পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত ২ থেকে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির পৃষ্ঠপোষতায় ‘টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানটি সরকারের নীতিনির্ধারক ও আন্তর্জাতিক পর্যায়ের দেশি-বিদেশি বিজ্ঞানীদের উপস্থিতিতে মুখরিত ছিল। সম্মেলনের থিম লেকচার ছিল ‘সবুজ বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ’। তিন দিনব্যাপী এ সম্মেলনে মোট ছয়টি প্ল্যানারি, ৪৮টি প্যারালাল টেকনিক্যাল সেশন এবং ২১৮টি পোস্টার উপস্থাপিত হয়। সম্মেলনে টেকসই উন্নয়ন, সবুজ বাংলাদেশের সমৃদ্ধি, অ্যান্টিমাইক্রোরিয়াল প্রতিরোধে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ, সংক্রামক রোগের বিস্তার রোধ, ডেল্টাপ্ল্যান, জীববৈচিত্র্য, ক্লিন বিনিয়োগ, রাসায়নিক দ্রব্যাদির নিরাপদ ব্যবহার, শিল্পায়ন ও কৃষিতে যান্ত্রিকীকরণ, ক্লাইমেট ডিপ্লোম্যাসি ও নিরাপদ পানি বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। মোটা দাগে বলা যেতে পারে, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিবেশ বিপর্যয় নিয়ে বিজ্ঞানী ও নীতিনির্ধারকরা খুবই উদ্বিগ্ন।
সম্মেলনে ৬৭০টিরও বেশি গবেষণাভিত্তিক নিবন্ধ উপস্থাপিত হয়েছে। প্রতিটি উপস্থাপনায় পরিবেশ বিপর্যয়ের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সরাসরি সংযোগ পরিলক্ষিত হয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনে পরিবেশের ওপর সৃষ্ট প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনায় স্থান পায়। বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য থ্রি-আর সিস্টেম যেমন-রিডিউস, রিইউস ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তাছাড়া বিভিন্ন বর্জ্যরে চরিত্রগত দিক বিশ্লেষণের মাধ্যমে আলাদাভাবে বর্জ্য ব্যবস্থাপনার ওপর সুপারিশ করেছেন। সম্মেলনে বক্তারা আরও বলেছেন, বর্জ্যকে সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জৈবসার তৈরি করা যেতে পারে। এতে কৃষিতে কেমিক্যাল সারের পরিবর্তে জৈবসারের প্রয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিরাপদ খাদ্য উৎপাদনে ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কূটনৈতিক দূরদর্শিতার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পেয়েছে। উন্নত দেশ থেকে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি যাতে উন্নয়নশীল দেশে অবাধে প্রবেশ করতে পারে সে বিষয়টিও আলোচনায় এসেছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও অন্যান্য দেশের সরকারকে একত্রে কাজ করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। দেশের অভ্যন্তরে বিদ্যমান শিল্পকারখানাগুলো যাতে পরিবেশ সংরক্ষণের আইন মেনে পরিচালিত হয়, সেদিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের ১০০ বছরের ব-দ্বীপ পরিকল্পনা আলোচনায় গুরুত্বসহকারে স্থান পেয়েছে। এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু স্থিতিস্থাপকতার বিষয়টি আলোচিত হয়েছে। সম্মেলনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টা প্ল্যান পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের ওপরও জোর দেওয়া হয়েছে; তবে সেই উৎপাদিত খাদ্য হতে হবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। নতুবা মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে অনাকাঙ্ক্ষিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে।
সূর্য থেকে আগত রেডিয়েশনের কিছু অংশ পৃথিবীপৃষ্ঠে বিদ্যমান গ্রিনহাউজ গ্যাস কর্তৃক শোষিত হয়। আর কিছু অংশ বায়ুমণ্ডলে ফিরে আসে। পৃথিবীপৃষ্ঠে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় বৈশ্বিক উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ বাড়তে থাকে, তাহলে বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকর প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলে বসবাসরত মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ২১০০ সালের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা গড়ে ২০ ফুটের বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের মতো নিুাঞ্চলীয় দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বছরে ৩ মিলিমিটার হারে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে উপকূলীয় অঞ্চলে বন্যা ও লবণাক্ততার প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বাড়ছে। ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় ভবিষ্যতে বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়তে পারে। বৈশ্বিক উষ্ণতায় বায়ুমণ্ডলে বৃদ্ধিপ্রাপ্ত জলীয়বাষ্প শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণ হচ্ছে। বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। অনাকাঙ্ক্ষিত বন্যায় ফসলের উৎপাদনও ব্যাহত হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় ভবিষ্যতে খাদ্যনিরাপত্তা হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
বৈজ্ঞানিক গবেষণায় এমন তথ্যও পাওয়া গেছে যে, করোনাভাইরাস বন্যপ্রাণী থেকে মানুষের শরীরে স্থানান্তরিত হয়েছে। প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বন্যপ্রাণীগুলো বাসস্থান ছেড়ে মানুষের সংস্পর্শে চলে আসে। ফলে করোনাভাইরাস মানুষের শরীরে অতি সহজেই স্থানান্তরিত হয়েছে। তাছাড়া জীববৈচিত্র্যে একটি জীব খাদ্যের জন্য অন্য একটি জীবের ওপর নির্ভরশীল। যদি কোনো কারণে একটি জীব বিলুপ্ত হয়, তাহলে অন্য জীবের খাদ্যের অভাব সৃষ্টি হবে। এভাবে যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে খাদ্যশৃঙ্খল ধ্বংস হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
মানুষ বেঁচে থাকার জন্য ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ওই ইকোসিস্টেমে বিদ্যামান খাদ্য, ফসল, পানি, জৈব ও অজৈব উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে যদি তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, তাহলে মানুষের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর ঘাটতি দেখা দিতে পারে। মোটা দাগে বলা যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রের পানির উচ্চতা, নানা রোগের প্রাদুর্ভাব, অনাবৃষ্টি ও জীববৈচিত্র্য ধ্বংস হওয়া ক্রমান্বয়ে বাড়ছে। যদিও সমগ্র বিশ্বে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের ওপর গবেষণা অব্যাহত রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের ওপর আরও বেশি গবেষণা প্রয়োজন। বিজ্ঞানীদের মতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানো, বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানো, পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও জনসচেতনা সৃষ্টি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। গৃহস্থালির বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে বছরে প্রায় ২৪০০ পাউন্ড কার্বন ডাইঅক্সাইড কমানো যেতে পারে। তাছাড়া বেশি পরিমাণ বৃক্ষরোপণের মাধ্যমেও বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো যেতে পারে। উল্লেখ্য, একটি গাছ তার জীবনচক্রে এক টনের বেশি কার্বন শোষণ করার ক্ষমতা রাখে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বৈশ্বিক উষ্ণতা সহিষ্ণু বিভিন্ন জাতের ফসল উৎপাদনের ওপর গবেষণা অব্যাহত রেখেছে। এ ধরনের গবেষণার পরিধি বৃদ্ধি পেলে ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতায় খাদ্যনিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এ লক্ষ্যে পৌঁছতে হলে বিজ্ঞানী, নীতিনির্ধারক ও রাজনীতিকদের অঙ্গীকারবদ্ধতার প্রয়োজনীয়তা অতীব জরুরি। পরিবেশ সংরক্ষণভিষয়ক বিজ্ঞানভিত্তিক সম্মেলনগুলো এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। মোটা দাগে বলা যেতে পারে, পরিবেশ সুরক্ষায় বিজ্ঞানী, নীতিনির্ধারক ও রাজনীতিকদের একত্রে কাজ করতে হবে, নতুবা পরিবেশ সংরক্ষণে বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল খুব বেশি ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায় না।
ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম : বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
