দলের প্রতি কনকচাঁপার শতভাগ আনুগত্য
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। গত শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। শনিবার মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন কনকচাঁপা। তিনি সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। নন্দিত এ গায়িকা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে দলের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার বিষয়ে তিনি ভীষণ আশাবাদী। একইসঙ্গে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি। তবে সুধীজনদের উদ্দেশে কনকচাঁপা একটি খোলা চিঠিও লিখেছেন। বলেছেন, ‘যে কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত দলের সম্মানিত নীতি নির্ধারকদের। তাদের প্রতি আমি পূর্ণ আস্থা এবং সম্মান রাখি। আপনারা জানেন অথবা কেউ কেউ জানেন না যে, আমি আজীবন মানুষের পাশে থেকেছি আমার সাধ্যমতো। আমার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০১৩ সালে। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে আমাকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেন। তখনই তিনি মহিলা সংরক্ষিত আসনের বদলে সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেন এবং যেটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। তবুও আমি তার কথা বেদবাক্য হিসাবে মেনে নিয়ে কাজ শুরু করি। যার ফলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একজন বর্ষীয়ান দুঁদে রাজনীতিবিদের মুখোমুখি হয়ে নির্বাচনের জন্য নমিনেশন পাই এবং বলাই বাহুল্য, সে যাত্রা সহজ ছিল না। আমি এবং আমার আল্লাহ জানেন আমার সীমিত ক্ষমতা দিয়ে এ লড়াই চালানোর চেষ্টা করে গেছি। আমি একজন রাজনৈতিক মনস্ক মানুষ, কিন্তু আমি রাজনীতিবিদ নই, যার জন্য পুরো কাজই আমার জন্য চ্যালেঞ্জ ছিল এবং নেত্রীর আদেশ আমি পালন করেছি।
