অন্যমত
কালক্ষেপণের সুযোগ নেই
আবু আহমেদ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানুষের আয়ের চেয়ে ব্যয় বাড়ছে। চাকরিজীবীদের মাসিক আয়ের টাকায় পুরো মাস চলছে না। বাধ্য হয়ে অনেকেই ধারদেনা করে সংসার চালাচ্ছে। ব্যবসা-বাণিজ্যেও কোনো গতি নেই। সর্বশেষ জীবনযাত্রার মান নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্যমতে, দেশের ৪৭.৪২ শতাংশ পরিবার সংসারের ব্যয় মেটাতে ঋণ করতে বাধ্য হয়েছে। একটি পরিবারের গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা হলেও ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। অর্থাৎ প্রতিমাসে আয়-ব্যয়ের ঘাটতি ১ হাজার ৭৯৮ টাকা। বিবিএস-এর সেপ্টেম্বরের হিসাবে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ। বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৯০ শতাংশ। ফলে আয় বাড়লেও সেই তুলনায় বাড়ছে না মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা। দেশে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও সে তুলনায় বাড়েনি মানুষের মজুরি। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কমে হয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। ফলে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, মানুষের আয় বাড়ছে তার চেয়ে কম হারে। এতে বাড়তি ব্যয় মেটাতে চাপে পড়ছেন সাধারণ মানুষ। দেশের অর্থনীতির এ চিত্র খুবই হতাশাব্যঞ্জক। এ পরিস্থিতি সামাল দেওয়ার উপায় কী এবং সরকারের ভূমিকা কী হওয়া উচিত-সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি।
আমার কাছে মনে হচ্ছে, যে কাজটি যে গতিতে করা উচিত ছিল সরকারের, সে গতিতে তা করা হচ্ছে না। সরকারের কাজের এ গতিহীনতার ফলে অর্থনীতিতে একটা স্থবিরতা দেখা দিয়েছে। ফলে দেশে বিনিয়োগের খরা কাটছে না, শিল্প-কলকারখানায় গতি আসছে না, রপ্তানি বাণিজ্য আলোর মুখ দেখছে না, সর্বোপরি বেকার সমস্যা বাড়ছে। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা, যেটাকে গ্রাউন্ড হ্যান্ডলিং বলে, সেখানে আজ পর্যন্ত আলোর ছোঁয়া লাগেনি। বিমান কর্তৃপক্ষের অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। শুরু থেকে এ দায়িত্ব আমরা বিমান কর্তৃপক্ষকেই দিয়ে আসছি। ইমিগ্রেশন ও কাস্টমস ছাড়া বিমানবন্দরের দায়িত্ব অনেক আগেই বিশ্বমানের কাউকে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। বিমানের মতো সাবসিডিয়ারি কোম্পানিকে দিয়েই আমরা এর রক্ষণাবেক্ষণ করেছি। ফলে এটাকে আমরা বিশ্বমানের কাতারে আনতে পারিনি। আমাদের অনেক আগেই বোঝা উচিত ছিল, এ বিমানবন্দরের ব্যবস্থাপনা বা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমানকে দিয়ে হবে না। আমাদের ৫০ বছরের মতো বিশাল সময় ব্যয় করা মোটেই উচিত হয়নি। এরকম আরও বহু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর বেশির ভাগই মুখ থুবড়ে পড়ে রয়েছে। সেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি।
আসলে এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমরা যত কালক্ষেপ করব, তত আয়ের চেয়ে ব্যয় আমাদের ঘাড়ে চেপে বসবে। আমাদের অনেক আগেই উচিত ছিল, যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে রিটার্ন আসছে না, বরং ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে, সেসব প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়া অথবা এর পরিচালনার ভার প্রাইভেট সেক্টরকে প্রদান করা। দেরিতে হলেও চট্টগ্রাম সমুদ্রবন্দরের ক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব শুধু জাপানিদেরই দিতে হবে তা নয়, বরং যারা দক্ষ এবং তুলনামূলক অল্প ব্যয়ে কাজ করবে, তাদের দেওয়া উচিত বলে মনে করি। এ ব্যাপারে টেন্ডার আহ্বান করা যেতে পারে। যারা বিডিংয়ে আসবে, তাদের মধ্য থেকে যারা যোগ্য ও দক্ষ, তাদেরই এ দায়িত্ব দেওয়া যেতে পারে। আসলে জাপান একসময় লো কস্টে কাজ করত। কারণ, সেসময় তাদের অর্থনৈতিক চাহিদা খুব একটা ছিল না। তাই তারা কম পয়সায় বহু দেশেই তাদের প্রযুক্তি ব্যবহার করে সেবা দিয়েছে। কিন্তু এখন জাপানের নীতি বদলে গেছে। তারা এখন আর আগের পর্যায়ে নেই। এখন তারা বাণিজ্যিক ঋণের সুদ দাবি করে। তারা এখন সর্বত্রই বাণিজ্যের বিষয়টি সবার আগে দেখে, যেটা একসময় তাদের নীতিতে ছিল না। সেজন্য আমরা বিডিংয়ের মাধ্যমে অন্য যোগ্য কাউকে নির্বাচন করতে পারি। সেটা কোনো এজেন্সি হোক বা কোম্পানি।
যা হোক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আধুনিকায়ন ও পরিচালনার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন চুক্তি করেছে। এর মধ্যে অন্যতম হলো দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি। আমরা একে সাধুবাদ জানাই। কিন্তু এর পেছনে যে লজিস্টিক সাপোর্ট-কনটেইনার ইয়ার্ড, সড়ক-এগুলোর উন্নয়ন করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। কারণ এগুলো তো আর ডিপি ওয়ার্ল্ড করে দেবে না। নুয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জাগরিত করতে স্বদেশি হোক বা বিদেশি, যে কোনো যোগ্য ও দক্ষ প্রাইভেট কোম্পানিকে দিয়ে এগুলোর দক্ষতা বাড়াতে হবে। তা না হলে আমাদের অর্থনৈতিক মুক্তি নেই।
আরেকটি বিষয়, যা কিছুটা হলেও হতাশাজনক, তা হলো, শেয়ারবাজারে এখন পর্যন্ত নতুন কোনো কোম্পানি সরাসরি তালিকাভুক্ত হয়নি। একটাও আইপিও আসেনি। আমাদের শেয়ারবাজারে হতাশার জায়গাটি মূলত ভালো কোম্পানি না আসা। অর্র্থাৎ ভালো কোম্পানির অভাব। সরকারের জন্য যে রিসোর্স মোবিলাইজেশনের সুযোগ রয়েছে, আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। বর্তমানে শেয়ারবাজার যে অবস্থায় রয়েছে, সেটাকে ফাংশনাল থাকতে হবে। এখানেও ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এভাবে গতিশীল শেয়ারবাজার আশা করা যায় না।
সরকারি কোম্পানিগুলোকে বিক্রির ব্যাপারে কথা অনেক হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এ কোম্পানিগুলোকে হয় শেয়ারবাজারের মাধ্যমে বিক্রি করে দিতে হবে, নয়তো বিডিংয়ের মাধ্যমে বিক্রি করতে হবে। কারণ এগুলো দেশের অর্থনীতির অদক্ষতার মূল কারণ। বাংলাদেশের অর্থনীতির গতিকে এগুলো অনেকটাই ম্লান করে রেখেছে। কারণ, এসব সরকারি প্রতিষ্ঠান নন-অপারেশনাল। এদের অদক্ষতা সার্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে। সরকারি খাতে যে কোম্পানিগুলো আছে, যেমন-ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং করপোরেশন, কেমিক্যাল করপোরেশন, অর্থাৎ অন্যান্য খাতের, করপোরেশনের অধীনে সেসব প্রতিষ্ঠান সরকার পরিচালনা করছে-এগুলো তো ফাংশানাল নয়। এগুলোর কোনোটিই এখন আর লাভজনক অবস্থানে নেই। এগুলোর কলকবজাসহ বিভিন্ন যন্ত্রাংশ বহু আগেই নষ্ট হয়ে গেছে। ফলে এগুলো থেকে কোনো ধরনের আউটপুট পাওয়া সম্ভব নয়। সুতরাং এগুলো ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। এসব ব্যাপারে সরকারের অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে সরকার একদিকে ভর্তুকি দেওয়া থেকে বাঁচত, অন্যদিকে সরকারের কিছু রিসোর্স ক্যাপিটাল হাতে আসত-যা অন্য কোনো অবকাঠামো নির্মাণে ব্যয় করা যেত। বর্তমান সরকারের ৯ মাস হলো, কিন্তু একটাও সরকারি প্রতিষ্ঠান বিক্রি করা হলো না। এটা খুবই হতাশার কথা।
সুকুকের কনসেপ্ট নিয়ে তো অনেক কথাই হয়েছে। কিন্তু কোনো অগ্রগতি হয়েছি কি? হয়নি। যমুনা বহুমুখী সেতুর ব্যাপারে সুকুক নিয়ে ভাবা উচিত। আমার জানামতে যমুনা সেতু এখন ঋণমুক্ত। সুতরাং এটাকে নিয়ে ৭-৮ বছরের মেয়াদে সুকুক ইস্যু করা যেতে পারে। এতে সরকার ৭-৮ হাজার কোটি টাকা পেতে পারে একসঙ্গে। এ টাকা অন্য কোনো উন্নয়ন প্রকল্পে কাজে লাগানো যেত। কিন্তু এ ব্যাপারেও সরকারের কোনো পদক্ষেপ দেখছি না। আসলে সবকিছু মিলিয়ে আমরা অনেক দেরি করে ফেলছি। আমাদের মনে রাখতে হবে, সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, দেশে বিনিয়োগের খরা ততই বাড়তে থাকবে। বিদেশ থেকে ঋণ আনা যাবে, কিন্তু সেটা আমাদের জন্য সুখকর হবে না। বিদেশি সাহায্য নেওয়াও উচিত হবে না। কারণ বিদেশি সাহায্য নিয়ে পৃথিবীর কোনো দেশই অর্থনীতিতে উন্নতি করতে পারেনি। বিদেশি সাহায্য নিয়ে কোনোরকমে বেঁচে থাকা যায় মাত্র। পাকিস্তান, নাইজেরিয়া, ঘানা, বাংলাদেশও বিদেশি সাহায্য নিয়ে উন্নতি করেনি। বিদেশি বিনিয়োগের দরকার আছে, কিন্তু সরকারের মাধ্যমে কিছু সাহায্য নিয়ে কিছু হবে না। যেখানে ক্ষত এত বেশি, সেখানে মলম লাগিয়ে কুলাবে না। সুতরাং আমাদের যদি বিদেশি কোনো বিনিয়োগ আনতে হয়, তাহলে আলোচ্য কাজগুলো আগে করতে হবে। যেমন, ঢাকা-চট্টগ্রাম করিডর প্রকল্পটিতে সরকারের হাত দেওয়া উচিত। এটা পিপিপিকে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) দায়িত্ব দেওয়া হয়েছে। পিপিপি কনসেপ্টটি ভালো। ১৫ বছর আগেও একবার এই পিপিপির কথাটি উঠেছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন যদি কোনো বিদেশি সংস্থা বা বিদেশি কোম্পানি আমাদের সরকারের সঙ্গে জয়েন করতে চায়, সেটা টেন্ডারের মাধ্যমে আসতে পারে। অথবা বাংলাদেশি কিছু ব্যবসায়ী গোষ্ঠী আছে, তাদের বলা যেতে পারে, তোমরা পার্টনার হও। তখন এক্সপ্রেসওয়ে জমির ওপর দিয়ে যাবে, নাকি জমি স্পর্শ না করে উড়াল সড়কের মাধ্যমে যাবে, তা নিয়ে প্রকৌশল সমীক্ষা হতে পারে, যেটাকে সম্ভাব্যতা যাচাই বলা হয়। জমি অধিগ্রহণ না করে উপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিদেশে এমন ব্যবস্থা অনেক জায়গায়ই রয়েছে।
যা হোক, এগুলো নিয়ে কালক্ষেপণ করা ঠিক নয়। যত দ্রুত সম্ভব কাজে হাত দেওয়া উচিত। আমাদের অর্থনীতি তো এমনিতেই স্থবির হয়ে আছে। দ্রুত সিদ্ধান্তে না আসতে পারলে তা আরও বসে যাবে।
আবু আহমেদ : অধ্যাপক ও অর্থনীতিবিদ; চেয়ারম্যান, আইসিবি
অনুলিখন : জাকির হোসেন সরকার
