বলিউডের সবচেয়ে সফল পর্দাজুটি শাহরুখ-কাজল
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টানা ২৩ বছর জুটি হয়ে সিনেমায় অভিনয় করা চাট্টিখানি কথা নয়। আর সেই জটিল কাজটা অত্যন্ত সফলভাবে করে গেছেন বলিউড কিং শাহরুখ খান ও তনুজাকন্যা কাজল। ১৯৯৩ সালে আব্বাস-মুস্তান পরিচালিত ক্রাইম থ্রিলার বাজিগর দিয়ে শুরু করা এ জুটির সর্বশেষ অভিনীত সিনেমাটি ছিল রোহিত শেঠি পরিচালিত রোমান্টিক কমেডি অ্যাকশন দিলওয়ালে। মাত্র ৩ কোটি রুপি খরচে নির্মিত বাজিগর আয় করেছিল ১৫ কোটি রুপিরও বেশি। আর ১৬৫ কোটি রুপি বাজেটের দিলওয়ালে বক্সঅফিস থেকে তুলে নিয়েছে প্রায় ৪০০ কোটি রুপি। শাহরুখ-কাজলের জুটিবদ্ধ ক্যারিয়ারে ফ্লপ নামের কোনো শব্দের ঠাঁই ছিল না। সেই হিসাবে তারাই হলেন বলিউডের সর্বকালের সেরা জুটি।
আর এ কারণেই বলিউড সুপারস্টার শাহরুখ খান কিছুদিন আগেই মন্তব্য করে বলেছেন, ‘যদি একটি আকর্ষণীয় এবং পরিণত প্রেমের গল্প আসে, তবে আমি আবার কাজলের সঙ্গে জুটিবদ্ধ হতে আগ্রহী।’ তিনি আরও বলেন, ‘আমি সত্যিই অহংকারী হতে পারি যে কাজলের মতো একজন চমৎকার অভিনেত্রীকে আমি অভিনয়জুটি হিসাবে পেয়েছি।’ বলিউডের সবচেয়ে জনপ্রিয় এ পর্দাজুটির দ্বিতীয় সিনেমাটি ছিল রাকেশ রোশন পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা ‘করন অর্জুন’। মাত্র ৬ কোটি রুপি খরচের সিনেমাটি আয় করেছিল ৪৩ কোটি রুপি। তবে ইতিহাস সৃষ্টি করেছিল রাজ মেহতা পরিচালিত মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। মাত্র ৪ কোটি রুপি ব্যয়ে নির্মিত শাহরুখ-কাজল জুটির সিনেমাটি আয় করেছিল ১০৩ কোটি রুপি। শাহরুখ খান বলেন, ‘আমরা একটি ঘরানা তৈরি করতে সক্ষম হয়েছি। যখনই আমি কাজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছি, দর্শক আমাদের লুফে নিয়েছে। এটা এমন এক জাদু, যা ব্যাখ্যাযোগ্য নয়। আমি এজন্য কৃতিত্ব দেই সেসব মানুষদের, যারা আমাদের জুটিবদ্ধ হয়ে কাজ করার সুযোগ দিয়েছেন, যারা আমাদের সিনেমাগুলো নির্মাণে শ্রম দিয়েছেন এবং যারা আমাদের সিনেমাগুলো দেখে আমাদের অভিনয়ের প্রশংসা করেছেন।’
করন জোহরের রোম্যান্টিক কমেডি সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর সাফল্য বলে দিয়েছে শাহরুখ-কাজল জুটির ভক্তরা তিন বছর আগের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র জুটিকে ভুলে যাননি। ১০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি আয় করেছে ১০৬ কোটি বেশি রুপি। করন জোহর ২০০১ সালে আবারও এ জুটিকে সাফল্য এনে দিলেন পারিবারিক ড্রামা ‘কাভি খুশি কাভি গাম’-এর মাধ্যমে। ৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি আয় করেছিল ১৩৬ কোটি রুপি। এর প্রায় দশ বছর পর মুক্তি পেল শাহরুখ-কাজল অভিনীত ড্রামা সিনেমা ‘মাই নেইম ইজ খান’। করন জোহর পরিচালিত এ সিনেমাও দুর্দান্ত ব্যবসা করল। ৮৫ কোটি রুপি খরচে নির্মিত সিনেমাটি আয় করল প্রায় ২২৫ কোটি রুপি।
জুটি হিসাবে দুর্দান্ত শাহরুখ-কাজলের প্রথম দিককার পর্দায় ঘটে যাওয়া রসায়ন সিনেমাগুলোর দর্শককে এক ধরনের দ্বিধায় ফেলে দিয়েছিল। দর্শকরা ধরেই নিয়েছিলেন বাস্তবেও এ জুটি প্রেমে মত্ত হবেন। বছর কয়েক আগে এনডিটিভি এক সাক্ষাৎকারের উপস্থাপক কাজলের কাছে জানতে চেয়েছিলেন তারা দুজনেই অবিবাহিত থাকলে কি পরস্পরের সঙ্গে ডেইটিং করতেন? হেসে স্পষ্ট জবাব দিয়েছিলেন কাজল। তিনি বলেছিলেন, ‘শাহরুখের সঙ্গে যখন আমি বাজিগর সিনেমায় অভিনয় করছিলাম, তখন আমার অজয়ের সঙ্গে প্রেম চলছিল। তা না হলে, তখন কী হতো, এখন বলতে পারছি না।
সিনেমা জগতে আসারে আগেই গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ খান। দীর্ঘ সংসার জীবনে বড় করে তুলেছেন তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে। আর অজয় দেবগনের সঙ্গে কাজলের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। মেয়ে নাইসা ও ছেলে যুগের গর্বিত বাবা-মা অজয়-কাজল।

