মজুরি বাড়ানোর আগে ব্যয়ের হিসাব কষুন
ড. এমএ মান্নান
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগের এক নিবন্ধে অভিন্ন ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির পরিবর্তে তিনটি অঞ্চলের জন্য যথাক্রমে ১৫ হাজার ২৫০, ১৪ হাজার এবং ১৩ হাজার ১২৫ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠেছে-চীন ও ইন্দোনেশিয়া যদি তৈরি পোশাক শ্রমিকদের তুলনামূলক বেশি মজুরি দিতে পারে, তাহলে বাংলাদেশ পারবে না কেন? এর উত্তর সহজ, কিন্তু প্রায়ই উপেক্ষিত একটি বাস্তবতার মধ্যে নিহিত। বাংলাদেশ সমান প্রতিযোগিতার ক্ষেত্র বা ‘লেভেল প্লেয়িং ফিল্ডে’ প্রতিদ্বন্দ্বিতা করছে না। উৎপাদন ব্যয়ের একটি অংশ মাত্র শ্রমিকের মজুরি। মজুরি পরিশোধের আগেই বাংলাদেশের কারখানাগুলোকে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়। ন্যূনতম মজুরি বোর্ডের এ বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া জরুরি।
গভীর সমুদ্রবন্দরের অভাব : আমাদের সবচেয়ে বড় দুর্বলতা : চীন, সাংহাই, শেনজেন ও নিংবোর মতো বন্দরে সরাসরি বড় আকারের মাদার ভেসেলে পণ্যভর্তি কনটেইনার জাহাজীকরণ করতে পারে। ইন্দোনেশিয়াও প্রায় একই ধরনের সুবিধা ভোগ করে। অন্যদিকে বাংলাদেশ এখনো চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল। দেশের প্রায় ৯৮ শতাংশ কনটেইনারজাত পণ্য এ বন্দর দিয়ে পরিবাহিত হলেও এখানে সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ ভেড়ানোর সুযোগ নেই। ফলে বেশিরভাগ রপ্তানি কনটেইনার প্রথমে ফিডার জাহাজে করে সিঙ্গাপুর অথবা পোর্ট ক্লাংয়ে নিতে হয়। সেখানে বড় জাহাজে আবার স্থানান্তরের পর গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু হয়। প্রতিবার অতিরিক্ত পণ্য ওঠানো-নামানোর সঙ্গে বাড়ে ব্যয়, সময়ক্ষেপণ ও ঝুঁকি।
দীর্ঘতর শিপিং সময় : তৈরি পোশাকের আন্তর্জাতিক বাণিজ্যে শুধু দামই প্রতিযোগিতার নির্ধারক নয়; সঠিক সময়ে সঠিক পণ্য সরবরাহ করাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সমুদ্রপথে পণ্য পৌঁছাতে আনুমানিক ২৫ থেকে ৪২ দিন লাগে। অথচ চীন থেকে একই গন্তব্যে সময় লাগে ১৪ থেকে ৩০ দিন। ইউরোপের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে। প্রথমে সিঙ্গাপুর বা পোর্ট ক্লাংয়ে পণ্য স্থানান্তর, এরপর সুয়েজ খাল হয়ে দীর্ঘ সমুদ্রযাত্রা-সব মিলিয়ে সময় বেশি লাগে। বড়দিন কিংবা গ্রীষ্মকালীন মৌসুম সামনে রেখে যেসব ক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য চান, তারা অতিরিক্ত দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে রাজি নন। বাংলাদেশ সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থ হলে ক্রয়াদেশ চলে যায় ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ায়। প্রস্তাবিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, যার নির্মাণকাজ বর্তমানে প্রায় ৩০ শতাংশ সম্পন্ন এবং ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে, ভবিষ্যতে এ সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে।
উচ্চতর শিপিং খরচ : ফিডার জাহাজ ও মাদার ভেসেল-দুই ধরনের জাহাজের ভাড়া এবং দ্বিগুণ পণ্য ওঠানো-নামানোর ব্যয় বহন করতে হয় বলে আন্তর্জাতিক নৌপরিবহণ ভাড়া বাড়লে বাংলাদেশ সবচেয়ে বেশি চাপে পড়ে। ২০২৬ সালের অক্টোবরে চট্টগ্রাম থেকে নিউইয়র্কে ২০ ফুট কনটেইনার পরিবহণের ভাড়া সর্বোচ্চ ১১ হাজার ৮০০ মার্কিন ডলার এবং ৪০ ফুট কনটেইনারের ভাড়া ১২ হাজার ৯০০ ডলার পর্যন্ত নির্ধারিত হয়েছিল। চীন ও ইন্দোনেশিয়াকে একই ধরনের ব্যয় কাঠামোর মুখোমুখি হতে হয় না।
আমাদের প্রায় সবকিছুই আমদানি করতে হয় : চীন নিজেরাই তৈরি করে কাপড়, সুতা, বোতাম, জিপার ও যন্ত্রপাতি। ইন্দোনেশিয়ারও তুলনামূলক শক্তিশালী দেশীয় টেক্সটাইল ভিত্তি আছে। বাংলাদেশকে তার ওভেন ফ্যাব্রিক, রাসায়নিক ও আনুষঙ্গিক সামগ্রীর ৮০ শতাংশের বেশি আমদানি করতে হয়। এতে শুল্ক, বন্দর খরচ, পরিবহণ ও অর্থায়নের খরচ দুই প্রান্তেই বহন করতে হয়। যেসব প্রতিযোগী দেশের উৎপাদনব্যবস্থায় কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত সমন্বিত সরবরাহশৃঙ্খল রয়েছে, তারা তুলনামূলক কম ব্যয়ে দ্রুত পণ্য উৎপাদন ও সরবরাহ করতে পারে। তাদের ক্ষেত্রে অনিশ্চয়তাও কম।
জ্বালানি অনিশ্চয়তা, উচ্চ সুদের হার ও লিড টাইম : বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত। চীন, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার তুলনায় ব্যাংক ঋণের সুদের হারও অনেক বেশি। ফলে আমদানি থেকে রপ্তানি পর্যন্ত ৯০ থেকে ১২০ দিনের উৎপাদনচক্রে প্রয়োজনীয় চলতি মূলধন সংগ্রহ করতে বাংলাদেশের উদ্যোক্তাদের বাড়তি ব্যয় বহন করতে হয়। শিল্প খাতের সাম্প্রতিক এক মূল্যায়নে দেখা গেছে, ২০২১ সালের পর থেকে জ্বালানি ব্যয় ৬৫ থেকে ৭৫ শতাংশ বেড়েছে। এর ফলে মুনাফা কমেছে ২৫ থেকে ৩৫ শতাংশ। গ্যাসের সংকটে উৎপাদন কমেছে ২৫ থেকে ৩০ শতাংশ এবং কারখানাগুলোর ৪০ থেকে ৫০ শতাংশ যন্ত্রপাতি অলস পড়ে থাকছে। এর পাশাপাশি পণ্য স্থানান্তর ও বন্দরের যানজটের কারণে উৎপাদন ও সরবরাহের সময়সীমা আরও দুই থেকে তিন সপ্তাহ বেড়ে যায়। আন্তর্জাতিক ক্রেতারা এখন কম সময়ে পণ্য সরবরাহ এবং নির্ভরযোগ্য ডেলিভারি প্রত্যাশা করেন। ফলে উৎপাদন ব্যয় তুলনামূলক কম হলেও সময়মতো পণ্য দিতে না পারলে ক্রয়াদেশ হারাতে হয়।
সস্তা শ্রমই আমাদের একমাত্র অবশিষ্ট সুবিধা-এটি হারালে আমরা সব হারাব : চীনের রয়েছে গভীর সমুদ্রবন্দর, পূর্ণাঙ্গ সরবরাহশৃঙ্খল, উন্নত প্রযুক্তি, দ্রুত পণ্য সরবরাহ এবং সহজলভ্য অর্থায়নের সুবিধা। ইন্দোনেশিয়ার রয়েছে বন্দর, কাঁচামাল এবং তুলনামূলক দ্রুত পণ্য পরিবহণের সক্ষমতা। ভিয়েতনামের আছে বন্দর, বিদেশি বিনিয়োগ ও স্থিতিশীল জ্বালানি। বাংলাদেশ এসব সুবিধার কোনোটিই সমপর্যায়ে অর্জন করতে পারেনি। আমাদের হাতে এখনো যে সুবিধাটি অবশিষ্ট রয়েছে, তা হলো তুলনামূলক কম শ্রমব্যয়। কাঠামোগত সমস্যাগুলোর সমাধান না করে হঠাৎ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা হলে ক্রেতারা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবেন-প্রতিযোগী দেশগুলো যখন উন্নত পরিবহণব্যবস্থা ও দ্রুত পণ্য সরবরাহের সুবিধা দিয়ে তুলনামূলক বেশি মজুরি দিতে পারছে, তখন তারা বাংলাদেশে ক্রয়াদেশ দেবেন কেন? এর পরিণতিতে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে, কারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহার কমতে পারে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিদ্যুতের অনিশ্চয়তার অদৃশ্য মাশুল : চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের কারখানাগুলো সাধারণত স্থিতিশীল জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা পায়; কিন্তু বাংলাদেশের অনেক কারখানাকে এখনো লোডশেডিংয়ের মুখোমুখি হতে হয়। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়, যার মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের খরচ গ্রিডের বিদ্যুতের তুলনায় দুই থেকে তিনগুণ হতে পারে। চীনে উৎপাদিত একটি শার্ট তুলনামূলক কম দামে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা পায়। একই শার্ট বাংলাদেশে উৎপাদন করতে গেলে জেনারেটরের জ্বালানি ব্যয় এবং বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন বন্ধের বাড়তি মাশুল যুক্ত হয়।
তিন অঞ্চলভিত্তিক মজুরিকাঠামো শিল্পের বিকেন্দ্রীকরণে সহায়ক হতে পারে : সারা দেশে অভিন্ন মজুরি নির্ধারণ করা হলে অতিরিক্ত জনবহুল ঢাকা থেকে কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার প্রণোদনা খুব একটা তৈরি হয় না। অথচ তিন অঞ্চলভিত্তিক মজুরিকাঠামো চালু করা হলে শিল্পের বিকেন্দ্রীকরণের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ব্যবস্থায় ঢাকা ও চট্টগ্রামে তুলনামূলক বেশি, মধ্যবর্তী অঞ্চলগুলোতে মাঝারি এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনার মতো অঞ্চলে অপেক্ষাকৃত কম ন্যূনতম মজুরি নির্ধারণ করা যেতে পারে। এতে কম দামের জমি ও বাড়িভাড়ার সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তারা ঢাকার বাইরে শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত হবেন।
টেকসই মজুরি নির্ধারণে চাহিদা ও জোগানের বাস্তবতা বিবেচনা করতে হবে : শ্রমিকদের ন্যায্য মজুরি এবং সম্মানজনক জীবনযাপনের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে মজুরিনীতি নির্ধারণের সময় কারখানাগুলো যে বাস্তবতার মধ্যে পরিচালিত হয়, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি। যখন বেকারত্ব কম থাকে এবং শ্রমিক নিয়োগের জন্য কারখানাগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই মজুরি বাড়ে এবং সেই বৃদ্ধি অধিকতর টেকসই হয়; কিন্তু বাংলাদেশে এখনো বেকারত্ব ও অপ্রতুল কর্মসংস্থানের সমস্যা রয়েছে। একই সময়ে কারখানাগুলো উচ্চ পরিবহণ ব্যয়, জ্বালানি সংকট ও অর্থায়নের বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় হঠাৎ করে সবার জন্য অভিন্ন ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অনেক কারখানা উৎপাদন কমাতে কিংবা বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। তাতে যে শ্রমিকদের কল্যাণের কথা ভেবে মজুরি বাড়ানোর উদ্যোগ, শেষ পর্যন্ত তারাই কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন।
সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না : বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ খাত থেকে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এবং জিডিপিতে এর অবদান প্রায় ১০ শতাংশ। এ শিল্পের সাফল্যের অন্যতম ভিত্তি হলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহের সক্ষমতা। মজুরি যদি এমন পর্যায়ে বাড়ানো হয়, যাতে পণ্য উৎপাদন ও ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার সামগ্রিক ব্যয় প্রতিযোগিতার সক্ষমতা হারায়, তাহলে ক্রেতারা দ্রুত অন্য দেশে চলে যাবেন। এ বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই।
ন্যূনতম মজুরি বোর্ডের উচিত শুধু মজুরির অঙ্কের দিকে না তাকিয়ে বাংলাদেশে ব্যবসা পরিচালনার সামগ্রিক ব্যয় পর্যালোচনা করা। শ্রমিকদের প্রতি ন্যায়বিচার এবং দেশের কাঠামোগত সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ-এ দুটি পরস্পরবিরোধী বিষয় নয়; বরং প্রতিযোগিতার সক্ষমতা ও উৎপাদন ব্যয়ের বাস্তবতা উপেক্ষা করে মজুরিনীতি নির্ধারণ করা হলে যে কর্মসংস্থান ও শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষার উদ্দেশ্যে এ নীতি নেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত তা-ই হুমকির মুখে পড়তে পারে।
ড. এমএ মান্নান : সাবেক সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)
