দৃষ্টিপাত
পোশাক শ্রমিকদের মজুরির স্থায়ী সমাধান প্রয়োজন
পোশাক কারখানায় কাজ করছেন কয়েকজন নারী শ্রমিক। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় দুই সপ্তাহ ধরে চলা আন্দোলন শেষে পোশাক শ্রমিকদের অধিকাংশই তাদের কারখানায় ফিরে গেছেন। এখনো কিছু শ্রমিক কাজে যোগদান করেননি। কোনো কোনো স্থানে বিচ্ছিন্নভাবে আন্দোলন চলছে। কারখানাগুলোর উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। শ্রমিক আন্দোলন চলাকালে বেশকিছু কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছু কারখানায় শ্রমিক ছাঁটাই করা হয়। আন্দোলনের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশকিছু কারখানা ভাঙচুর করে, গাড়ি জ্বালিয়ে দেয়। এমনকি পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়। শ্রমিকদের এ আন্দোলনের ফলে পোশাকশিল্পে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা কীভাবে পূরণ হবে, সেটাই বিবেচ্য বিষয়। কারণ, কারখানার অভ্যন্তরে উৎপাদন বাড়িয়ে হয়তো ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে; কিন্তু রপ্তানি ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা কঠিন। শ্রমিকদের এ আন্দোলনের ফলে বিদেশি বায়ারদের অর্ডারকৃত পণ্য যথাসময়ে শিপমেন্ট করা সম্ভব হবে না। এ অবস্থায় বায়াররা অন্য দেশে তাদের অর্ডার শিফট করতে পারেন। যদি সত্যি সত্যি তেমনটি ঘটে, তাহলে সেটা বাংলাদেশের পোশাকশিল্পের জন্য অত্যন্ত উদ্বগজনক হবে।
দেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব অপরিসীম। এ শিল্পের উপস্থিতি ছাড়া জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে রপ্তানি বাণিজ্যের গতিশীলতা চিন্তা করা যায় না। তৈরি পোশাকশিল্প শুধু দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতই নয়, বরং গ্রামীণ অর্থনীতি, নারীর আর্থিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এ শিল্প নীরব বিপ্লব সাধন করেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন ও স্বাবলম্বী করে গড়ে তোলার দীর্ঘযাত্রায় এ খাতটি বিশেষ অবদান রেখে চলেছে। বিগত শতাব্দীর সত্তরের দশকের দ্বিতীয়ার্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে তৈরি পোশাক রপ্তানি শুরু হয়। দীর্ঘ পথপরিক্রমায় পোশাকশিল্প এখন দেশের শীর্ষ শিল্প খাতে পরিণত হয়েছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশই অর্জিত হচ্ছে তৈরি পোশাক খাত থেকে। আর আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়; চীনের পরই। বাংলাদেশের পোশাকশিল্পের এ বিস্ময়কর অগ্রযাত্রায় এ শিল্পে কর্মরত শ্রমিকদের অবদান কোনোভাবেই উপেক্ষা করা যায় না। পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেশির ভাগই নারী। তাই এ শিল্প নারীর কর্মসংস্থান এবং আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। শ্রমিক হচ্ছে শিল্পের প্রাণ, আর শিল্প হচ্ছে শ্রমিকের বেঁচে থাকার অবলম্বন। এর একটির উপস্থিতি ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না।
বর্তমানে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, তা জীবনযাত্রা পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। ২০১৮ সালে তৈরি পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। ২০২৩ সালে তা ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। গত তিন বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা প্রতিকূলতার কারণে এ মজুরি দিয়ে চারজনের একটি পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন। উৎপাদনের মূল উপজীব্য শ্রমিককে অভুক্ত রেখে কখনোই উৎপাদনশীলতা কাম্য স্তরে উন্নীত করা সম্ভব নয়। তাই তাদের মজুরি বৃদ্ধির দাবি উপেক্ষা করা যাবে না। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প শ্রমিকদের মজুরির হার কম। যেমন, চীনে একজন পোশাক শ্রমিকের মাসিক মজুরি ২৯৪ মার্কিন ডলার। ভিয়েতনামে ১৬৩ ডলার। পাকিস্তানে এটি ১৩৫ ডলার। ভারতে ১২৪ ডলার। আর বাংলাদেশে একজন তৈরি পোশাক শ্রমিক প্রতি মাসে মজুরি পান ১০২ ডলার। অবশ্য ভিয়েতনাম বা চীনের পোশাক শ্রমিকের দক্ষতা ও উৎপাদনশীলতা বাংলাদেশি শ্রমিকের চেয়ে অনেক বেশি। যিনি দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক, তার মজুরি বেশি হওয়াটাই স্বাভাবিক।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের অপ্রতুলতাসহ নানা কারণে পোশাকশিল্প খাতের উৎপাদন ব্যয় অনেকটাই বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি কিছুটা হলেও হুমকির মুখে পড়েছে। কারখানা পরিচালনার ব্যয় বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ কারখানা পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। অনেক ক্ষেত্রে বিদেশি বায়ারদের চাহিদামতো শিডিউলে পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না। এতে বাংলাদেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে তার অবস্থান হারানোর ঝুঁকিতে রয়েছে।
শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য দাবি করবেন, প্রয়োজনে আন্দোলনে যাবেন, এতে কোনো আপত্তি নেই; কিন্তু আন্দোলনের নামে যদি হিংসাত্মক ঘটনা ঘটানো হয়, তাহলে সেটা কাম্য হতে পারে না। বাংলাদেশের পোশাকশিল্পের পথচলা মোটেও কুসুমাস্তীর্ণ নয়। স্থানীয় ও বিদেশি একাধিক স্বার্থান্বেষী মহল তৈরি পোশাকের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পোশাকশিল্প শ্রমিকরা যে ধ্বংসাত্মক আন্দোলনে লিপ্ত হয়, তার পেছনে পতিত স্বৈরাচারী সরকারের একাধিক মন্ত্রীসহ অন্তত ১৪৪ জনের উসকানি ছিল বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেকেই এ আন্দোলনে অর্থের জোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। কারা এ আন্দোলনে ইন্ধন দিয়েছেন, অর্থ জোগান দিয়েছেন, তা অচিরেই পরিষ্কার হয়ে যাবে। দেশের কোনো সেক্টরে অস্থিরতা সৃষ্টি হলেই একটি মহল পোশাকশিল্পে ভাঙচুর করে এ খাতের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। ২০১৩ সালের ২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত ঘোষণা করে। পোশাকশিল্প শ্রমিকদের নিরাপত্তা ঘাটতির অজুহাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের পেছনে কোনো একটি দেশের প্ররোচনা ছিল বলে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে। বাংলাদেশের পোশাকশিল্প আজ যে অবস্থানে উঠে এসেছে, তার জন্য অনেক ষড়যন্ত্র-প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।
পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে সরকার তা উপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে মজুরি কমিশন গঠন করে দিয়েছে। মজুরি কমিশনের দ্বিতীয় সভা গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। পোশাকশিল্প শ্রমিকদের পক্ষ থেকে মজুরি কমিশনের সভায় সাধারণ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই পোশাকশিল্প মালিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির প্রস্তাবনা পেশ করা হবে। মজুরি কমিশন শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব বিবেচনায় নিয়ে মজুরি বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করবে। শ্রমিকদের মজুরি অবশ্যই যৌক্তিকভাবে বাড়ানো দরকার। তবে এ মুহূর্তে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা হুবহু বাস্তবায়ন করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে মজুরি বোর্ড তাদের প্রতিবেদন দাখিল করবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে বর্ধিত মজুরি কাঠামো কার্যকর হবে।
দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকশিল্পের অবদান সবচেয়ে বেশি; কিন্তু এ খাতের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের পোশাক খাত সম্পূর্ণ আমদানিকৃত কাঁচামালনির্ভর। এছাড়া ক্যাপিটাল মেশিনারিজ এবং মধ্যবর্তী পণ্যও আমদানির মাধ্যমে মেটাতে হয়। ফলে পোশাকশিল্প জাতীয় অর্থনীতিতে ৬০ থেকে ৬৫ শতাংশ মূল্য সংযোজন করে। প্রতিযোগী দেশগুলো তৈরি পোশাকের কাঁচামাল, ক্যাপিটাল মেশিনারিজ এবং মধ্যবর্তী পণ্য নিজেরাই জোগান দেয়। ফলে তাদের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজনের হার তুলনামূলকভাবে অনেক বেশি। আমাদের উদ্যোগ নিতে হবে কীভাবে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল নিজেদের উদ্যোগে জোগান দেওয়া যায়। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বাজার মূলত ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। আমাদের নতুন নতুন গন্তব্যে তৈরি পোশাক রপ্তানির উদ্যোগ নিতে হবে। পোশাকশিল্পের বিদ্যমান সমস্যাগুলো দূরীকরণের মাধ্যমে এ শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে হবে। এ শিল্পের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শ্রমশক্তির জোগান নিশ্চিত করতে হবে।
পোশাকশিল্প শ্রমিকদের জন্য যেভাবে মজুরি নির্ধারণ করা হচ্ছে, তা পরিবর্তন করে স্থায়ী ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে COLA (cost of living adjustment) পদ্ধতিতে মজুরি নির্ধারণের ব্যবস্থা করা যেতে পারে। প্রতিবছর যে হারে জীবনযাত্রার ব্যয় বাড়বে, মজুরির হার তার সঙ্গে সমন্বয় রেখে বাড়ানো হবে। এতে কয়েক বছর পরপর শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আন্দোলনে নামতে হবে না। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে তাদের মজুরি বাড়বে। ফলে শ্রমিকদের সাংসারিক ব্যয় নির্বাহ করা সহজ হবে। একইসঙ্গে তৈরি পোশাকসহ শিল্পশ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পেতে পারেন। সরকার ইতোমধ্যেই পোশাক শ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কোনোমতেই এ খাতের উন্নয়ন ব্যাহত হতে দেওয়া যাবে না। আমাদের পোশাকশিল্পজাত সামগ্রী রপ্তানির নতুন নতুন গন্তব্য খুঁজে বের করতে হবে। পোশাকশিল্পের প্রধান কাঁচামাল তুলা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না। এ শিল্পের জন্য প্রতিবছর যে বিপুল পরিমাণ তুলা প্রয়োজন হয়, তার মাত্র ১ থেকে ২ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। অবশিষ্ট ৯৮ থেকে ৯৯ শতাংশ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। পোশাকশিল্পের কাঁচামাল হিসাবে তুলার পরিবর্তে পাটের আঁশ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে দেখা যেতে পারে। কোনো কোনো গবেষক পাটতন্তু দিয়ে সুতা উৎপাদন করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আগামীতে তুলার পরিবর্তে পাটতন্তু ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিশেষভাবে চিন্তা করতে হবে।
পোশাকশিল্পের উন্নয়নে উল্লিখিত বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে অন্তর্জাতিক প্রতিযোগিতায় এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকে। তার মধ্যে শ্রমিকদের মজুরির স্থায়ী, সন্তোষজনক ও গ্রহণযোগ্য সমাধান অতীব জরুরি।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী : প্রফেসর ইমেরিটাস, অবসরপ্রাপ্ত উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

