Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

Icon

ড. শফিকুল ইসলাম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

Advertisement

গত ১৭ নভেম্বর বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। উৎপাদিত এ বিদ্যুৎ রূপপুর সাবস্টেশন থেকে সম্ভবত ৪০০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে গোপালগঞ্জ, বগুড়া ও বাঘাবাড়ী এলাকায় সরবরাহ করা হয়েছে। গ্রিডের সঙ্গে সফলভাবে সিঙ্ক্রোনাইজেশনের পর বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের মর্যাদা অর্জন করেছে। দীর্ঘ প্রতীক্ষা, কারিগরি জটিলতা এবং বহু পরীক্ষার পর এটি জাতির জন্য গর্ব ও আনন্দের বিষয়।

এ অর্জনের গুরুত্ব বুঝতে হলে সি-ধাপ, অর্থাৎ পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের তাৎপর্য জানা দরকার। গত ১১ অক্টোবর রিঅ্যাক্টর প্রথমবার ক্রিটিক্যালিটিতে পৌঁছায়। অর্থাৎ, চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত ধারাবাহিক পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা সি-ধাপের কার্যক্রমের অনুমোদন দেয়। এ ধাপে চুল্লির তাপে উৎপন্ন বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং তা গ্রিডে সরবরাহের সক্ষমতা পরীক্ষা করা হয়। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই চূড়ান্ত বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। এটি টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের মধ্যে সামঞ্জস্য যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা।

সিঙ্ক্রোনাইজেশন ও পরবর্তী পরীক্ষাগুলো চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে সম্পন্ন করা হয়। প্রথম দফায় প্রায় ৩০০ মেগাওয়াট ক্ষমতায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে আরও পরীক্ষা চালানো হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর ৪ থেকে ৬ ঘণ্টার জন্য আবার গ্রিডে যুক্ত করা হবে। প্রতিটি ধাপে বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মদক্ষতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য যাচাই করা হবে।

এরপর পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শুরু হবে ডি-ধাপ, অর্থাৎ পাইলট বাণিজ্যিক পরিচালনা। রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী এ পর্যায়ে ১০ মাস পরীক্ষামূলকভাবে ইউনিটটি পরিচালনা করা হবে। এ সময় ইউনিটটিকে পূর্ণ সক্ষমতা পর্যন্ত পরীক্ষা করা হবে। প্রায় নয় বছর ধরে চলা নির্মাণ ও কমিশনিং কার্যক্রমের ভিত্তিতে চুল্লির নিরাপত্তাসংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রতিবেদনটি পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করে সন্তোষজনক মনে করলে ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় নিয়মিত বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের জন্য স্থায়ী সনদ দেওয়া হবে। এরপর রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিটটি সাময়িকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করবে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় গ্রিডের স্থিতিশীলতা। ১২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি দেশের সবচেয়ে বড় একক বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট। কোনো কারণে এর জেনারেটর হঠাৎ ট্রিপ করলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত কমে যায় এবং গ্রিডের ফ্রিকোয়েন্সি নেমে যেতে পারে। এতে গ্রিডের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক রিজার্ভ বিদ্যুৎ, দ্রুত উৎপাদন বাড়ানোর ব্যবস্থা অথবা প্রয়োজনে লোডশেডিংয়ের মাধ্যমে গ্রিডকে ব্ল্যাকআউটের ঝুঁকি থেকে রক্ষা করতে হয়। বিপরীতভাবে, সরবরাহের তুলনায় চাহিদা হঠাৎ কমে গেলে গ্রিডের ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে। ফ্রিকোয়েন্সি নির্ধারিত সীমা অতিক্রম করলে সুরক্ষা ব্যবস্থার কারণে বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর গ্রিড থেকে বিচ্ছিন্ন হতে পারে, যা গ্রিডের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাধারণত বেজলোড প্ল্যান্ট হিসাবে স্থিতিশীল উৎপাদনে পরিচালিত হয়। তাই চাহিদার ওঠানামা সামলাতে অন্যান্য বিদ্যুৎকেন্দ্রকে নমনীয়ভাবে পরিচালনা করতে হবে। এছাড়া, রিঅ্যাক্টর বন্ধ থাকলেও শীতলীকরণ ব্যবস্থার পাম্পসহ জরুরি ও নিরাপত্তাসংশ্লিষ্ট সরঞ্জাম চালু রাখতে বাইরের উৎস থেকে প্রায় ১০-১৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতে পারে। অন্যদিকে, ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের নিজস্ব পরিচালনাগত চাহিদা মেটাতেও প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়। জাতীয় গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজিসিবিকে সরবরাহ ও চাহিদার ওঠানামার মধ্যেও গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ব্যবস্থা নিতে হবে। এজন্য গভর্নর নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় উৎপাদন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত স্পিনিং রিজার্ভ, ফ্রিকোয়েন্সিভিত্তিক লোডশেডিং এবং বিকল্প ব্যবস্থা সংবলিত শক্তিশালী ৪০০ ও ২৩০ কিলোভোল্ট সঞ্চালন নেটওয়ার্ক অপরিহার্য।

এ বছরের গ্রীষ্মে দেশে সর্বোচ্চ লোডশেডিং ছিল প্রায় ৩,৬০০ মেগাওয়াট, যখন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬,০০০ থেকে ১৮,০০০ মেগাওয়াট। গ্যাস, এলএনজি, কয়লা ও তেলের সংকটের কারণে অনেক বিদ্যুৎকেন্দ্র পর্যাপ্ত জ্বালানি পায়নি, যদিও দেশে স্থাপিত কেন্দ্রগুলোর মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা চাহিদার চেয়ে বেশি। দেশীয় গ্যাসের উৎপাদন কমছে, আর প্রাথমিক জ্বালানির প্রায় দুই-তৃতীয়াংশ আমদানি করতে হয়। ভূরাজনৈতিক কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ে। এসব কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দেয়।

রূপপুরের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ঘাটতির প্রায় অর্ধেক মোকাবিলা করা সম্ভব হতে পারে। ২০২৮ সালে দ্বিতীয় ইউনিটটি পূর্ণ সক্ষমতায় চালু হলে আরও ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে। এতে বিদ্যমান ঘাটতি মোকাবিলায় উল্লেখযোগ্য সহায়তা মিলতে পারে। তবে শুধু রূপপুরের বিদ্যুৎ দিয়ে লোডশেডিং পুরোপুরি দূর করা সম্ভব হবে না; কারণ, বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এর পাশাপাশি সৌরশক্তি থেকে ২,০০০ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা গেলে ভবিষ্যতে তা সরবরাহের ঘাটতি কমাতে সহায়তা করবে। তবে জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করে বর্তমানে চালু বিদ্যুৎকেন্দ্রগুলোর দক্ষ পরিচালনা নিশ্চিত করা জরুরি। রূপপুর পূর্ণ সক্ষমতায় চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাড়বে। তবে আধুনিক ও শক্তিশালী গ্রিড ব্যবস্থাপনা নিশ্চিত না হলে এর সুফল পুরোপুরি পাওয়া কঠিন হতে পারে।

পারমাণবিক বিদ্যুৎ তেল, কয়লা ও আমদানিকৃত এলএনজিভিত্তিক বিদ্যুতের তুলনায় সাশ্রয়ী হতে পারে। আমার বিশ্লেষণ অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ মূল্য ১০ টাকার কম হতে পারে। তবে বিদ্যুতের দাম চূড়ান্তভাবে নির্ধারিত হলে প্রকৃত মূল্য জানা যাবে।

রূপপুর প্রকল্পের চ্যালেঞ্জও কম নয়। প্রথমত, দক্ষ জনবল গড়ে তোলা ও ধরে রাখা জরুরি। রিঅ্যাক্টর অপারেটর, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, নিরাপত্তা বিশ্লেষক এবং নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি বিদেশনির্ভরতা কমাতে ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় জনবলের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতা গড়ে তোলা দরকার। দ্বিতীয়ত, ব্যবহৃত জ্বালানি ও তেজস্ক্রিয় বর্জ্যরে নিরাপদ ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান ইতোমধ্যে কয়েক দফায় এসেছে। তবে নিরবচ্ছিন্ন সরবরাহ, পরিবহণ ও রিফুয়েলিংয়ের জন্য শক্তিশালী ও টেকসই পরিকল্পনা থাকা প্রয়োজন। চতুর্থত, বিশাল এ প্রকল্পের ঋণ সময়মতো পরিশোধ করতে হবে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, রূপপুরের প্রথম গ্রিড সংযোগ একটি সূচনা, গন্তব্য নয়। প্রথমবার বিদ্যুৎ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, চূড়ান্ত অর্জন নয়। এ মাইলফলককে স্থায়ী সাফল্যে পরিণত করতে প্রয়োজন কঠোর নিরাপত্তা সংস্কৃতি, স্বচ্ছতা, দক্ষ জনবল এবং শক্তিশালী জাতীয় গ্রিড। এসব নিশ্চিত করা গেলে রূপপুর দেশের নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের অন্যতম ভিত্তি হয়ে উঠবে।

ড. শফিকুল ইসলাম : অধ্যাপক, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; সাবেক ভিজিটিং অধ্যাপক, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইটি, যুক্তরাষ্ট্র

[email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

দোষারোপ নয়, সমাধানের পথ খুঁজতে হবে সব পক্ষকেই

দোষারোপ নয়, সমাধানের পথ খুঁজতে হবে সব পক্ষকেই

দেশের রাজনীতি বিদেশে, মূল্য দিচ্ছে সাধারণ বাংলাদেশিরা

দেশের রাজনীতি বিদেশে, মূল্য দিচ্ছে সাধারণ বাংলাদেশিরা

অন্যমত কালক্ষেপণের সুযোগ নেই

কালক্ষেপণের সুযোগ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম