জিএমও খাদ্যে স্বাস্থ্যঝুঁকি কতটা?
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে ২০১৪ সালে প্রথম বিটি বেগুন চাষাবাদের মাধ্যমে জেনেটিক্যালি মোডিফাইড (জিএমও) খাদ্য উৎপাদনের যাত্রা শুরু হয়। বিটি বেগুন অধিক উৎপাদনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন হওয়ায় কৃষকের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।
সমগ্র বিশ্বে জিএমও খাদ্য উৎপাদনে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে, যেখানে প্রায় ৪০ শতাংশের বেশি জিএমও খাদ্য উৎপাদিত হচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, কানাডা ও চীন জিএমও খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
শতাংশের হিসেবে ব্রাজিলে ২৩ শতাংশ, আর্জেন্টিনায় ১৪ শতাংশ, ভারতে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ ও চীনে ২ শতাংশের বেশি জিএমও খাদ্য উৎপাদিত হচ্ছে। বাকি প্রায় ৮ দশমিক ৩ শতাংশ জিএমও খাদ্য বিশ্বের অন্য দেশগুলোতে উৎপাদিত হচ্ছে।
যা হোক, জিএমও খাদ্য সাধারণত জীবে বিদ্যমান জেনেটিক মেটারিয়াল (ডিএনএ) বিভিন্ন পদ্ধতিতে রূপান্তরের মাধ্যমে আবিষ্কৃত হয়। ওই পদ্ধতিতে উৎপাদিত খাদ্য জেনেটিক্যালি ইঞ্জিনির্য়াড, ট্রানজেনিক ও বায়োটেক পণ্য নামেও পরিচিত।
ডিএনএতে বিদ্যমান ডিঅক্সিবাইবো নিউক্লিয়িক এসিড জেনেটিক উপাদান নামে পরিচিত।
বিজ্ঞানীদের মধ্যে অনেকে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ২০১৬ সালের দিকে জেনেটিক্যালি মোডিফাইড (জিএম) খাদ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল; কিন্তু জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ও জি-২০ এর এজেন্ডা অনুযায়ী টেকসই কৃষির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। পরবর্তী সময়ে ‘আমেরিকান ন্যাশনাল একাডেমিক্স অ্যান্ড সায়েন্স’ কর্তৃক জিএমও খাদ্যের ওপর ব্যাপক গবেষণা শুরু হয়।
তাদের ওই গবেষণায় জিএমও এবং কনভেনশনাল ব্রিডিং পদ্ধতিতে উৎপাদিত খাদ্যে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির কোনো ধরনের পার্থক্য খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৬ সালের হিসাব অনুযায়ী ২৬টির বেশি দেশে জিএমও খাদ্য উৎপাদিত হচ্ছে, যার মধ্যে ১৯টি উন্নয়নশীল এবং ৭টি উন্নত দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
পরিসংখ্যানগত দিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, সমগ্র বিশ্বে জিএমও খাদ্য উৎপাদনের হার দিন দিন বেড়েই চলছে। প্রধান উদ্দেশ্য হল, সারা পৃথিবীতে জনসংখ্যা যে হারে বাড়ছে; সেই হারে খাদ্য উৎপাদনও বাড়াতে হবে। জিএমও ফসল অনেক ক্ষেত্রেই রোগবালাই, পোকামাকড় ও খরা সহনশীল।
সেদিক দিয়ে চিন্তা করলে মোটাদাগে বলা যেতে পারে, বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে একমাত্র জিএমও ফসল উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বিজ্ঞানীদের গবেষণায় দেখা যাচ্ছে, জিএমও ফসল খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে।
মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অধিক পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিজ্ঞানীরা এদিকটায় অধিকতর গুরুত্বারোপ করায় বর্তমানে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ গোল্ডেন রাইস বাজারে পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আবিষ্কৃত গোল্ডেন রাইস বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে।
অন্যদিকে জলবায়ু পরিবর্তনে খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার প্রাদুর্ভাব বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশে বেড়েই চলছে। একদিকে বাড়তি জনসংখ্যার চাপ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে খাদ্য উৎপাদনও ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় কৃষিতে ক্লাইমেট স্মার্ট টেকনোলজির ওপর অধিকতর গুরুত্ব দেয়া যেতে পারে। সেদিক দিয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ সহনশীল ফসল উৎপাদনের ওপর অধিকতর গবেষণা অব্যাহত রাখতে হবে।
ইতোমধ্যে বিজ্ঞানীরা খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহিষ্ণু ধানের জাত আবিষ্কার করেছেন, যা বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশে বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রেখে যাচ্ছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকায় খাদ্য উৎপাদনের পাশাপাশি উল্লেখযোগ্য হারে মানুষের কর্মক্ষমতা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে।
যদিও পরিবেশগত দিক, পুষ্টি উপাদান ও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা মোকাবেলায় জিএমও এবং কনভেনশনাল ব্রিডিং উভয়ের অবদানই অনস্বীকার্য, তবুও জিএমও খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি প্রাধান্য দিয়ে ফুড সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ করতে হবে।
বর্তমানে পেঁপে, বেগুন, ধান, সয়াবিন, ভুট্টা, মসুর ও ক্যানুলাসহ বিভিন্ন ধরনের জিএমও খাদ্য বাজারে অহরহ পাওয়া যাচ্ছে। অধিক উৎপাদনশীল ও লাভজনক হওয়ায় বাণিজ্যিক কোম্পানিগুলোও জিএমও খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে।
জিএমও সবজি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ভোজ্যতেলের চাহিদা পূরণ করে যাচ্ছে। অন্যদিকে বিশ্বে প্রায় ৯০ শতাংশ সুগার বা চিনি সুগারবিট ও আখ থেকে উৎপাদিত হচ্ছে। এর মধ্যে জিএমও সুগার বিট হতে প্রায় ৫০ শতাংশের বেশি সুগার উৎপাদিত হচ্ছে।
জিএমও খাদ্য জেনেটিক্যালি ইঞ্জিনির্য়াড হওয়ায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। জিএমও খাদ্য ভক্ষণে মানবদেহে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। গবেষণায় দেখা যায়, জিএমও খাদ্য গ্রহণে মানবদেহে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা হ্রাস পায়।
অনেক সময় অনাকাঙ্ক্ষিত রোগের প্রাদুর্ভাব কমানোয় অ্যান্টিবায়োটিক সেবনে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফলে মানবদেহে দীর্ঘমেয়াদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। পৃথিবীর বহু মানুষ নৈতিকতার কারণে ধার্মিক ও কালচারাল দিক বিবেচনায় জিএমও খাদ্য গ্রহণ থেকে নিজেদের দূরে রাখছে।
অনেক ক্ষেত্রে জিএমও খাদ্য উৎপাদনে প্রাণীর জিনে উপস্থিত বিশেষ বৈশিষ্ট্য উদ্ভিদে স্থানান্তর করা হয়। গবেষণায় দেখা যায়, এ পদ্ধতিতে উৎপাদিত শস্য কর্তৃক পলিনেশনের মাধ্যমে অন্য অর্গানিজমকে ধ্বংস করার আশঙ্কা থেকে যায়। এর ফলে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।
তথ্য ও উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, উন্নয়নশীল দেশগুলোয় জিএমও খাদ্য উৎপাদন উন্নত দেশগুলোর তুলনায় বাড়ছে। ফলে ভবিষ্যতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জিএমও খাদ্য ভক্ষণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে উৎপাদিত জিএমও খাদ্যে অনাকাঙ্ক্ষিত বিষাক্ত উপাদান তৈরি হওয়ায় দীর্ঘদিন ওই খাদ্য গ্রহণে মানবদেহে বিষাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এফডিএ-এর সুপারিশ অনুযায়ী জিএমও খাদ্য বাজারজাতকরণের আগে দীর্ঘমেয়াদি বিষাক্ততার ব্যাপারে পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অন্যথায় দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাবে; যা অজানা কোনো জটিল রোগ মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করবে।
গবেষণায় দেখা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে উৎপাদিত খাদ্যের মাধ্যমে ‘এলারজেনেসিটি’ দেখা দেয়ার আশঙ্কা বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কিছু মানুষের বাদামের প্রতি এলার্জি রয়েছে, যদি বাদাম থেকে জিন সয়াবিনে স্থানান্তরিত হয়, তাহলে ওই সয়াবিন ভোজ্যতেল হিসেবে গ্রহণে মানুষের শরীরে এলার্জি স্থানান্তরিত হওয়ার আশঙ্কা থেকে যাবে।
চিকিৎসা বিজ্ঞানের বিখ্যাত জার্নাল ‘লানসেট’ কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা যায়, জিএমও খাদ্য মানবদেহে ‘ইমমিউনো সাপ্রেশান’ বাড়িয়ে দেয়।
সম্প্রতি ইঁদুরকে জিএমও খাদ্য খাওয়ানোর পরবর্তী সময়ে গবেষণায় দেখা যায়, ইঁদুরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে মেটাবলিজম ও শরীরের গঠনের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব দেখা যায়। অন্যদিকে জিএমও খাদ্য গ্রহণে ব্রেস্ট, কোলন ও অন্যান্য ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যায়; যা মানবজাতির বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ।
যদিও জিএমও খাদ্যের মাধ্যমে পুষ্টি উপাদান বাড়ানো যায়, তবুও গবেষণায় দেখা যায়, জিএমও খাদ্যে বিদ্যমান পুষ্টি উপাদানগুলো অনাকাঙ্ক্ষিত হারে পরিবর্তনশীল, যা মানবদেহে স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়ার ইঙ্গিত দিয়ে থাকে।
যা হোক, সমগ্র বিশ্বে বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোয় অধিক ফসল উৎপাদনের গুরুত্ব অপরিসীম। সেজন্য বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কনভেনশনাল ব্রিডিং পদ্ধতির পাশাপাশি জিএমও ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন।
যদিও স্বাস্থ্যগত দিক দিয়ে জিএমও খাদ্যের নানা ধরনের ঝুঁকি বিদ্যমান, তবুও ক্ষুধামুক্ত ও টেকসই উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ অধিক খাদ্য উৎপাদনের গুরুত্ব রয়েছে। নৈতিকতার দৃষ্টিকোণ থেকে একজন ভোক্তা উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত নিরাপদ ও ভেজালবিহীন খাদ্য সম্পর্কে জানার অধিকার রাখে। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বহু দেশে জিএমও ও অর্গানিক খাদ্যের লেবেলিং রয়েছে।
যদি বাজারজাতকৃত পণ্যের ওপর লেবেলিং থাকে, তাহলে ভোক্তা অতি সহজেই বুঝতে পারবে- সে কী ধরনের খাবার ভক্ষণ করে যাচ্ছে। এটিকে আধুনিক ভাষায় ‘ফুড সার্টিফিকেশন’ও বলা যেতে পারে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একদিকে জলবায়ু পরিবর্তনের প্রাদুর্ভাব এবং অন্যদিকে খাদ্যে ভেজালের উপস্থিতি মানুষের স্বাস্থ্যঝুঁকি অনাকাঙ্ক্ষিত হারে বাড়িয়ে দিচ্ছে। যদিও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন; কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশকে আরও সংবেদনশীল ভূমিকা রাখতে হবে।
জাতিসংঘের এজেন্ডা অনুযায়ী, নিরাপদ খাদ্য উৎপাদন সুনিশ্চিতকরণই দেশকে উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করবে। পরিশেষে বলা যেতে পারে, জিএমও ফসল থেকে উৎপাদিত খাদ্যের ওপরে অবশ্যই ফুড সার্টিফিকেশনের মার্কিং থাকতে হবে।
বিশ্বের উন্নত দেশেগুলোর দিকে তাকালে দেখা যায়, সুপার মার্কেটগুলোতে দুই ধরনের পণ্য পাওয়া যায়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে জিএমও খাদ্য এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত ‘অর্গানিক’ খাদ্যের ব্যাপারে। এ তথ্য মানুষকে পণ্য পছন্দে সাহায্য করে থাকে।
যদিও মানুষ ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য ক্রয় করবে, তবুও নৈতিকতার দৃষ্টিকোণ থেকে মানুষকে তথ্য অধিকার আইন অনুযায়ী উৎপাদিত পণ্য সম্পর্কে অবহিত করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যদি স্বাস্থ্যঝুঁকির বিষয়টি প্রাধান্য দিয়ে জিএমও খাদ্য উৎপাদনের পাশাপাশি ‘অর্গানিক’ খাদ্যের উৎপাদন বাড়ানো যায়, তাহলে চিকিৎসা ব্যয় হ্রাসের মাধ্যমে মানুষকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয়া সহজ হবে।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : সহযোগী অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
