‘ডেভিল ওয়্যারস প্রাডা-২’ থেকে বাদ পড়ল সিডনি সুইনির দৃশ্য
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিডনি সুইনি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডে এমন ঘটনা নতুন নয়, তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা কোনো তারকার দৃশ্য মুক্তির আগেই কেটে ফেলা হলে তা স্বাভাবিকভাবেই আলোচনার ঝড় তোলে। ঠিক তেমনটাই ঘটেছে সিডনি সুইনিকে ঘিরে। বহুল প্রতীক্ষিত ‘ডেভিল ওয়্যারস প্রাডা-২’ সিনেমা থেকে তার একটি দৃশ্য বাদ পড়ার খবর ইতোমধ্যেই বিনোদন জগতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
জানা গেছে, ‘ইউরোফিয়া’খ্যাত এ অভিনেত্রী সিনেমাটিতে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্যে নিজের চরিত্রেই হাজির হয়েছিলেন। দৃশ্যটি ছিল প্রায় তিন মিনিটের, যেখানে তিনি একজন সেলেব্রিটি ক্লায়েন্ট হিসাবে উপস্থিত ছিলেন। সেই দৃশ্যের মাধ্যমে ছবির শুরুতে এমিলি ব্ল্যান্ট অভিনীত এমিলি চার্লটন চরিত্রের পুনঃপ্রবেশ দেখানো হচ্ছিল। গল্প অনুযায়ী, এমিলি একজন ফ্যাশন স্টাইলিস্ট হিসাবে সুইনির চরিত্রকে সাজাচ্ছিলেন।
তবে শেষ পর্যন্ত নির্মাতারা সিদ্ধান্ত নেন, দৃশ্যটি সিনেমার মূল সুরের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। ফলে সম্পাদনার টেবিলেই এটি বাদ পড়ে যায়। যদিও এ ধরনের সিদ্ধান্ত সিনেমা নির্মাণে অস্বাভাবিক নয়, তবুও সুইনির মতো আলোচিত তারকার ক্ষেত্রে এটি ভক্তদের জন্য কিছুটা বিস্ময়করই বটে।
গত বছর সুইনিকে এ সিনেমার সেটে দেখা যাওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল, তিনি সিক্যুয়েলে একটি উল্লেখযোগ্য চরিত্রে থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হলো না। বরং, সিনেমায় না থেকেও তিনি এখন এ সিনেমার অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে সুইনির ক্যারিয়ার বেশ উজ্জ্বল সময় পার করছে। ‘ইউরোফিয়া’-এর নতুন সিজনে তার সাহসী ও বিতর্কিত গল্প বেশ আলোচিত হয়েছে। সেখানে তার চরিত্র ক্যাসি নিজের স্বপ্ন পূরণের জন্য ভিন্নধর্মী পথে হাঁটে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এ ছাড়া তিনি সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আমেরিকান ঈগলের নতুন প্রচারণায় যুক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি আবারও তরুণ দর্শকদের নজর কেড়েছেন। একই সঙ্গে তার অভিনীত ‘দ্য হাউসমেইড’ সিনেমাটিও বাণিজ্যিকভাবে সফল হয়েছে, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, ‘ডেভিল ওয়্যারস প্রাডা-২’ নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। প্রথম সিনেমার মতো এবারও অভিনয়ে রয়েছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্ল্যান্ট এবং স্টেনলি টুসি। ফ্যাশন জগতের ক্ষমতার দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়-সব মিলিয়ে সিনেমাটি নিয়ে প্রত্যাশা বেশ তুঙ্গে। এটি ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
