দায়িত্ব পালন করতে হবে। এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিষ্ঠা, সততা এবং প্রজ্ঞার পরিচয় দেবেন-এটাই জনগণের আশা।
এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার। তিনি ইতোমধ্যে সেই ঐক্যের ডাক দিয়েছেন। এখন তার কর্তব্য হচ্ছে, সেই ঐক্যকে সত্যিকার অর্থে বাস্তব রূপ দান করা এবং সেটাকে একটা সক্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত করা। ঐক্য এমন একটা শক্তি, যা এটম বোমার চেয়েও শক্তিশালী। দেশের সংকট মুহূর্তে ঐক্য সৃষ্টি হলে অসাধ্য সাধন করা সম্ভব। যার প্রমাণ আমরা পেয়েছি ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের সময় এবং এ অভ্যুত্থানে ব্যাপক ছাত্র-যুবক, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত জীবন দিয়ে সে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। বিশ্বে এ ধরনের আন্দোলন আরও ব্যাপক সংখ্যায় হয়েছে, এমনটি বলা যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টান্ত একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি যে অবস্থায় দায়িত্ব নিয়েছেন, সে সময় দেশের অর্থনীতি পর্যুদস্ত ও ভঙ্গুর। দেশের ব্যাংকগুলো থেকে তহবিল লুণ্ঠন হয়ে গেছে এবং সেই লুণ্ঠনে যারা অংশগ্রহণ করেছিল-যাদের অলিগার্ক বলা হয়, তারা সে কাজটি করেছে রাষ্ট্রের তখনকার সর্বোচ্চ কার্যনির্বাহীর ইঙ্গিতেই। তার প্রশ্রয় না পেলে এটা করা সম্ভব হতো না। নানাদিক থেকে অর্থনীতি বিপর্যস্ত। দুর্নীতি এবং অনিয়মের ফলে অর্থনীতির অবস্থা খুবই সঙ্গীন, বিশেষ করে ব্যাংকিং এবং ফিন্যান্সিয়াল সেক্টরে।
তাই তারেক রহমানের ওপর এটা একটা কঠিন দায়িত্ব এবং অর্থনীতির এ অচল অবস্থার মধ্য দিয়ে খুব দ্রুত কোনো সাফল্য অর্জন করা কঠিন এবং তেমন সাফল্য কামনা করা উচিত নয়। তাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। বিশেষ করে যে পুলিশবাহিনী স্বৈরাচারের পক্ষে অস্ত্র ধরেছিল, তারা এখনো আছে এবং দেশের আইন অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যাপক কোনো পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। এদের মোরাল অত্যন্ত নিুমাত্রায় পৌঁছেছে। তাদের পেশাদারি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তারপরও তারেক রহমান কঠোর পরিশ্রম করছেন এবং দ্রুত সাফল্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাকে বিভিন্ন দিক খেয়াল রাখতে হচ্ছে, জনপ্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ এবং আরও বিভিন্ন বাহিনী-সবকিছুর ওপর তাকে নজর রাখতে হচ্ছে। ফ্যাসিস্টরা যেভাবে দলীয়করণ করেছে, সেই পরিস্থিতিতে এদের নিয়ে চলা অত্যন্ত কঠিন। সাধারণ মানুষকে ব্যাপারটা বুঝতে হবে যে, আমরা একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছি এবং সেই সংকটকালে কাণ্ডারীর ভূমিকা পালন করছেন তারেক রহমান।
ইতোমধ্যে তারেক রহমান সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি কৃচ্ছ্রসাধন করছেন, তার খাওয়াদাওয়া, চালচলন ইত্যাদিতে। অর্থাৎ সুনাগরিকের যে আচরণ হওয়া উচিত, সেরকম দৃষ্টান্ত তিনি স্থাপন করে দেখাচ্ছেন। তিনি চেষ্টা করছেন তরুণ এবং শিশুদের মধ্যে পৌঁছানোর জন্য এবং তাদের সঙ্গে কথা বলে তাদের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তোলা এবং তাদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করার জন্য তিনি ভূমিকা পালন করছেন।
জনাব তারেক রহমান রাষ্ট্রীয় যে দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্ব এক কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতিতে নিয়েছেন। এখানে অনেকে বলে, এরকম ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করা শ্রেয়। কিন্তু প্রশ্ন জাগে, এ ভারসাম্য কার সঙ্গে? নিঃসন্দেহে যারা আমাদের এই রাষ্ট্রের অমঙ্গল কামনা করে, এ রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার প্রয়াস পাচ্ছে পদে পদে, নিশ্চয়ই তাদের সঙ্গে আমরা ভারসাম্য রক্ষা করব না। সেখানে আমাদের জাতীয়তাবোধ জাগ্রত করে, জাতীয় ঐক্যের চেতনাকে শানিত করে আমরা এ প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করব। যারা আমাদের বন্ধুরাষ্ট্র, তাদের সঙ্গে আমরা সম্পর্ক আরও নিবিড় করব।
তারেক রহমানকে অনেক সংস্কার করতে হবে, যেই সংস্কারগুলো করলে দেশে গণতন্ত্রের ভিত মজবুত হবে এবং স্বাধীনভাবে সার্বভৌমত্ব সুসংহত হবে। আজ জন্মদিনের শুভক্ষণে তার মঙ্গল কামনা করে, তার সাফল্য কামনা করে আমি বলব, তিনি যেন আগামী দিনে এই কঠিন পথ পাড়ি দিতে গিয়ে সফলতা লাভ করেন এবং সৃষ্টিকর্তার যে আশীর্বাদ, সেই আশীর্বাদে পুষ্ট হয়ে তিনি এই দেশের ১৮ কোটি মানুষের জীবনে সুখ, শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
ড. মাহবুব উল্লাহ্ : জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ
