বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত সংকট নয়, এটি অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং উন্নয়নের অর্জন রক্ষারও বড় চ্যালেঞ্জ। ঘূর্ণিঝড়, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, হাওরাঞ্চলের আকস্মিক বন্যা, উত্তর-পশ্চিমাঞ্চলের খরা ও তীব্র তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে। এসব অভিঘাত কৃষি উৎপাদন ব্যাহত করে, পরিবারের সঞ্চয় ও সম্পদ নষ্ট করে এবং সরকারের পুনর্বাসন ও উন্নয়ন ব্যয় বাড়িয়ে দেয়। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রশ্নটি দুর্যোগের ক্ষতি কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত দারিদ্র্য হ্রাস, উৎপাদনশীলতা, সামাজিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯-২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠানরত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন-কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) বাংলাদেশের জন্য আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব ফলে রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত পর্যাপ্ত ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজনের কার্যকারিতা বাড়ানো এবং অনিবার্য জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক সহায়তা আদায় করা। একই সঙ্গে উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা বজায় রেখে কম নিঃসরণনির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার পথ নির্ধারণ করা। এ লক্ষ্যগুলো পরস্পর সম্পর্কিত। অর্থায়ন ছাড়া অভিযোজনের পরিসর বাড়ানো কঠিন, আর কার্যকর অভিযোজন ও সামাজিক সুরক্ষা ছাড়া জলবায়ু ঝুঁকির অর্থনৈতিক মূল্য কমানো সম্ভব নয়।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকির মাত্রা বোঝার জন্য শুধু ভৌগোলিক অবস্থান বিবেচনা করলেই চলবে না; মানুষের জীবিকা, সম্পদের বণ্টন এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও আমাদের বুঝতে হবে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা কৃষিজমি ও সুপেয় পানির উৎসকে ক্ষতিগ্রস্ত করে। হাওড়াঞ্চলে বোরো ধান কাটার আগে আকস্মিক বন্যা কৃষকের সারা বছরের বিনিয়োগ নষ্ট করে দিতে পারে। নদীভাঙনে পরিবার বসতভিটা ও উৎপাদনশীল সম্পদ হারায়। তাপপ্রবাহ কৃষি ও অকৃষি শ্রমিকের স্বাস্থ্য এবং কর্মক্ষমতা কমায়, আর অনিয়মিত বৃষ্টিপাত ফসল উৎপাদনের পরিকল্পনাকে অনিশ্চিত করে তোলে।
বিশ্বব্যাংকের ২০২২ সালের Bangladesh Country Climate and Development প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়ে দেশে গড়ে বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়। জলবায়ুর পরিবর্তনশীলতা ও বৈরী আবহাওয়ার প্রভাবে ২০৫০ সালের মধ্যে কৃষি খাতের জিডিপি এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। একই সময়সীমায় জলবায়ুর প্রভাবে ১ কোটি ৩৩ লাখ মানুষ দেশের অভ্যন্তরে স্থানান্তরে বাধ্য হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও এসব সংখ্যা সম্ভাব্য পরিস্থিতির পূর্বাভাস। যথাসময়ে বিনিয়োগ না করলে জলবায়ুজনিত ক্ষতি শুধু কৃষি ও অবকাঠামোতেই সীমাবদ্ধ থাকবে না, তা দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের অগ্রগতিও বাধাগ্রস্ত করতে পারে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার অভিজ্ঞতা বলছে, পরিকল্পিত বিনিয়োগ ও স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র এবং কমিউনিটিভিত্তিক প্রস্তুতি প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন এই অভিজ্ঞতাকে কৃষি, পানি ব্যবস্থাপনা, গ্রামীণ অবকাঠামো ও জীবিকা সুরক্ষায় আরও প্রসারিত করতে হবে। ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি দুর্যোগের আগেই ক্ষতি কমানো এবং পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোকে উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ করতে হবে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়নের প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, ২০২৩-২০৫০ সময়কালে ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে আনুমানিক ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। অন্যদিকে, এনডিসি ৩.০ অনুযায়ী, ২০২৬-২০৩৫ সময়কালে নিঃসরণ হ্রাসের লক্ষ্য বাস্তবায়নে ১১৬.১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে, যার মধ্যে ৯০.২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের এনডিসি ৩.০-তে উপস্থাপিত তথ্য অনুযায়ী ২০২১-২০২৪ অর্থবছরে প্রশমন কার্যক্রমে গড় বার্ষিক অর্থপ্রবাহ প্রায় ৩ বিলিয়ন ডলার এবং অভিযোজন কার্যক্রমে প্রায় ৪ বিলিয়ন ডলার। একই ডকুমেন্ট অনুযায়ী, অভিযোজনের অগ্রাধিকারগুলো বাস্তবায়নে বছরে প্রায় ৮.৫ বিলিয়ন ডলার প্রয়োজন অথচ ২০২১-২০২৩ সময়কালে আন্তর্জাতিক উৎস থেকে অভিযোজন অর্থায়ন এসেছে বছরে গড়ে কেবল ৪০০ মিলিয়ন ডলার। তার মানে হলো ঝুঁকি মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থের সঙ্গে বিদ্যমান অর্থপ্রবাহের উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি দেশীয় বাজেটের অগ্রাধিকার, কার্যকর প্রকল্প নির্বাচন এবং বেসরকারি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ২০২৫ সালের Adaptation Gap Report অনুসারে, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন ব্যয় ২০৩৫ সালে বছরে ৩১০-৩৬৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বিপরীতে, ২০২৩ সালে এসব দেশে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের প্রবাহ ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার-২০২২ সালের ২৮ বিলিয়ন ডলারের চেয়েও কম। অর্থাৎ ভবিষ্যতের বার্ষিক চাহিদা বর্তমান অর্থপ্রবাহের প্রায় ১২-১৪ গুণ। এ ব্যবধান স্পষ্টভাবে বলছে শুধু নতুন তহবিল ঘোষণা করে অভিযোজনের সংকট সমাধান করা যাবে না, অর্থায়নের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তা কীভাবে বিতরণ করা হচ্ছে, কারা পাচ্ছে এবং কী ফল তৈরি হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে।
কপ-৩১-এ বাংলাদেশের দরকষাকষিতে তাই অর্থের পরিমাণের পাশাপাশি অর্থায়নের গুণগত দিককে অগ্রাধিকার দেওয়া জরুরি। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী অথচ অধিক ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের বোঝায় ফেলে অভিযোজনের ব্যয় মেটানো দীর্ঘমেয়াদে তাদের আর্থিক দুর্বলতা বাড়াতে পারে। উপকূলীয় সুরক্ষা, নিরাপদ পানি, দুর্যোগ প্রস্তুতি এবং দরিদ্র জনগোষ্ঠীর অভিযোজনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে অনুদান ও অত্যন্ত সহজ শর্তের অর্থায়ন প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক তহবিলের আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করা উচিত, যাতে প্রশাসনিক জটিলতা ও প্রকল্প প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে সহায়তা আটকে না থাকে।
অর্থায়নের স্বচ্ছতাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুত অর্থ, অনুমোদিত অর্থ এবং বাস্তবে বিতরণ করা অর্থের হিসাব আলাদাভাবে প্রকাশ করতে হবে। জলবায়ু অর্থায়নের নামে বিদ্যমান উন্নয়ন সহায়তাকে পুনর্গণনা করা হচ্ছে কি না, প্রকল্পের ঋণ ও অনুদানের অনুপাত কত এবং অর্থের সুফল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, সেসব বিষয়ও যাচাই করতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়নের জবাবদিহির দাবি তোলার পাশাপাশি নিজস্ব প্রকল্প নির্বাচন, ব্যয় নিরীক্ষা এবং ফলাফল মূল্যায়নের ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।
অর্থায়নের বাস্তব মূল্যায়ন শেষ পর্যন্ত নির্ভর করবে অভিযোজন মানুষের জীবন ও উৎপাদনব্যবস্থায় কতটা পরিবর্তন আনতে পারছে তার ওপর। কৃষিতে লবণাক্ততা, খরা ও বন্যাসহিষ্ণু জাতের ব্যবহার, পানি সাশ্রয়ী সেচ, উন্নত আবহাওয়ার পূর্বাভাস এবং সময়োপযোগী কৃষি পরামর্শ উৎপাদনের ঝুঁকি কমাতে পারে। কিন্তু প্রযুক্তি উদ্ভাবন করলেই সুফল নিশ্চিত হয় না, তা কৃষকের কাছে পৌঁছানো, গ্রহণের সক্ষমতা তৈরি এবং প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করাও জরুরি। কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশকে কপ-৩১-এ দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার, জীবিকা পুনর্গঠন এবং ধীরগতির জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য বাস্তবসম্মত অর্থায়নের দাবি জানাতে হবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর চাহিদা নিরূপণ, ক্ষতির তথ্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সহায়তা পৌঁছে দেওয়ার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। ক্ষয়ক্ষতি তহবিলকে কার্যকর করতে হলে তা যেন দীর্ঘ ও জটিল প্রকল্প অনুমোদনের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়, সেটিও নিশ্চিত করা দরকার।
জলবায়ুজনিত স্থানান্তরকেও শুধু মানুষের বাসস্থান পরিবর্তনের বিষয় হিসেবে দেখা যাবে না। নতুন স্থানে নিরাপদ আবাসন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত না হলে স্থানান্তর নতুন দারিদ্র্য ও সামাজিক অনিশ্চয়তা তৈরি করতে পারে। যেখানে পুনর্বাসন অনিবার্য, সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মতামত, অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে। জলবায়ু ন্যায়বিচারের মূল প্রশ্ন হলো, সংকট সৃষ্টিতে যাদের অবদান তুলনামূলকভাবে কম এবং ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা যাদের সীমিত, তাদের ওপর যেন সংকটের ব্যয় অসমভাবে চাপিয়ে দেওয়া না হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে এই নীতির ভিত্তিতে অর্থায়ন, পুনর্বাসন ও সামাজিক সুরক্ষার সুনির্দিষ্ট দাবিতে রূপ দিতে হবে।
জলবায়ু অভিযোজনের পাশাপাশি বাংলাদেশের জন্য নিঃসরণ কমানোর উদ্যোগও গুরুত্বপূর্ণ। দেশের এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক নির্গমন পরিস্থিতির তুলনায় নিঃসরণ ৬.৩৯ শতাংশ কমানোর শর্তহীন লক্ষ্য এবং আন্তর্জাতিক সহায়তা পেলে ১৩.৯২ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সৌরবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, পরিচ্ছন্ন শিল্পপ্রযুক্তি, পরিবেশবান্ধব পরিবহণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ দরকার। কৃষিতেও সেচের দক্ষতা বাড়ানো, ধান উৎপাদনে বিকল্প ভেজানো-শুকানোর পদ্ধতি এবং সার ব্যবহারের উন্নত ব্যবস্থাপনা নিঃসরণ কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় হ্রাসে সহায়তা করতে পারে।
তবে জ্বালানি রূপান্তরের ব্যয় যেন নিুআয়ের পরিবার, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে না পড়ে। পরিচ্ছন্ন প্রযুক্তি গ্রহণের পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগ করা প্রয়োজন। বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রেও পরিবেশবান্ধব বিকল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা, পণ্যের মানোন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বাজারে প্রবেশাধিকার এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্ন অর্থনীতির রূপান্তরকে উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে যুক্ত করা গেলে জলবায়ু লক্ষ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব।
আন্তর্জাতিক দাবি কার্যকর করতে হলে দেশের ভেতরেও পরিকল্পনা ও বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে হবে। সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি খাত, নাগরিক সমাজ এবং স্থানীয় সরকারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রকল্প নির্বাচনে জলবায়ু ঝুঁকি, সম্ভাব্য সুফল, ব্যয়-কার্যকারিতা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নেওয়া জরুরি। সরকারি বাজেটে জলবায়ু ঝুঁকির প্রতিফলন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং স্বাধীন মূল্যায়নের ব্যবস্থা জোরদার করতে হবে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে অভিযোজনের অগ্রাধিকার নির্ধারণে তাদের অভিজ্ঞতা ও বাস্তব চাহিদা প্রতিফলিত হয়।
কপ-৩১-এর সাফল্য তাই শুধু ঘোষণার সংখ্যা বা প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। বাংলাদেশের জন্য প্রকৃত সাফল্য হবে পর্যাপ্ত ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন, মানুষের জীবন ও উৎপাদনব্যবস্থায় দৃশ্যমান অভিযোজনের ফল, অনিবার্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের অগ্রগতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐতিহাসিক দায় ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সহযোগিতা বাড়াতে হবে। একইসঙ্গে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে যে প্রাপ্ত অর্থ ও প্রযুক্তি স্বচ্ছভাবে ব্যবহৃত হচ্ছে এবং তার সুফল সত্যিকার অর্থে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। বাংলাদেশের কাছে কপ-৩১-এর মূল প্রত্যাশা হলো আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব বিনিয়োগে এবং সেই বিনিয়োগকে মানুষের নিরাপত্তা, জীবিকার সুরক্ষা ও টেকসই উন্নয়নের পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করা।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : অধ্যাপক, অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; খণ্ডকালীন অধ্যাপক, স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া
