Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

দেশের রাজনীতি বিদেশে, মূল্য দিচ্ছে সাধারণ বাংলাদেশিরা

Icon

হাসান ইলিয়াছ তানিম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের রাজনীতি বিদেশে, মূল্য দিচ্ছে সাধারণ বাংলাদেশিরা

Advertisement

বাংলাদেশের রাজনৈতিক বিরোধ এখন আর দেশের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই। লন্ডন থেকে নিউইয়র্ক, নিউইয়র্ক থেকে টরন্টো, উত্তর ইউরোপের স্টকহোম ও কোপেনহেগেন থেকে মধ্য ইউরোপের বার্লিন, পশ্চিম ইউরোপের প্যারিস এবং দক্ষিণ ইউরোপের রোম, মাদ্রিদ ও লিসবন পর্যন্ত ছড়িয়ে আছে বাংলাদেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠী। এসব শহরে গড়ে উঠেছে বাংলাদেশিদের বসতি, ব্যবসা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক পরিমণ্ডল। দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়াও তাই মুহূর্তে পৌঁছে যায় এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। সভা, সমাবেশ, প্রতিবাদ ও পালটা প্রতিবাদের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বিভাজন অনেক সময় বিদেশের জনপরিসরেও দৃশ্যমান হয়ে ওঠে। এর অভিঘাত কেবল সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে আটকে থাকে না। বিদেশের মাটিতে জীবিকা গড়া শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, পেশাজীবী ও তাদের পরিবারকেও এর পরোক্ষ মূল্য দিতে হয়।

এর সর্বশেষ এবং উদ্বেগজনক উদাহরণ পূর্ব লন্ডনের রমফোর্ডের ঘটনা। গত ১৬ নভেম্বর ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বাংলাদেশের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে ছয়জন আহত হন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আহতদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়। মেট্রোপলিটন পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি তদন্তাধীন এবং সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী কাউকে গ্রেফতার করা হয়নি।

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে আসা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাতে অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল ছোড়ার অভিযোগও এসেছে।

ঘটনার পর ব্রিটিশ রাজনীতিতেও বিষয়টি আলোচনায় আসে। গ্রেট ইয়ারমাউথের পার্লামেন্ট সদস্য এবং রিস্টোর ব্রিটেন দলের নেতা রুপার্ট লোয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘The Bangladeshi migrants brawling in the romford streets will be deported by a restore britain government.’ অর্থাৎ, রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়ানো বাংলাদেশি অভিবাসীদের তার দল সরকার গঠন করলে বহিষ্কার করা হবে। বক্তব্যটি তার রাজনৈতিক অবস্থান ও দলীয় প্রতিশ্রুতির অংশ। এটি বর্তমান ব্রিটিশ সরকারের ঘোষণা কিংবা কার্যকর সরকারি নীতি নয়।

তবু একজন নির্বাচিত ব্রিটিশ সংসদ-সদস্যের এমন বক্তব্য উপেক্ষা করার সুযোগ নেই। কারণ, অভিবাসনবিরোধী রাজনীতির একটি পরিচিত কৌশল হলো বিচ্ছিন্ন কোনো অপরাধ বা বিশৃঙ্খলার ঘটনাকে বৃহত্তর অভিবাসন সমস্যার প্রমাণ হিসাবে তুলে ধরা। রমফোর্ডের সংঘর্ষের পরও ব্রিটিশ রাজনীতির অভিবাসনবিরোধী অংশের কেউ কেউ ঘটনাটিকে অভিবাসন নীতির সমালোচনায় ব্যবহার করেছেন। এতে একটি বিপজ্জনক প্রবণতা সামনে আসে।

এ ধরনের ঘটনা যে শুধু যুক্তরাজ্যেই ঘটছে, তা নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যাওয়া বাংলাদেশি প্রতিনিধি দলের কয়েকজন সদস্যও হেনস্তার শিকার হন। জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও নেত্রী তাসনিম জারাকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করা হয়। আখতার হোসেনের দিকে ডিম ছোড়া হয়, তাসনিম জারাকে মৌখিকভাবে হেনস্তা করা হয়। জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অধিবেশনে যোগ দিতে যাওয়া একটি দেশের প্রতিনিধিদলের সদস্যদের বিমানবন্দরে এভাবে হেনস্তার ঘটনা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার প্রশ্ন নয়, দেশের কূটনৈতিক মর্যাদার সঙ্গেও জড়িত।

এরপর ২০২৬ সালের সেপ্টেম্বরে ইতালিতে ঘটে আরেকটি উদ্বেগজনক ঘটনা। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে যাওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিযোগ করেন, ইতালির মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় একদল বাংলাদেশি তাকে ঘিরে ধরে হেনস্তা ও শারীরিকভাবে আক্রমণ করে। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই ও আগস্টের ছাত্র আন্দোলনে তার ভূমিকার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলাকারীদের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক হিসাবে পরিচয় দিয়েছিল বলেও তিনি দাবি করেন।

এরও কিছুদিন পর, ২০২৬ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে একদল বাংলাদেশি স্লোগান ও কটূক্তি করেন। সে সময় তিনি হুইলচেয়ারে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে তার উদ্দেশে ‘You are a terrorist' এবং 'Why did you come here?’ বলতে শোনা যায়। তাকে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য দায়ী করে নানা অভিযোগও তোলা হয়।

