Logo
Logo
×

Advertisement

উপসম্পাদকীয়

সশস্ত্র বাহিনী দিবস ও একাত্তরের চেতনা

Icon

মে. জে. এইচআরএম রোকন উদ্দিন (অব.)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২১ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। প্রতিবছর এই দিনে জাতি স্মরণ করে মুক্তিযুদ্ধের সেই মুহূর্তটি, যখন বিক্ষিপ্ত ও অগোছালো প্রতিরোধ সংগঠিত সামরিক কাঠামোর রূপ নিয়েছিল। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী তিনটি সংগঠিত শক্তি হিসাবে বাংলাদেশ ফোর্সেসের অধীনে সমন্বিতভাবে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে শুরু করে। দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালিত হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়। এটি মনে করিয়ে দেয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ঔপনিবেশিক উত্তরাধিকার নয়, বরং স্বাধীনতা-সংগ্রামের মধ্য দিয়েই জন্ম নিয়েছে।

স্বাধীনতা যুদ্ধে প্রাথমিক প্রতিরোধ ছিল স্বতঃস্ফূর্ত। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, ইপিআর ও পুলিশ সদস্যরা অধিনায়কদের বিরুদ্ধে বিদ্রোহ করে লড়াইয়ে নামেন। চট্টগ্রাম, জয়দেবপুর, কুমিল্লা, যশোরসহ বিভিন্ন স্থানে তারা উন্নততর অস্ত্রসজ্জিত শত্রুর মুখোমুখি দাঁড়ান, আর ছাত্র, কৃষক ও সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু শুধু সাহস দিয়ে দীর্ঘ যুদ্ধ চালানো সম্ভব ছিল না। প্রয়োজন ছিল সংগঠন, নির্দেশনার কাঠামো, রসদ, প্রশিক্ষণ এবং একটি রাজনৈতিক কর্তৃত্ব।

সেই কর্তৃত্ব এলো ১৯৭১ সালের ১৭ এপ্রিল, মেহেরপুরের বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে। সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হন। পাকিস্তান সেনাবাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা কর্নেল এমএজি ওসমানী বাংলাদেশ ফোর্সেসের প্রধান সেনাপতির দায়িত্ব নেন। ১১ থেকে ১৭ জুলাই কলকাতায় অনুষ্ঠিত সেক্টর কমান্ডারস কনফারেন্সে দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়, পরে যার সঙ্গে সাব-সেক্টর যুক্ত হয়। একই সম্মেলনে নিয়মিত বাহিনী, গেরিলা বাহিনী এবং নৌ ও বিমান শাখা নিয়ে ত্রিমুখী কাঠামো গঠিত হয়। তিনটি নিয়মিত ব্রিগেড গড়ে ওঠে : জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, কেএম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স এবং খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স। পাশাপাশি ভারত সীমান্তের প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষিত প্রায় এক লাখ মুক্তিবাহিনীর গেরিলা এবং কাদের বাহিনী ও মুজিব বাহিনীর মতো গোষ্ঠী যুদ্ধ চালিয়ে যায়।

নিয়মিত সেনাবাহিনী গড়ে ওঠে বিদ্রোহী সৈনিক ও তাদের সঙ্গে যোগ দেওয়া তরুণদের নিয়ে, যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়নে প্রশিক্ষণ পান। বেলোনিয়া, কামালপুর, ছাগলনাইয়া ও সিলেটের প্রাথমিক সংঘর্ষে প্রমাণিত হয়-ব্যারাক ছেড়ে আসা সৈনিক ও নতুন রিক্রুটরা শৃঙ্খলার সঙ্গে পেশাদার বাহিনীর মোকাবিলা করতে সক্ষম।

নৌবাহিনীর গঠন হয়েছিল অপ্রচলিত পথে। পাকিস্তানি জাহাজ ও ঘাঁটি থেকে পালিয়ে আসা বাঙালি নৌসদস্য এবং নদীনির্ভর জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবকদের ভারতীয় কেন্দ্রে নৌ-কমান্ডো হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৭১ সালের ১৫ আগস্ট ‘অপারেশন জ্যাকপটে’ প্রায় ৫০০ কমান্ডো একযোগে চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে বন্দর ও জাহাজে মাইন বসিয়ে হামলা চালান, কয়েক ডজন জাহাজ ডুবিয়ে দেন বা অচল করেন এবং শত্রুর অস্ত্র ও রসদ সরবরাহ ব্যাহত করেন। বাংলাদেশের প্রথম যুদ্ধজাহাজ ‘পদ্মা’ ও ‘পলাশ’ চালু হয়, যা বাহিনীকে সমুদ্রগামী পরিচয় দেয়। লিম্পেট মাইন ও সামান্য সরঞ্জাম নিয়ে নদী-খালে দুঃসাহসী অভিযান চালিয়ে নৌ-কমান্ডোরা অনন্য খ্যাতি অর্জন করেন।

বিমানবাহিনীর যাত্রা ছিল আরও সীমিত সম্বলে। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে একটি ক্ষুদ্র ইউনিট গঠিত হয়। এতে ছিলেন হাতেগোনা কয়েকজন বাঙালি পাইলট ও কয়েক ডজন টেকনিশিয়ান, আর বিমান বলতে ছিল ভারতের দেওয়া একটি অটার, একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং একটি ক্যারিবু পরিবহণ বিমান। দেশীয়ভাবে তৈরি রকেট পড ও বোমা বহনের ব্যবস্থা নিয়ে ডিসেম্বরের শুরুতে তারা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তেল স্থাপনায় রাতে আক্রমণ চালায়। বস্তুগত ক্ষতি সীমিত হলেও এর প্রতীকী তাৎপর্য ছিল বিশাল।

এ প্রেক্ষাপটেই ১৯৭১ সালের ২১ নভেম্বর হয়ে ওঠে বিভিন্ন সুতা একসঙ্গে গাঁথার দিন। আগের কয়েক সপ্তাহে বাংলাদেশ ফোর্সেস একাধিক রণাঙ্গনে সমন্বিত আক্রমণ জোরদার করে। যশোরের গরিবপুরে ২০ থেকে ২১ নভেম্বর মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে এক উল্লেখযোগ্য লড়াই করে, আর বয়রা সীমান্তে ২১ ও ২২ নভেম্বর তুমুল যুদ্ধ হয়। নভেম্বরের শেষ নাগাদ বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী বিচ্ছিন্ন স্থানীয় প্রতিরোধের বদলে একটি সমন্বিত বাংলাদেশ কমান্ডের অধীনে তিনটি সংগঠিত বাহিনী হিসাবে কাজ করছিল। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে আক্রমণ চালালে যুদ্ধ প্রকাশ্য ও প্রচলিত পর্যায়ে প্রবেশ করে এবং বাংলাদেশ ও ভারতীয় বাহিনী লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে যৌথ কমান্ড গঠন করে, যেখানে বাংলাদেশের পক্ষে উপ-সেনাপ্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

এর ১৩ দিন পর, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ঢাকার রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজী লেফটেন্যান্ট জেনারেল অরোরার সামনে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন, বাংলাদেশ ফোর্সেসের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সামরিক ও আধাসামরিক সদস্য যুদ্ধবন্দি হন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম আত্মসমর্পণ। সরকারি হিসাবে নয় মাসের যুদ্ধে প্রায় ত্রিশ লাখ মানুষ প্রাণ হারান এবং আনুমানিক দুই লাখ নারী নির্যাতনের শিকার হন। প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়, যা এ অঞ্চলের রাজনৈতিক হিসাব বদলে দেয়।

২১ নভেম্বরের তাৎপর্য আংশিকভাবে নিহিত রয়েছে প্রাতিষ্ঠানিক প্রতীকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তার পরিচয় খুঁজে পায় ঔপনিবেশিক উত্তরাধিকারে নয়, জনগণের যুদ্ধে। এর প্রতিষ্ঠাতা প্রজন্মে ছিলেন সেসব সৈনিক, যারা নিজ জনগণের ওপর গুলি চালানোর আদেশ অমান্য করেছিলেন; সেসব নাবিক, যারা যুদ্ধজাহাজ ছেড়ে কমান্ডো হয়েছিলেন এবং সেসব বৈমানিক, যারা ধার করা বিমানে দেশীয় অস্ত্র নিয়ে আকাশে উড়েছিলেন। এ উৎস এমন এক আত্মপরিচয় গড়ে তুলেছে, যেখানে সশস্ত্র বাহিনী ১৯৭১ সালে জন্ম নেওয়া জাতির সার্বভৌমত্ব ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য নিবেদিত। বীরত্বের এ ঐতিহ্য আনুষ্ঠানিক রূপ পেয়েছে সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদানের মাধ্যমে, যা পেয়েছেন সাতজন বীর : ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহি হামিদুর রহমান, সিপাহি মোস্তফা কামাল, ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন। তারা সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্য-যে তিন বাহিনীর গঠনকে এই দিন স্মরণ করে, এ যেন তারই প্রতিফলন। হাইজ্যাক করা প্রশিক্ষণ বিমান বাংলাদেশের আকাশসীমা থেকে সরিয়ে নিতে সংগ্রামকারী মতিউর রহমান সবচেয়ে স্মরণীয়দের একজন; আর রুহুল আমিন শহীদ হন শিবসা নদীতে তার গানবোট আক্রান্ত হলে।

এই দিবসের অনুপ্রেরণা রণাঙ্গনের গণ্ডি ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। প্রথমত, এটি সম্মিলিত ঐক্য ও শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছাত্র, কৃষক, পুলিশ, সৈনিক ও রাজনীতিবিদ অভিন্ন নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিলেন বলেই এমন এক বিজয় অর্জন সম্ভব হয়েছিল, যা কোনো একক গোষ্ঠীর পক্ষে অর্জন করা সম্ভব ছিল না। দ্বিতীয়ত, প্রবল প্রতিকূলতার মধ্যেও উদ্ভাবনী চিন্তা, কৌশল ও নৈতিক দৃঢ়তার গুরুত্ব এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়। অপারেশন জ্যাকপট ও কিলো ফ্লাইট তারই উজ্জ্বল উদাহরণ। তৃতীয়ত, এই দিবসের অন্যতম বড় শিক্ষা হলো, সামরিক বাহিনীর প্রকৃত শক্তি ও গ্রহণযোগ্যতার ভিত্তি হচ্ছে জনগণের আস্থা এবং তাদের প্রতি সেবার অঙ্গীকার। পরবর্তী দশকগুলোতে বাংলাদেশ এই শিক্ষা বহন করে চলেছে ঘূর্ণিঝড় ও বন্যায় দুর্যোগ মোকাবিলায়, জাতিগঠনমূলক কাজে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, যেখানে ১৯৮৮ সাল থেকে অংশ নিয়ে দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ সেনা প্রদানকারী দেশে পরিণত হয়েছে।

নতুন প্রজন্মকে ২১ নভেম্বর স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা কোনো উপহার ছিল না, বরং এটি প্রস্তুতি, আত্মত্যাগ ও সম্মিলিত সংকল্পের ফসল। সেক্টর কমান্ডারস কনফারেন্স, নিয়মিত ব্রিগেড গঠন, নৌ-কমান্ডোদের অভিযান এবং কিলো ফ্লাইটের প্রথম উড্ডয়ন-প্রতিটিই ছিল শূন্য থেকে একটি রাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ধাপ। এগুলো স্মরণ করা মানে শুধু উর্দিধারী যোদ্ধাদের নয়, সেসব গ্রামবাসীকেও সম্মান জানানো, যারা যোদ্ধাদের আশ্রয় দিয়েছেন; সেই শরণার্থীদেরও, যারা সীমান্তের ওপারে থেকে মুক্তিসংগ্রামকে টিকিয়ে রেখেছেন এবং অগণিত সাধারণ মানুষকেও, যারা সর্বোচ্চ মূল্য দিয়েছেন।

আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শক্তি আজও সেই একই ভিত্তির উপর দাঁড়িয়ে, যা ছিল ১৯৭১ সালে : পেশাদারত্ব, শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে অটুট বন্ধন। এই দিনটি সশস্ত্র বাহিনী ও জাতি উভয়কেই আহ্বান জানায় সেই আদর্শ ধারণ করতে, যার জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন-যাতে এ আত্মত্যাগ দেশের ভবিষ্যতের পথনির্দেশক আলো হয়ে থাকে।

মেজর জেনারেল এইচআরএম রোকন উদ্দিন (অব.) : নিরাপত্তা বিশ্লেষক

[email protected]

Advertisement

Advertisement

আরও পড়ুন

আশি কোটি কর্মসংস্থানের ঘাটতি পূরণ করবে কে

আশি কোটি কর্মসংস্থানের ঘাটতি পূরণ করবে কে

আইসিজের রায় রোহিঙ্গাদের ভাগ্য বদলাবে কি

আইসিজের রায় রোহিঙ্গাদের ভাগ্য বদলাবে কি

সশস্ত্র বাহিনী দিবস ও একাত্তরের চেতনা

সশস্ত্র বাহিনী দিবস ও একাত্তরের চেতনা

শতফুল ফুটতে দাও কঠিন সময়ে যোগ্য নেতা

কঠিন সময়ে যোগ্য নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম