দেশীয় বিনিয়োগেই হোক নিজস্ব এআই অবকাঠামো
সালেহ মোবিন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে বিদেশি ঋণের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়ার প্রয়োজন আছে কি? আমার বিশ্বাস, আমাদের দেশেই রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ অপারেটর, স্থানীয় ক্লাউড সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, ডেটা সেন্টার, সফটওয়্যার কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান এবং হাজার হাজার দক্ষ তথ্যপ্রযুক্তি পেশাজীবী। প্রয়োজন শুধু সমন্বিত উদ্যোগ, সঠিক নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা।
সম্প্রতি বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার উদ্যোগের খবর সামনে এসেছে। প্রশ্ন হলো, এ অর্থের একটি বড় অংশ কি আমরা নিজেরাই দেশীয় বিনিয়োগের মাধ্যমে সংগ্রহ করতে পারি না? পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে বাংলাদেশের নিজস্ব অর্থায়ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে এ খাতে বড় ধরনের বিনিয়োগ গড়ে তোলা সম্ভব। এ বিষয়ে সাতটি প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।
১. জাতীয় এআই ও সাইবার নিরাপত্তা কনসোর্টিয়াম গঠন
বাংলাদেশের স্থানীয় ক্লাউড সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানি, ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি জাতীয় কনসোর্টিয়াম গঠন করা যেতে পারে। এ উদ্যোগে ক্লাউড কোম্পানিগুলো সরবরাহ করবে কম্পিউটিং ক্ষমতা, তথ্য সংরক্ষণ ও প্রযুক্তিগত অবকাঠামো। ডেটা সেন্টার প্রতিষ্ঠানগুলো দেবে সার্ভার ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা। সফটওয়্যার কোম্পানিগুলো তৈরি করবে বাংলা ভাষাভিত্তিক এআই মডেল ও বিভিন্ন অ্যাপ্লিকেশন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করবে ডিজিটাল তথ্য ও অবকাঠামোর নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো কাজ করবে এআই গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়ন নিয়ে।
২. দেশীয় প্রযুক্তি উন্নয়ন বন্ড চালু
সরকারের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ করে জাতীয় এআই ও সাইবার নিরাপত্তা উন্নয়ন বন্ড চালু করা যেতে পারে। এতে অংশগ্রহণ করতে পারবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, বড় করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ তহবিল এবং প্রবাসী বাংলাদেশিরা। উদাহরণস্বরূপ, প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার একটি প্রযুক্তি উন্নয়ন বন্ড ইস্যু করা যেতে পারে। এটি অনুদান নয়, বরং ফেরতযোগ্য বিনিয়োগ। তাই এর মেয়াদ, মুনাফা, ঝুঁকি, অর্থ ব্যবহারের ক্ষেত্র এবং পরিশোধ কাঠামো হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও জবাবদিহিমূলক।
৩. শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট বিনিয়োগ তহবিল
টেলিযোগাযোগ, ব্যাংক, তৈরি পোশাকশিল্প, উৎপাদনশিল্প, ই-কমার্স এবং বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগে বিনিয়োগে উৎসাহিত করা যেতে পারে। কারণ ভবিষ্যতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সক্ষমতা নির্ভর করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং এবং সাইবার নিরাপত্তার ওপর। দেশের বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যদি নিজেদের ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে, তাহলে জাতীয় প্রযুক্তি অবকাঠামো তৈরির পাশাপাশি তারাও উপকৃত হবে।
৪. জাতীয় এআই উন্নয়ন তহবিল গঠন
সরকারি-বেসরকারি অংশীদারত্বে একটি জাতীয় এআই উন্নয়ন তহবিল গঠন করা যেতে পারে। এ তহবিলের অর্থ ব্যবহারের খাতগুলো হবে : নিজস্ব বাংলা ভাষাভিত্তিক এআই মডেল তৈরি; বাংলা ভাষার ডিজিটাল তথ্যভান্ডার উন্নয়ন; কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির প্রয়োগ; এআই স্টার্টআপ ও গবেষণায় অর্থায়ন; সাইবার নিরাপত্তা গবেষণা ও সাইবার হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো; এআই প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি তৈরি।
৫. সরকারি-বেসরকারি অংশীদারত্বে অবকাঠামো তৈরি
সরকার জমি, নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অনুমোদন এবং দীর্ঘমেয়াদি সেবা ক্রয়ের নিশ্চয়তা দিতে পারে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ, প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দায়িত্ব নিতে পারে। এ অংশীদারত্বের মাধ্যমে গড়ে তোলা সম্ভব-জাতীয় এআই ডেটা সেন্টার।
আঞ্চলিক ক্লাউড অবকাঠামো। জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালনা কেন্দ্র। এআই গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র। প্রযুক্তি গ্রাম বা প্রযুক্তি উন্নয়ন অঞ্চল।
৬. আগাম সেবা ক্রয়ের প্রতিশ্রুতিভিত্তিক বিনিয়োগ মডেল
দেশের ৫০০টি বড় প্রতিষ্ঠানকে নিয়ে একটি বিশেষ উদ্যোগ নেওয়া যেতে পারে। তারা আগামী পাঁচ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ ক্লাউড, এআই ও সাইবার নিরাপত্তা সেবা ব্যবহারের প্রতিশ্রুতি দেবে। এ প্রতিশ্রুতির ভিত্তিতে দীর্ঘমেয়াদি সেবা চুক্তি অথবা পৃথক বিনিয়োগ চুক্তি করা যেতে পারে। এর ফলে প্রকল্প শুরু হওয়ার আগেই সম্ভাব্য গ্রাহক, সেবার চাহিদা এবং ভবিষ্যৎ আয়ের একটি ভিত্তি তৈরি হবে। বিনিয়োগকারীদের ঝুঁকিও তুলনামূলকভাবে কমানো সম্ভব হবে।
৭. প্রবাসী বাংলাদেশিদের প্রযুক্তি বিনিয়োগ নেটওয়ার্ক
বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে একটি বাংলাদেশ প্রযুক্তি বিনিয়োগ নেটওয়ার্ক গঠন করা যেতে পারে। তারা শেয়ারভিত্তিক বিনিয়োগ, ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রচলিত আইনসম্মত বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি উন্নয়নে অংশ নিতে পারবেন। এতে দেশে বিনিয়োগ আসার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। আমার প্রস্তাবিত ২৫ কোটি ডলারের দেশীয় অর্থায়ন পরিকল্পনা নিচে ২৫ কোটি মার্কিন ডলারের একটি সম্ভাব্য দেশীয় অর্থায়ন কাঠামো তুলে ধরছি। এটি কোনো প্রতিষ্ঠানের নিশ্চিত বিনিয়োগের প্রতিশ্রুতি নয়; বরং আলোচনার জন্য একটি প্রাথমিক প্রস্তাব।
হিসাবের সুবিধার্থে প্রতি মার্কিন ডলারের মূল্য ১২২ টাকা ধরা হয়েছে।
অর্থায়নের সম্ভাব্য উৎস লক্ষ্যমাত্রা
স্থানীয় ক্লাউড ও আইটি কনসোর্টিয়াম ৪ কোটি ডলার, শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট বিনিয়োগ ৫ কোটি ডলার, প্রযুক্তি উন্নয়ন বন্ড, ৬ কোটি ডলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৪ কোটি ডলার, সরকার ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব ৩ কোটি ডলার, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ১.৫ কোটি ডলার, এআই উদ্ভাবন ও ভেঞ্চার ক্যাপিটাল তহবিল ১.৫ কোটি ডলার, সর্বমোট ২৫ কোটি ডলার।
মোট অর্থের পরিমাণ : ২৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫০ কোটি টাকা।
এটি একটি প্রাথমিক লক্ষ্যমাত্রা। বাজার যাচাই, বিনিয়োগ সক্ষমতা, আর্থিক সম্ভাব্যতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত অর্থায়ন কাঠামো নির্ধারণ করতে হবে।
বাস্তবায়ন পরিকল্পনা
প্রথম পর্যায় : প্রথম ৬ মাস
জাতীয় এআই ও সাইবার নিরাপত্তা কনসোর্টিয়াম গঠন, ২০ থেকে ৩০টি সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা, বিনিয়োগ ও প্রযুক্তিগত সম্ভাব্যতা যাচাই, জাতীয় মহাপরিকল্পনা তৈরি এবং পরীক্ষামূলক প্রকল্প শুরু।
দ্বিতীয় পর্যায় : ১২ থেকে ১৮ মাস
নিজস্ব বাংলা ভাষাভিত্তিক এআই মডেল উন্নয়ন, স্থানীয় ক্লাউড অবকাঠামো সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা পরিচালনা কেন্দ্র স্থাপন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা।
তৃতীয় পর্যায় : ৩ থেকে ৫ বছর
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এআই সেবা সম্প্রসারণ, নিজস্ব এআই কম্পিউটিং অবকাঠামো তৈরি।
দেশীয় প্রযুক্তি রপ্তানির সক্ষমতা অর্জন, বাংলাদেশকে আঞ্চলিক এআই ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ।
বিদেশি ঋণের অপেক্ষা নয়, আসুন দেশীয় সক্ষমতা ও বিনিয়োগ দিয়ে বাংলাদেশের প্রযুক্তির ভবিষ্যৎ গড়ে তুলি। সবাই মিলে গড়ে তুলি আগামীর বাংলাদেশ।
সালেহ মোবিন : প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব (বিআইটিপিএফসি), তথ্যপ্রযুক্তি ও ক্লাউড প্রযুক্তি পেশাজীবী