এ ঘটনাগুলোর মধ্যে একটি সাধারণ যোগসূত্র রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ এখন প্রবাসের বিমানবন্দর, সড়ক, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, এমনকি আন্তর্জাতিক সম্মেলন ঘিরেও উত্তেজনা তৈরি করছে। কখনো এক পক্ষ অন্য পক্ষকে বাধা দিচ্ছে, কখনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অপমান বা আক্রমণের অভিযোগ উঠছে। মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক প্রতিবাদের অধিকার সবার রয়েছে; কিন্তু সেই অধিকার প্রয়োগের নামে অন্যের নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই।

এখানে যুক্তরাজ্যের আইনি বাস্তবতাও বোঝা জরুরি। কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে ব্রিটিশ আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে বিদেশি নাগরিকের বহিষ্কারের ঝুঁকিও তৈরি হতে পারে; কিন্তু কোনো দেশের সব নাগরিককে একসঙ্গে বহিষ্কার করার সুযোগ নেই। প্রত্যেক ব্যক্তির অপরাধের প্রমাণ, অভিবাসনগত অবস্থান, পারিবারিক ও মানবিক পরিস্থিতি এবং প্রযোজ্য আইনি সুরক্ষা আলাদাভাবে বিবেচনা করতে হয়। তাই রুপার্ট লোয়ের বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও সেটিকে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত হিসাবে প্রচার করা তথ্যগতভাবে ভুল হবে।

সমস্যাটি শুধু আইনি পরিসরে সীমাবদ্ধ নয়। এর একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। বিদেশে একজন বাংলাদেশি যখন সহিংসতা বা অপরাধের ঘটনায় জড়ান, তখন স্থানীয় মানুষের একটি অংশের কাছে বাংলাদেশি সম্প্রদায় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। সংবাদমাধ্যমে জাতীয় পরিচয় সামনে চলে এলে অনেক সময় ব্যক্তির দায় আর সম্প্রদায়ের পরিচয়ের মধ্যে পার্থক্যটি আড়ালে পড়ে যায়। এর প্রভাব পড়তে পারে প্রতিবেশী, সহকর্মী, নিয়োগদাতা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রবাসীদের সম্পর্কে।

এ বাস্তবতার সঙ্গে বাংলাদেশের অর্থনীতিরও সরাসরি সম্পর্ক রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। লাখ লাখ পরিবার এ আয়ের ওপর নির্ভরশীল। বিদেশে কর্মসংস্থানের সুযোগ, বৈধ অভিবাসনের পথ এবং প্রবাসীদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘমেয়াদে রেমিট্যান্স প্রবাহেও প্রভাব পড়তে পারে। এছাড়া বিদেশে বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট হলে ভবিষ্যতে কর্মসংস্থান, ভিসা এবং অভিবাসনের সুযোগ নিয়ে বাড়তি প্রশ্ন তৈরি হতে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত পড়তে পারে দেশের শ্রমবাজার, বৈদেশিক আয় এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মতবিরোধ নতুন কিছু নয়। গণতান্ত্রিক সমাজে মতের পার্থক্য থাকবে, প্রতিবাদ হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু রাজনৈতিক মত প্রকাশের অধিকার আর সহিংসতার অধিকার এক বিষয় নয়। যুক্তরাজ্য, ইউরোপ কিংবা উত্তর আমেরিকার মতো দেশে মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারেন, সভা করতে পারেন, ভিন্নমত প্রকাশ করতে পারেন। এ অধিকার যেমন সবার জন্য, তেমনি অন্যের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রাখার দায়িত্বও সবার। কাউকে হেনস্তা করা, হামলা করা কিংবা ভয় দেখানো কোনোভাবেই গণতান্ত্রিক অধিকারের অংশ হতে পারে না। বাংলাদেশের রাজনীতির সংঘাত বিদেশের মাটিতে বহন করে নেওয়া তাই শুধু বিব্রতকর নয়, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অর্জন ও সামাজিক অবস্থানের জন্যও ক্ষতিকর।

লন্ডনের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার সময় এখনই। ব্রিটিশ পুলিশ তদন্ত করে দায়ীদের শনাক্ত করবে এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা। একইভাবে যুক্তরাষ্ট্র ও ইতালিতে সংঘটিত ঘটনাগুলোর ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও স্পষ্ট বার্তা দেওয়া দরকার, দেশের রাজনৈতিক বিরোধ বিদেশের রাস্তায় নিয়ে গিয়ে কোনো বাংলাদেশির নিরাপত্তা, সম্মান কিংবা ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা যাবে না। বিদেশের মাটিতে রাজনৈতিক সংঘর্ষে কোনো পক্ষের প্রকৃত বিজয় হয় না। বরং ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের নাম, প্রশ্নের মুখে পড়ে প্রবাসীদের অর্জিত সম্মান, আর মূল্য দিতে হয় সেই সাধারণ মানুষকে, যার হয়তো কোনো দলীয় পরিচয় নেই, আছে শুধু একজন বাংলাদেশি হিসাবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার।

হাসান ইলিয়াছ তানিম : যুগান্তরের প্যারিস প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

রূপপুর হয়ে উঠুক বিদ্যুৎ সক্ষমতার নির্ভরযোগ্য কেন্দ্র

দোষারোপ নয়, সমাধানের পথ খুঁজতে হবে সব পক্ষকেই

দোষারোপ নয়, সমাধানের পথ খুঁজতে হবে সব পক্ষকেই

দেশের রাজনীতি বিদেশে, মূল্য দিচ্ছে সাধারণ বাংলাদেশিরা

দেশের রাজনীতি বিদেশে, মূল্য দিচ্ছে সাধারণ বাংলাদেশিরা

অন্যমত কালক্ষেপণের সুযোগ নেই

কালক্ষেপণের সুযোগ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম