এক বছরে পাঁচ বড় প্রজেক্টে জেন্ডায়া
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হলিউডের জনপ্রিয় তারকা জেন্ডায়া। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের জনপ্রিয় তারকা জেন্ডায়ার চলতি বছরটি সোনায় সোহাগা। এ বছর তিনি কাজ করছেন একাধিক উচ্চাভিলাষী প্রজেক্ট নিয়ে। বড়পর্দার সিনেমা ও ওয়েব সিরিজ-দুই মাধ্যমেই তার শক্ত অবস্থান আরও দৃঢ় করতে যাচ্ছে বছরের বাকি সময়। এক বছরে পাঁচটি বড় প্রজেক্টে অংশ নেওয়া এ অভিনেত্রীর জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি ভক্তদের জন্য রোমাঞ্চকর।
বছরের শুরুতেই মুক্তি পায় রোমান্টিক কমেডি ‘দ্য ড্রামা’। এখানে জেন্ডায়া অভিনয় করেছেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে। বিয়ের প্রাক্কালে একটি সম্পর্কের ভাঙাগড়া, গোপন সত্য উন্মোচন-সব মিলিয়ে সিনেমাটি আবেগ ও বিনোদনের মিশেলে তৈরি। এরপরই ছোটপর্দায় আসে বহুল আলোচিত ‘ইউফোরিয়া : সিজন-৩’। এ সিরিজে রুবেনেট চরিত্রে জেন্ডায়ার অভিনয় আগেও প্রশংসিত হয়েছে। নতুন সিজনে পাঁচ বছরের সময় লাফ দিয়ে গল্প এগোয়, যেখানে সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা এবং বিপজ্জনক সিদ্ধান্তের মুখোমুখি হয় চরিত্রগুলো। নির্মাতা স্যাম লেভিনসন আবারও জটিল বাস্তবতা তুলে ধরেছেন।
জুলাই মাসে মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’। এটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। হোমার-এর ক্লাসিক মহাকাব্যের আধুনিক রূপান্তর এ সিনেমায় দেখা যাবে। এতে ম্যাট ডেমন, টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জেন্ডায়া। এটি বছরের অন্যতম বড় বাজেটের সিনেমা হিসাবে বিবেচিত।
একই মাসে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান : ব্রান্ড নিউ ডে’। স্পাইডার-ম্যান সিরিজের এই নতুন কিস্তিতে পিটার পার্কারের নতুন সংগ্রাম ও পরিচয়ের সংকট উঠে আসবে। এখানে আবারও জুটি বাঁধছেন জেন্ডায়া ও টম হল্যান্ড, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ।
বছরের শেষ দিকে আসছে বহুল প্রতীক্ষিত ‘ডিউন : পার্ট থ্রি’। ডিউন মেসিয়াহ অবলম্বনে নির্মিত এ সিনেমায় রাজনীতি, ক্ষমতা ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা তুলে ধরা হবে। টিমোথি চালামেট-এর সঙ্গে জেন্ডায়ার রসায়ন আগের কিস্তিগুলোতেই প্রশংসিত হয়েছিল। এটা ঠিক, ২০২৬ সাল ডেন্ডায়ার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে যাচ্ছে। বড় বাজেটের সিনেমা, জনপ্রিয় সিরিজ এবং শক্তিশালী চরিত্র-সবকিছু মিলিয়ে তিনি আবারও প্রমাণ করতে চলেছেন, কেন তিনি বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী তারকাদের একজন। এদিকে অভিনয়ের পাশাপাশি মানবিক কাজ ও সামাজিক সচেতনতা বিষয়ে সক্রিয় ভূমিকা রাখেন জেন্ডায়া। তিনি বিভিন্ন দাতব্য কার্যক্রম, তরুণদের ক্ষমতায়ন, বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে করা কাজকে সমর্থন করেছেন। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তিনি নিয়মিতভাবে তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা বাড়াতে নিজের জনপ্রিয়তা ও প্ল্যাটফর্ম ব্যবহার করেন।
