জো বাইডেনের জলবায়ু পরিবর্তন পরিকল্পনা ও বাংলাদেশ
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম
প্রকাশ: ০৫ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক ইস্যু। পৃথিবীর বহু দেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দৃশ্যমান। যেমন, বৃষ্টিপাত ও তাপমাত্রার ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ১৯৪১ সালের দিকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি অনেকটাই বরফাচ্ছন্ন ছিল। পরবর্তী সময়ে, ২০০৪ সালের দিকে মাত্র ৬৩ বছরের ব্যবধানে ওই অঙ্গরাজ্যের প্রায় ৭০ শতাংশ বরফ কমে গেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রায় ২০ হাজার বছর আগে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য বরফে আবৃত ছিল। বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে বরফের পরিমাণ আশ্চর্যজনক হারে কমে গেছে। দৃশ্যত জলবায়ু পরিবর্তনে তুষারপাতেও ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এখনো পৃথিবীপৃষ্ঠের উষ্ণতা ক্রমান্ব^য়ে বেড়েই চলেছে। ফলে বিভিন্ন দেশে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
বিজ্ঞানীদের গবেষণায় ১৮৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০টি উষ্ণ বছর শনাক্ত করা হয়েছে। ওই উষ্ণ বছরগুলো হলো ২০০৫, ২০১০, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সাল। এর মধ্যে ২০১৬ সালে গড় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২০ সালে গড় তাপমাত্রা বৃদ্ধি ছিল শূন্য দশমিক ৯৮ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৬ সালের তুলনায় ২ শতাংশ কম। ওই গবেষণায় ২০০৫ সালকে সবচেয়ে কম উষ্ণ বছর হিসাবে শনাক্ত করা হয়েছিল, যেখানে গড় তাপমাত্রা বৃদ্ধি ছিল প্রায় শূন্য দশমিক ৬৭ ডিগ্রি সেলসিয়াস। তথ্য-উপাত্তে আরও দেখা যায়, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়ায় যথাক্রমে শূন্য দশমিক ১৩ ডিগ্রি, শূন্য দশমিক ১৪ ডিগ্রি, শূন্য দশমিক ১৫ ডিগ্রি, শূন্য দশমিক ১৩ ডিগ্রি, শূন্য দশমিক ১৭ ডিগ্রি এবং শূন্য দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বৃদ্ধি রেকর্ড করা হয়েছিল। এশিয়ায় গড় তাপমাত্রা বৃদ্ধির হার অন্যান্য অঞ্চলের তুলনায় ছিল ২১ শতাংশ বেশি।
বর্তমানে জলবায়ু পরিবর্তনে প্রকৃতিতেও ব্যাপক ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। তাপমাত্রার পরিবর্তনে একদিকে যেমন খরার প্রাদুর্ভাব বাড়ছে, অন্যদিকে বৃষ্টিপাতের পরিবর্তনও পরিলক্ষিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে শীতপ্রধান অঞ্চলে বরফ গলার হারও বেশি পরিলক্ষিত হচ্ছে। ফলে সমুদ্রের পানির উচ্চতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বৈরী আবহাওয়ায় সমুদ্রের পানির এসিডিটিও বাড়ছে। মোটা দাগে বলা যেতে পারে, জলবায়ু পরিবর্তনে ফসল উৎপাদন, পানি সেচ ও সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন, বনায়ন ও চিত্ত বিনোদনের ওপরও ব্যাপক ঋণাত্মক প্রভাব পড়ছে। পৃথিবীতে প্রতিটি উদ্ভিদ, প্রাণী ও অনুজীবের বেঁচে থাকার জন্য সুনির্দিষ্ট তাপমাত্রা ও সহনশীল পরিবেশের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। যদি এভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে ভবিষ্যতে উদ্ভিদ ও প্রাণীর ক্রিয়া ও প্রতিক্রিয়ায় গঠিত ইকোসিস্টেমের ভারসাম্যহীনতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাসের রয়েছে অগ্রণী ভূমিকা। এ গ্রিনহাউজ গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই-অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড ও ক্লোরোফ্লোরোকার্বন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গবেষণায় দেখা গেছে, ওই গ্রিনহাউজ গ্যাস ফসিল ফুয়েল কম্বাশান, বনায়ন ধ্বংস, সিমেন্ট উৎপাদন, জলাশয় ভরাট, সার উৎপাদন, বায়োমাস কম্বাশান, রেফ্রিজারেন্ট ও অন্যান্য শিল্প-কারখানা থেকে প্রতিনিয়ত বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক শক্তি থেকে উৎপন্ন অনবায়নযোগ্য জ্বালানিও বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
এ প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত পরিকল্পনাগুলোর যৌক্তিকতা সম্পর্কে আলোকপাত করা যেতে পারে। প্রথমত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেনের পরিকল্পনায় রয়েছে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির নিশ্চয়তা প্রদান এবং ২০৫০ সালের মধ্যে বায়ুমণ্ডলে কার্বনের নির্গমন শূন্যের কোঠায় নিয়ে আসা। এ প্রস্তাবনায় হালকা ও ভারী ইলেকট্রিক যানবাহনে ফেডারেল সরকার কর্তৃক ভর্তুকির বিষয়টিরও উল্লেখ রয়েছে। এফিশিয়েন্ট ক্লাইমেট স্মার্ট এনার্জিরও সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। অন্যদিকে পেট্রোলিয়াম ও গ্যাসোলিন ব্যবহারে গ্রিনহাউজ গ্যাস কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, শক্তিশালী ও স্থিতিশীল জাতি গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। এ প্রস্তাবনায় নতুন বিল্ডিং কোড, ইন্স্যুরেন্স খরচ কমানো, ঘূর্ণিঝড়, সি-লেবেল রাইজ, ওয়াইল্ড ফায়ার, দ্রুতগতি সম্পন্ন রেল যোগাযোগ ও কর্মসংস্থানের ওপর ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। তৃতীয়ত, সম্প্রতি বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের অংশগ্রহণে সমাবেশের আয়োজন করেছেন। ওই সমাবেশে তিনি প্যারিস জলবায়ু চুক্তির প্রতি আবারও সম্মতি প্রদান করেছেন, যদিও ওই চুক্তির সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্মতি ছিল না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘আর্থ দিবসে’ আয়োজিত ওই সমাবেশ প্রায় ৪০টি দেশ অংশগ্রহণ করেছিল, যেখানে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউজ গ্যাসের প্রায় অর্ধেক কমিয়ে আনবে। চতুর্থত, তিনি বিভিন্ন জাতি ও স্বল্প আয়ের সম্প্রদায়ের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে তিনি নবায়নযোগ্য জ্বালানি ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণের ওপরও জোর দিয়েছেন। পরিশেষে তিনি বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সময় অনবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কর্মরত ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। ক্লিন অ্যানার্জি/নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ১০ বছরে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছেন তিনি, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
বাইডেনের পরিকল্পনায় গ্রিনহাউজ গ্যাসের নির্গমনের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ক্লিন অ্যানার্জি/নবায়নযোগ্য জ্বালানিই বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে পারে। প্যারিস চুক্তি অনুযায়ী, ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানোর বিষয়ে বিশ্বের সমগ্র জাতি অঙ্গীকারাবদ্ধ। যদিও গ্রিনহাউজ গ্যাস নির্গমন প্রবণতায় দেখা যাচ্ছে, ২০৩০ সালের দিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২১০০ সালে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গবেষণায় দেখা গেছে, গ্রিনহাউজ গ্যাস (কার্বন ডাই-অক্সাইড) নির্গমনে চীন শীর্ষে। দেশটি বছরে প্রায় ২৮ শতাংশ গ্যাস বায়ুমণ্ডলে নির্গমন করছে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় শীর্ষস্থানে অবস্থান করে প্রায় ১৫ শতাংশ গ্যাস বায়ুমণ্ডলে নির্গমন করছে। অন্যদিকে ভারত ও রাশিয়া যথাক্রমে ৭ ও ৫ শতাংশ গ্যাস বায়ুমণ্ডলে নির্গমনে ভূমিকা রাখছে। বাকি ২১ শতাংশ গ্যাস নির্গমন হচ্ছে অন্যান্য দেশ কর্তৃক।
এ পরিপ্রেক্ষিতে বাইডেন প্যারিস চুক্তির সঙ্গে সম্মতি জ্ঞাপন করে বিশ্বের সমগ্র জাতিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাইডেনের জলবায়ু সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভিডিও বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, কার্বনের নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমানো যেতে পারে। সেই লক্ষ্যে তিনি অ্যাডাপটেশন ও মিটিগেশনের ওপর প্রায় ১০০ বিলিয়ন ডলার বাজেটের কথা উল্লেখ করেছেন। তিনি কার্বন নিউট্রালে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ও প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও সরবরাহে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বাইডেনের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট সমর্থন রয়েছে। এ লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রায় ৫ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওই খরচ জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ। নিঃসন্দেহে জো বাইডেনের জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনাগুলো ক্লাইমেট স্মার্ট। ওই পরিকল্পনা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশে নবায়ণযোগ্য ক্লিন অ্যানার্জি উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণে বাংলাদেশও একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারে। ফলে একদিকে দেশ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, অন্যদিকে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় অনন্য অবদানের জন্য বিশ্বসভায় বাংলাদেশের নামও উল্লেখ থাকবে। পরিশেষে বলা যেতে পারে, বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো যদি বাইডেনের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত প্রস্তাবগুলো অনুসরণ করে, তাহলে সমগ্র পৃথিবীই উপকৃত হবে।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : সহযোগী অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
