Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

পরীক্ষাহীন কীটনাশক : নীরব মৃত্যুঘণ্টা

Icon

ড. আফরোজা পারভীন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গ্র্যাজুয়েশন করার সময় আমার সাবজেক্ট ছিল উদ্ভিদবিজ্ঞান প্রাণিবিজ্ঞান ও রসায়ন। জীববিজ্ঞান পড়ার সময় কীটনাশক সম্পর্কে একটা ধারণা হয়েছিল। আমরা সবাই জানি এ কীটনাশক আমাদের খুবই সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয়। অন্যথায় নানা রকমের বিপজ্জনক অবস্থা ও স্বার্থগত ক্ষতির মধ্যে আমরা পড়ে যেতে পারি। বাংলাদেশের সবুজ মাঠ, সোনালি ধান, শাকসবজি আর ফলমূল শুধু আমাদের খাদ্যের উৎস নয়; এগুলো আমাদের জীবন, অর্থনীতি ও ভবিষ্যতের ভিত্তি। সেগুলো আমাদের প্রাণ। কিন্তু আজ সেই খাদ্যব্যবস্থার ভেতরেই ধীরে ধীরে ঢুকে পড়ছে এক নীরব বিষ। পরীক্ষাগারে যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া যদি মানহীন কীটনাশক বাজারে আসে এবং কৃষিজমিতে ব্যবহার হয়, তাহলে তা শুধু একটি কৃষি সমস্যা নয়; এটি জাতীয় স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য এক ভয়াবহ হুমকি।

শোনা যাচ্ছে, বিদেশ থেকে যে কীটনাশক আমদানি করা হবে, তা আমরা আমাদের দেশে পরীক্ষাগারে ব্যবহার করতে পারব না। এমনটা কেন হবে? এটি কি আমাদের পুরো জাতিকে হত্যা করার একটি চরম চক্রান্ত? নাকি বুঝতে পারছি না। একজন কৃষক যখন জমিতে কীটনাশক স্প্রে করেন, তখন সেই বিষ শুধু পোকামাকড়কে হত্যা করে না; তা বাতাসে মিশে কৃষকের ফুসফুসে প্রবেশ করে, ত্বকে লাগে, চোখে যায়, রক্তের সঙ্গে শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের অসংখ্য কৃষক আজ মাথা ঘোরা, শ্বাসকষ্ট, চর্মরোগ, চোখ জ্বালা, বমি, দুর্বলতা ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকেই জানেন না, তাদের অসুস্থতার পেছনে বছরের পর বছর বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ দায়ী। আর সেটি যদি হয় মাপের অতিরিক্ত তাহলে মরণব্যাধি তার দরজায় কড়া নাড়বে খুবই শিগগির।

সবচেয়ে বড় বিপদ শিশুদের জন্য। একটি শিশু জন্ম নেওয়ার আগেই যদি মায়ের শরীরে বিষাক্ত রাসায়নিক প্রবেশ করে, তাহলে সেই শিশুর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ে যায়। জন্মগত ত্রুটি, মেধা বিকাশে সমস্যা, শারীরিক দুর্বলতা, স্নায়বিক জটিলতা-এসব ধীরে ধীরে সমাজে বাড়তে পারে। একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম যদি বিষাক্ত খাদ্যের মধ্যে বড় হয়, তাহলে সেই জাতির সামগ্রিক মানবসম্পদই দুর্বল হয়ে পড়বে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত প্রতিবন্ধী শিশুর জন্ম নিতে পারে। আমরা কি দেশকে অসুস্থ জানতে পরিণত করব?

মানুষ যখন প্রতিদিন সামান্য সামান্য বিষ গ্রহণ করে, তখন তা হয়তো সঙ্গে সঙ্গে মৃত্যুর কারণ হয় না; কিন্তু বছর পরে শরীরে মারাত্মক রোগ তৈরি করে। পরীক্ষা ছাড়া এবং মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আমাদের লিভার ধ্বংস হয়, কিডনি বিকল হয়, রক্ত দূষিত হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার আরও একটি মূল কারণ হলো কৃষকের সচেতনতার অভাব। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ে, এমনকি অনেকেই পথে বসে যায়। একটি রোগ শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবারকে অর্থনৈতিক ও মানসিকভাবে ভেঙে দেয় পঙ্গু করে দেয়।

মানহীন কীটনাশক শুধু মানুষকেই মারে না; প্রকৃতিকেও ধ্বংস করে। মাঠে যে মৌমাছি ফুলে ফুলে পরাগ ছড়ায়, সেই মৌমাছি মারা যায়। নদীর মাছ মরে ভেসে ওঠে। পুকুরের পানি বিষাক্ত হয়ে যায়। মাটির ভেতরের উপকারী জীবাণু ধ্বংস হয়। জমি ধীরে ধীরে উর্বরতা হারাতে থাকে। কৃষক তখন আরও বেশি রাসায়নিক ব্যবহার করতে বাধ্য হন। এভাবে শুরু হয় এক ভয়ংকর চক্র-বিষ দিয়ে ফসল ফলানো, আবার সেই বিষ খেয়ে মানুষ অসুস্থ হওয়া।

এ অবস্থায় বাংলাদেশ সরকারের এখনই কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের প্রতিবাদ তোলা দরকার দেশের প্রতিটি আমদানিকৃত কীটনাশকের বাধ্যতামূলক ল্যাব পরীক্ষা নিশ্চিত করতে। বিদেশি কোনো বেনিয়াদের শর্ত মেনে নেওয়া যাবে না যাবে না। আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা যাচাই ছাড়া কোনো রাসায়নিক বাজারে আসতে দেওয়া যাবে না। ভেজাল ও ক্ষতিকর কীটনাশকের বিরুদ্ধে কঠোর আইনপ্রয়োগ করতে হবে। কৃষকদের নিরাপদ ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি জৈব কৃষি ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির প্রসার বাড়াতে হবে।

আমরা জানি একটি জাতির সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। সেই মানুষ যদি বিষাক্ত খাদ্যের কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে দেশের ভবিষ্যৎও বিপদের মুখে পড়বে বিকলাঙ্গ জাতি তৈরি হবে। তাই নিরাপদ খাদ্য, নিরাপদ কৃষি ও নিরাপদ জীবন নিশ্চিত করা এখন শুধু কৃষিনীতি নয়; এটি জাতীয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এমতাবস্থায় এ ধরনের প্রাণঘাতী সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ সরকারসহ সবাইকে সতর্ক থাকা দরকার। প্রতিবাদ করা দরকার। সরকারের উচিত হবে এ ধরনের প্রাণঘাতী চুক্তি না করা। সরকার অবিলম্বে যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারে, তার মধ্যে রয়েছে : ১. পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া কোনো কীটনাশক আমদানি, নিবন্ধন ও বাজারজাত বন্ধ করতে হবে। ২. সব আমদানিকৃত কীটনাশকের বাধ্যতামূলক ল্যাব টেস্ট ও আন্তর্জাতিক মান যাচাই নিশ্চিত করতে হবে। ৩. জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিরোধী যে কোনো গোপন বা ক্ষতিকর চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। ৪. ভেজাল, নিষিদ্ধ ও অতিবিষাক্ত কীটনাশকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। ৫. কৃষকদের নিরাপদ কীটনাশক ব্যবহার ও জৈব কৃষি সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। ৬. খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ নিয়মিত পরীক্ষা ও জনসম্মুখে প্রতিবেদন প্রকাশ করতে হবে। ৭. কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন তদারকি কমিটি গঠন করতে হবে। ৮. জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ক্যানসার ও বিষাক্ত রাসায়নিক নিয়ে জাতীয় গবেষণা জোরদার করতে হবে। ৯. পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটনাশক ধাপে ধাপে নিষিদ্ধ করতে হবে। ১০. নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও জনগণের জীবনরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

ড. আফরোজা পারভীন : নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি

Advertisement

Advertisement

আরও পড়ুন

অন্যমত কালক্ষেপণের সুযোগ নেই

কালক্ষেপণের সুযোগ নেই

আইনশৃঙ্খলায় আস্থা ফিরবে কীভাবে

আইনশৃঙ্খলায় আস্থা ফিরবে কীভাবে

পরীক্ষাহীন কীটনাশক : নীরব মৃত্যুঘণ্টা

পরীক্ষাহীন কীটনাশক : নীরব মৃত্যুঘণ্টা

দৃষ্টিপাত পোশাক শ্রমিকদের মজুরির স্থায়ী সমাধান প্রয়োজন

পোশাক শ্রমিকদের মজুরির স্থায়ী সমাধান প্রয়োজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম