শেখ হাসিনার প্রত্যর্পণ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক
লে. কর্নেল মোদাসসের হোসেন খান (অব.) বীর প্রতীক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর ২০২৫ তারিখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে বিচারের রায় কার্যকরের উদ্দেশ্যে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এখনো নিষ্পত্তি হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৮ জানুয়ারি ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি ২৩ অক্টোবর ২০১৩ থেকে কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা। সম্প্রতি বিবিসি বাংলার বরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারত দুটি শর্ত উত্থাপন করতে পারে-বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন বিচারের সুযোগ নিশ্চিত করা।
তবে ১৩ নভেম্বর ২০২৬ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের শর্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তিনি প্রত্যর্পণকে একটি আইনগত বিষয় হিসাবে উল্লেখ করেছেন। ভারতের সংসদীয় কমিটির কাছে দেওয়া সরকারি বক্তব্যেও জানানো হয়েছে যে বাংলাদেশের অনুরোধ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে পরীক্ষা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে তিনটি প্রশ্ন বিশেষ গুরুত্বপূর্ণ
* ভারত কোন কোন আইনগত বিধানের ভিত্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান বা বিলম্বিত করতে পারে?
* ভারত আনুষ্ঠানিকভাবে নতুন শর্ত দিলে বাংলাদেশ কোনগুলো গ্রহণ, প্রত্যাখ্যান বা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে পারে?
* দীর্ঘসূত্রতা ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশের কার্যকর কৌশল কী হওয়া উচিত?
ভারত কোন আইনগত বিধানে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে?
ভারতের প্রত্যর্পণের বাধ্যবাধকতা নিঃশর্ত নয়। ২০১৩ সালের দ্বিপক্ষীয় চুক্তি এবং ভারতের Extradition Act, ১৯৬২ অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি ভিত্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।
ক. রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম-চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ
কোনো অপরাধ প্রকৃতপক্ষে রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। কিন্তু একই অনুচ্ছেদে হত্যা, অপরাধমূলক নরহত্যা, গুরুতর শারীরিক আঘাত, বিস্ফোরণ, অপহরণ এবং হত্যায় প্ররোচনাসহ বিভিন্ন অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের বাইরে রাখা হয়েছে।
অতএব, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে হত্যা বা হত্যায় সংশ্লিষ্টতার মতো অপরাধের উপাদান থাকলে কেবল তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের যুক্তি দুর্বল হবে। তবে তার বিরুদ্ধে রায়ের অপরাধগুলোর সঙ্গে চুক্তিতে বর্ণিত অপরাধের আইনগত সামঞ্জস্য যাচাই করতে হবে।
খ. বিচারিক প্রক্রিয়ার ন্যায়সংগততা-চুক্তির ৮(১)(ক) অনুচ্ছেদ
প্রত্যর্পণ অন্যায় বা নিপীড়নমূলক হবে বলে যথেষ্ট ভিত্তি প্রতিষ্ঠিত হলে ভারত তা প্রত্যাখ্যান করতে পারে। এ ক্ষেত্রে চুক্তিতে বিশেষভাবে অপরাধের তুচ্ছতা, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া কিংবা ন্যায়বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে অভিযোগ না আনার বিষয়গুলো উল্লেখ রয়েছে।
এখানে অনুপস্থিতিতে বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও আপিলের অধিকার নিয়ে আপত্তি উঠতে পারে। কিন্তু অনুপস্থিতিতে বিচার বা মৃত্যুদণ্ডের অস্তিত্বকেই চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে স্বয়ংক্রিয় প্রত্যাখ্যানের কারণ বলা হয়নি। এগুলোর প্রাসঙ্গিকতা ভারতীয় আইন, মানবাধিকার-সংক্রান্ত বাধ্যবাধকতা ও মামলার প্রকৃত পরিস্থিতি ছাড়াও ভারতের বলয়ে অন্তর্ভুক্ত রাখা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয়টি সামনে রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
গ. ভারতের আদালতে বিচার করার সুযোগ-চুক্তির ৭ নম্বর অনুচ্ছেদ
ভারতের আদালতে সংশ্লিষ্ট অপরাধের বিচার করার আইনগত এখতিয়ার থাকলে ভারত প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। তবে ভারতের সর্বোচ্চ আদালত বিচার না করার সিদ্ধান্ত নিলে চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ পুনর্বিবেচনা করতে হবে। কাজেই এই বিধান অনির্দিষ্টকাল আশ্রয় দেওয়ার অবাধ সুযোগ নয়।
ঘ. পূর্ববর্তী বিচার, সাজা কিংবা অপরাধের প্রকৃতি-চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ
একই অপরাধে আগে বিচার ও খালাস বা দণ্ডিত হওয়ার কারণে ভারতের আইনে সংশ্লিষ্ট ব্যক্তি অব্যাহতির অধিকারী হলে প্রত্যর্পণ বাধাগ্রস্ত হতে পারে। শুধু সামরিক আইনে দণ্ডনীয়, কিন্তু সাধারণ ফৌজদারি আইনে অপরাধ নয়-এমন অপরাধের ক্ষেত্রেও বাধা রয়েছে।
একইভাবে দ্বৈত অপরাধযোগ্যতা অর্থাৎ সংশ্লিষ্ট আচরণ উভয় দেশের আইনে দণ্ডনীয় হওয়ার সাধারণ শর্ত পূরণ করতে হবে। বর্তমান মামলায় এসব বিধানের প্রয়োগ নির্ভর করবে নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ওপর।
ঙ. ভারতের নিজস্ব প্রত্যর্পণ আইন-১৯৬২ সালের আইনের ২৯ ও ৩১ ধারা
ভারতের আইনের ২৯ ধারায় অনুরোধের অসৎ উদ্দেশ্য, রাজনৈতিক কারণ কিংবা প্রত্যর্পণ অন্যায় বা অনুপযুক্ত হওয়ার ভিত্তিতে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা রয়েছে। ৩১ ধারায় রাজনৈতিক অপরাধ, নির্ধারিত সময়সীমা, অন্য অপরাধে বিচার করার বিধিনিষেধ এবং ভারতে বিচারাধীন পৃথক অভিযোগ বা সাজা ভোগের মতো বাধা নির্ধারণ করা হয়েছে।
তবে এসব ক্ষমতা চুক্তির অন্যান্য বিধান ও আইনগত শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগযোগ্য। এগুলো ভারতকে যে কোনো রাজনৈতিক অজুহাতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সীমাহীন অধিকার দেয় না।
সারকথা : ভারত আইনগত আপত্তি তুলতে পারে, কিন্তু প্রত্যর্পণ প্রত্যাখ্যানের প্রত্যেকটি ভিত্তিকে সংশ্লিষ্ট চুক্তি, ভারতীয় আইন এবং সুনির্দিষ্ট তথ্যের আলোকে যাচাই করতে হবে। শুধু রাজনৈতিক আশ্রয় বা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন প্রত্যর্পণের আইনগত প্রশ্নের বিকল্প নয়।
ভারত আনুষ্ঠানিকভাবে শর্ত আরোপ করলে বাংলাদেশের আইনগত অবস্থান
প্রথম শর্ত : বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়া।
প্রত্যর্পণ চুক্তির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যর্পণ অনুমোদিত হলে ভারতীয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে ভারতের এমন একটি সুবিধাজনক বহির্গমনস্থলে হস্তান্তর করবে, যা বাংলাদেশ নির্দেশ করবে।
এই অনুচ্ছেদে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সামরিক বিমান ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং ভারতের পক্ষ থেকে সামরিক বিমান বা সেনাবাহিনীর মাধ্যমে প্রত্যাবর্তনের শর্ত আনুষ্ঠানিকভাবে দেওয়া হলে বাংলাদেশ নিম্নলিখিত অবস্থান নিতে পারে :
* চুক্তিতে এ ধরনের বাধ্যবাধকতা নেই-এ মর্মে লিখিতভাবে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া।
* সামরিক বাহিনীর পরিবর্তে উপযুক্ত বেসামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তরের প্রস্তাব দেওয়া।
* প্রয়োজন হলে নিরাপত্তা ও পরিবহণের পদ্ধতি নিয়ে পৃথক সমঝোতায় পৌঁছানো, তবে সেটিকে চুক্তির বাধ্যতামূলক শর্ত হিসাবে স্বীকার না করা।
দ্বিতীয় শর্ত : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন বিচারের সুযোগ।
এই শর্তটি তুলনামূলকভাবে জটিল এবং অধিকতর গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের International Crimes (Tribunals) Act, ১৯৭৩-এর ২১(১) ধারায় আপিলের অধিকার রয়েছে। কিন্তু ২১(৩) ধারায় রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে এবং সময়সীমা অতিক্রমের পর আপিল গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।
১৪ নভেম্বর ২০২৬ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছেন, শেখ হাসিনা নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল না করায় প্রচলিত আইন অনুযায়ী তার আপিলের সুযোগ শেষ হয়েছে।
এমতাবস্থায়, বাংলাদেশের সম্ভাব্য পদক্ষেপ হতে পারে:
১) বর্তমান আইনের অবস্থান স্পষ্ট করা : ভারতের কাছে বাংলাদেশের প্রচলিত আপিলের বিধান, সময়সীমা এবং বিচারিক প্রক্রিয়ার পূর্ণ বিবরণ উপস্থাপন করা।
২) স্বাধীন আইনগত মতামত গ্রহণ : উচ্চ আদালতের সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা যে বিদ্যমান আইন অনুযায়ী কোনো প্রতিকার, পুনর্বিবেচনা বা নতুন বিচারের সুযোগ রয়েছে কি না।
৩) বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা : কোনো বিদেশি সরকারকে এমন নিশ্চয়তা না দেওয়া, যা বাংলাদেশের নির্বাহী বিভাগ আইনগতভাবে বাস্তবায়ন করতে পারে না। আপিল, পুনর্বিচার অথবা রায়ের পরিবর্তনের সিদ্ধান্ত অবশ্যই উপযুক্ত আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় হতে হবে।
বিশেষভাবে লক্ষণীয় : চুক্তির ১০(৪) অনুচ্ছেদে ইতোমধ্যে দণ্ডিত ব্যক্তির প্রত্যর্পণের জন্য রায় ও দণ্ডের সনদ এবং দণ্ড চ্যালেঞ্জ করার অধিকারসংক্রান্ত নির্দিষ্ট নথির শর্ত রয়েছে। অপরদিকে ২০১৬ সালের ২৮ জুলাই স্বাক্ষরিত সংশোধনীতে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে ১০(৩) অনুচ্ছেদের প্রমাণসংক্রান্ত শর্ত সহজ করা হয়েছিল। তাই বাংলাদেশের প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও বর্তমান বিচারিক অবস্থান সংশোধিত চুক্তির আলোকে পরীক্ষা করা জরুরি।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের করণীয়
আন্তর্জাতিক আইনে চুক্তি যথাযথভাবে পালন করার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনের ২৬ নম্বর অনুচ্ছেদে সদিচ্ছার সঙ্গে চুক্তি পালনের নীতি এবং ২৭ নম্বর অনুচ্ছেদে কেবল অভ্যন্তরীণ আইনের অজুহাতে আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা এড়ানোর সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। এসব নীতির গুরুত্বপূর্ণ অংশ প্রথাগত আন্তর্জাতিক আইন হিসাবেও স্বীকৃত। তবে চুক্তিতে অনুমোদিত প্রত্যাখ্যানের কারণগুলো ব্যবহার করা নিজে থেকেই চুক্তিভঙ্গ নয়।
এ অবস্থায় বাংলাদেশ কয়েকটি বাস্তবসম্মত ব্যবস্থা নিতে পারে।
প্রথমত, আনুষ্ঠানিক কূটনৈতিক ব্যাখ্যা দাবি। ভারতের কাছে লিখিতভাবে জানতে চাওয়া, প্রত্যর্পণে আপত্তি থাকলে চুক্তির কোন অনুচ্ছেদ ও কোন তথ্যের ভিত্তিতে তা উত্থাপিত হচ্ছে। দ্বিতীয়ত, সংশোধিত প্রত্যর্পণ অনুরোধ উপস্থাপন। প্রয়োজনে ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রায়ের সনদ, বিচারিক নথি, প্রাসঙ্গিক সাক্ষ্যপ্রমাণ এবং অন্যান্য আইনগত ব্যাখ্যা সংযুক্ত করে অনুরোধ আরও সুসংহত করা। তৃতীয়ত, উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিতে নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ। এই দুই কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক আলোচনা জোরদার করা। চুক্তির ১৮ নম্বর অনুচ্ছেদে পারস্পরিক আইনগত সহায়তারও বিধান রয়েছে। চতুর্থত, আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতা। প্রয়োজনে জাতিসংঘের প্রাসঙ্গিক মানবাধিকারব্যবস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে বিচার এবং জবাবদিহির প্রয়োজনীয়তা তুলে ধরা। পঞ্চমত, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা যাচাই। ভারত চুক্তি ভঙ্গ করেছে বলে বাংলাদেশ মনে করলে আন্তর্জাতিক বিচার আদালত বা অন্য কোনো বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার এখতিয়ার আছে কিনা, তা পরীক্ষা করতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক আইন বাংলাদেশের অবস্থানকে সমর্থন করার যুক্তি দিতে পারে, কিন্তু প্রত্যর্পণ নিশ্চিত করার তাৎক্ষণিক ও বাধ্যতামূলক আন্তর্জাতিক প্রতিকার বর্তমানে স্পষ্ট নয়।
সম্ভাব্য রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো উদ্বেগ সৃষ্টি করছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জেও সড়ক অবরোধ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। পুলিশ কয়েকটি ঘটনার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে, যদিও সব অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়নি।
বর্তমান ক্রমাবনতিশীল পরিস্থিতির কারণে আগামী দিনগুলোতে নিম্নলিখিত ঝুঁকিগুলো আরও প্রকট হয়ে দেখা দিতে পারে :
* সংগঠিত সহিংসতা : রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, বিস্ফোরণ, নাশকতা ও পালটাপালটি সংঘর্ষের ঘটনা।
* রাজনৈতিক উত্তেজনা : শেখ হাসিনার প্রত্যাবর্তন, প্রত্যর্পণ প্রত্যাখ্যান অথবা দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে নতুন বিরোধ।
* কূটনৈতিক অস্বস্তি : ভারতীয় অবস্থান নিয়ে জনমনে ক্ষোভ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব।
* অর্থনৈতিক ক্ষতি : পরিবহণব্যবস্থা ব্যাহত হওয়া, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা এবং বিনিয়োগ পরিবেশের অবনতি।
সরকারের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা
প্রত্যর্পণ-সংক্রান্ত আইনগত প্রচেষ্টা ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার কাজ সমান্তরালভাবে পরিচালিত হওয়া প্রয়োজন।
ক. বিশেষ আইনগত ও কূটনৈতিক সমন্বয়ক দল : পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয়ক দল গঠন করা। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আইন ও প্রত্যর্পণ বিশেষজ্ঞদের যুক্ত করা।
খ. ভারতকে আনুষ্ঠানিক অবস্থান জানাতে অনুরোধ : প্রত্যর্পণ অনুরোধের বর্তমান অবস্থা এবং সম্ভাব্য আইনগত আপত্তি সম্পর্কে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব চাওয়া। চুক্তিতে এমন জবাব দেওয়ার সর্বজনীন সময়সীমা নির্ধারিত না থাকায় আলোচনার মাধ্যমে সময়সীমা স্থিরের চেষ্টা করা।
গ. সহিংসতা প্রতিরোধে গোয়েন্দা ও পুলিশি সমন্বয় : গুরুত্বপূর্ণ স্থাপনা, পরিবহণব্যবস্থা ও জনবহুল স্থানে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা।
ঘ. প্রমাণভিত্তিক অপরাধ তদন্ত : দলীয় পরিচয় নির্বিশেষে সহিংসতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও বাস্তবায়নকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে নিরপরাধ মানুষের অধিকার রক্ষা করা।
ঙ. আন্তর্জাতিক অপরাধের বিচারিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি : সকল অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থন, বিচারিক স্বাধীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার আন্তর্জাতিক মান নিশ্চিত করা। এতে প্রত্যর্পণ-সংক্রান্ত সম্ভাব্য আইনগত আপত্তির মোকাবিলা সহজ হতে পারে।
চ. জাতীয় ঐকমত্য ও জনসচেতনতা : রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপ এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গড়ে তোলা। সেই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর প্রচার মোকাবিলায় স্বচ্ছ তথ্য প্রকাশ করা।
উপসংহার
শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নটি এখন কেবল একজন দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীর বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে গুরুতর অপরাধের বিচার, বাংলাদেশের বিচারিক সার্বভৌমত্ব, দ্বিপক্ষীয় চুক্তির কার্যকারিতা, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন।
এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো-প্রত্যর্পণের দাবিকে একটি সুসংহত আইনগত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা, ভারতের যে কোনো আনুষ্ঠানিক আপত্তির যুক্তিনিষ্ঠ জবাব দেওয়া এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানের চেষ্টা করা। একই সঙ্গে দেশের ভেতরে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা-এই তিন উদ্দেশ্যের সমন্বয়ই বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষার মূল ভিত্তি হতে পারে।
লে কর্নেল মোদাসসের হোসেন খান (অব.) বীর প্রতীক : বীর মুক্তিযোদ্ধা, সামরিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষক
