Logo
Logo
×

Advertisement

বাতায়ন

শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা

Icon

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা

করোনার প্রতীকী ছবি

Advertisement

করোনার প্রাদুর্ভাবে সমগ্র বিশ্ব স্বাস্থ্যঝুঁকিতে। বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে-কখন করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছবে। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে করোনার ভ্যাকসিনের ওপর অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছেন। আবার ইতোমধ্যে রাশিয়া, চীন ও ভারত করোনার ভ্যাকসিন বাজারজাতকরণে আশা প্রকাশ করেছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো অনবরত করোনার ওপর সর্বশেষ খবর প্রকাশ করে যাচ্ছে। যাহোক, করোনাভাইরাস মানুষের শরীরে স্থানান্তরের ব্যাপারে পরিবেশগত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মধ্যে গবেষণায় দেখা যাচ্ছে, তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাস মানুষের শরীরে স্থানান্তরের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বলা যায়, জলবায়ু পরিবর্তনের দ্বারাও করোনাভাইরাসের স্থানান্তর প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ, ইনফ্লুয়েঞ্জা ও ইবোলা ভাইরাসের স্থানান্তরে পরিবেশগত উপাদান দায়ী ছিল। বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, করোনাভাইরাসটির স্থানান্তরের ক্ষেত্রেও পরিবেশগত তাপমাত্রা বৃদ্ধি ও কমার সঙ্গে সম্পর্কের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করোনার প্রাদুর্ভাব কমাতে আশীর্বাদ হলেও জলবায়ু পরিবর্তনের হুমকি রয়েছে। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। তাপমাত্রা বৃদ্ধিতে পৃথিবীর গোলার্ধে জমাকৃত বরফখণ্ড গলে সমুদ্রের পানির উচ্চতা বাড়াতে সাহায্য করে। ফলে পৃথিবীর মানুষ প্রতিনিয়ত পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিককালে করোনার মহামারী মানবজাতিকে কোনো এক অজানা গন্তব্যস্থলের দিকে নিয়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করলেও পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখার জন্য তাপমাত্রার বৃদ্ধির হার মানুষের জন্য সহনশীল মাত্রায় হওয়া উচিত।

গবেষণায় দেখা যায়, মিসর ও অস্ট্রেলিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে করোনাভাইরাস ট্রান্সমিশনের নিবিড় সম্পর্ক রয়েছে। বিজ্ঞানীরা মাসিক তাপমাত্রা বৃদ্ধির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখতে পান, করোনাভাইরাস ১৩-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি ট্রান্সমিশন হয়। আবার ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে ভাইরাসটির স্থায়িত্ব পরিবেশে কমে যায়। বাংলাদেশে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পরিবেশের গড় তাপমাত্রা প্রায় ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবার কোনো কোনো মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরও পাওয়া যায়। সেই অঙ্কটি যদি করা হয়, তাহলে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত শনাক্ত ও মৃত্যুর হার বিশ্বের অনেক দেশের তুলনায় কম। তারপরও প্রতিটি মৃত্যুই মৃত্যু। করোনায় প্রতিটি মৃত্যুই অজানা গন্তব্যের শঙ্কা বাড়িয়ে দেয়।

অনেক সময় শীতকালে তাপমাত্রা কম থাকায় প্রচণ্ড শীতে অনেক মানুষের শ্বাস-প্রশ্বাসের তীব্র সমস্যা হয়। ওইসব মানুষ যদি করোনার সম্মুখীন হয়, তাহলে মৃত্যুঝুঁকি বেড়ে যাবে। যদিও মেটেরোলজিক্যাল ডেটার সঙ্গে কোভিড-১৯-এর সম্পর্ক অনেকটা গবেষণাধীন। তবুও বিজ্ঞানীরা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখতে পান, তাপমাত্রার সঙ্গে কোভিড-১৯-এর সম্পর্ক রয়েছে। একদল গবেষক ১৬৬টি দেশের রেকর্ডকৃত তাপমাত্রার সঙ্গে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যার পরিসংখ্যানগত বিশ্লেষণ করেন। ওই বিজ্ঞানীরা দেখতে পান, প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে ৩.০৮ শতাংশ নতুন শনাক্তের সংখ্যা কমে। অন্যদিকে প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে মৃত্যুর সংখ্যা ১.১৯ শতাংশ হারে কমে।

ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নালের তথ্যমতে জানা যায়, চায়নায় খুব সামান্য পরিমাণে করোনাভাইরাসের ওপর তাপমাত্রার প্রভাব পাওয়া যায়। অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের ‘দ্য ল্যানসেট’ জার্নাল অনুযায়ী, ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনাভাইরাস ১৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আবার ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসটি ৫ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিশ্বের বিখ্যাত ভাইরোলজিস্ট ও ইপিডেমোলজিস্টদের মতে, তাপমাত্রা, সূর্যের আলো ও আর্দ্রতা-এ তিনটি জিনিস করোনাভাইরাস কখনও পছন্দ করে না।

বিখ্যাত ভাইরোলজিস্ট নিকোলাস বলেছেন, সূর্যের আলো করোনাভাইরাসকে সহজেই মারতে পারে। সূর্যের আলো ভাইরাসটির অর্ধেক আয়ু কমিয়ে দেয়। যদি করোনাভাইরাসের আয়ু ৫ মিনিট হয়, তাহলে সূর্যের আলোর প্রভাবে ভাইরাসটি ২.৫ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারবে। আবার অন্ধকারে ১৩-২০ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় করোনায় মোট শনাক্ত ও মৃত্যুর হিসাবে আমেরিকা সবচেয়ে এগিয়ে। আমেরিকায় ২ সেপ্টেম্বর ২০২০ সাল পর্যন্ত মোট শনাক্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬১ লাখ ৭৫ হাজার ৮ ও ১ লাখ ৮৭ হাজার ২২৭। সমগ্র বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর বিবেচনায় ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালি করোনায় সংক্রমণ ও মৃত্যুতে পিছিয়ে নেই। আবার অন্য দেশের তুলনায় এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতেও করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার বেশি।

বিশ্বে করোনায় সংক্রমণের চিত্রটি যদি পুরোপুরি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাচ্ছে, শীতপ্রধান অঞ্চলে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার উষ্ণ অঞ্চলের তুলনায় অনেক বেশি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একদল বিজ্ঞানী বিশ্বের করোনায় আক্রান্ত দেশগুলোর ওপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে গবেষণায় প্রাপ্ত ফলাফল পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করেন। ওই তথ্যানুযায়ী দেখা যাচ্ছে, ১৬ মার্চ ২০২০ সাল পর্যন্ত বিশ্বের মোট শনাক্তের মাত্র ১.৮ শতাংশ নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। বাকি ৯৮ শতাংশের বেশি করোনায় শনাক্ত মানুষ শীতপ্রধান অঞ্চলে দেখা যায়। যদি মৃত্যুর অঙ্ক হিসাব করা হয়, তাহলে মাত্র ০.৫২ শতাংশ দেখা যায় উষ্ণ অঞ্চলে। বাকি ৯৯ শতাংশের বেশি মৃত্যু শীতপ্রধান অঞ্চলে দেখা যায়।

বাংলাদেশ ডিসেম্বর থেকে জানুয়ারি দুই মাস প্রচণ্ড শীতের সম্মুখীন হয়। ওই সময় রাতের তাপমাত্রা ৩-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দিনে গড় তাপমাত্রা সাধারণত ১০-১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। আবার কোনো কোনো এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। মোটাদাগে বলা যায়, শীতকালে বাংলাদেশের আবহাওয়া অনেকটা ইউরোপ-আমেরিকার মতো শীতপ্রধান অঞ্চলের মতো দেখা যায়। যদি তাই হয়, তাহলে আসছে শীতে বাংলাদেশে করোনার মহামারী বাড়ার আশঙ্কা রয়েছে। অনেকেই ভাবছে, করোনার প্রাদুর্ভাব আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই কমে যাবে। গবেষণার পরিসংখ্যানে হিসাবটি ভিন্ন হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শীতে সূর্যের আলোর তীব্রতা ও আর্দ্রতা কমে যাবে। ফলে ভিটামিন ‘ডি’-র স্বল্পতা দেখা দিয়ে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। এ অবস্থায়, শীতে করোনার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। যুক্তরাজ্যে ‘একাডেমি অব মেডিকেল সায়েন্স’-এর গবেষণার মডেলটি বিশ্লেষণ করলে দেখা যায়, সেপ্টেম্বর ২০২০ থেকে জুন ২০২১ সাল পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সাধারণ হিসাবের চেয়ে প্রায় ১ লাখ ১৯ হাজার ৯০০ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন’-এর তথ্যমতে, ব্রিটেন, সেন্ট্রাল এশিয়া, ইস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ, নর্দান অ্যান্ড মিডওয়েস্টার্ন ইউএসএ এবং কানাডার ব্রিটিশ কলোম্বিয়ায়ও শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায়, করোনার বিধি পালনে বাংলাদেশের মানুষকে আরও দায়িত্বশীল হতে হবে। যদিও শুরুতে, বর্তমান সময়ের তুলনায় করোনার প্রাদুর্ভাবে মানুষ স্বাস্থ্যবিধির প্রতি বেশি শ্রদ্ধাশীল ছিল, বর্তমানে মানুষ করোনার স্বাস্থ্যবিধির প্রতি অনেকটা ঢিলেঢালা। দেখা যাচ্ছে, মানুষের কাছে করোনার স্বাস্থ্যবিধি যেন বইয়ের মোড়কে আবদ্ধ। যদি এ ধরনের ঢিলেঢালা মনোভাব দেখা যায়, তাহলে ভবিষ্যতে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। সে জন্য আসছে শীতে, বাংলাদেশের মানুষকে মাস্ক, সামাজিক দূরত্ব ও ঘনঘন হাত ধোয়ার ব্যাপারে খুবই সচেতন হতে হবে। এমনকি সরকার কর্তৃক ঘোষিত আগের নিয়ম বাস্তবায়নসহ কঠোর লকডাউনের ভেতরে মানুষকে তাদের দৈনন্দিন জীবনযাপন পালন করতে হতে পারে।

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : সহযোগী অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

[email protected]

Advertisement

শীত করোনা প্রকোপ বৃদ্ধি আশঙ্কা

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে

বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে

দুর্ঘটনা থেকে নিরাপদ জন্মভূমির অভিমুখে

দুর্ঘটনা থেকে নিরাপদ জন্মভূমির অভিমুখে

এদিন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

এদিন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

৭ নভেম্বর ও শহীদ জিয়ার কালজয়ী রাষ্ট্রদর্শন

৭ নভেম্বর ও শহীদ জিয়ার কালজয়ী রাষ্ট্রদর্শন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম