Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

হ্যালো...

প্রতিটি কাজেই একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি

চিত্রনায়ক সিয়াম আহমেদ। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছেন। নিয়মিত দর্শক প্রশংসা কুড়াচ্ছে তার অভিনীত সিনেমা। এছাড়া প্রতি ঈদেই তাকে পর্দায় দেখেন দর্শকরা। নিজের ব্যস্ততা, ঈদ পরিকল্পনা ও ইন্ডাস্ট্রির নানা বিষয়ে তিনি কথা বলেছেন আজকের ‘হ্যালো...’ বিভাগে।

Advertisement

Icon

এ এম রুবেল

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিটি কাজেই একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি

Advertisement

* এবারের ঈদে কোন ভূমিকায় সিয়ামকে পাচ্ছেন দর্শকরা?

** আসছে ঈদকেন্দ্রিক আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ঈদের পর ‘আন্ধার’ নামে একটি সিনেমা দিয়ে একটু ভিন্নভাবে ফিরব।

* দেশের সিনেমা এখন ঈদনির্ভর। আপনাকেও প্রতি ঈদে দর্শকরা দেখে থাকেন। সেই জায়গা থেকে ঈদের পর সিনেমা মুক্তি ক্যারিয়ারের জন্য কতটা ইতিবাচক মনে করছেন?

** সিনেমা কখন মুক্তি দেবেন, এটা সম্পূর্ণ নির্মাতা-প্রযোজকদের ওপর নির্ভর করে। আমি ‘আন্ধার’-এ যখন চুক্তিবদ্ধ হয়েছিলাম তখনই তারা বলেছিলেন ঈদে মুক্তির কোনো পরিকল্পনা তাদের নেই। ঈদের পরে একটা ভালো সময়কে টার্গেট করে মুক্তি দেবেন। তারা যেহেতু প্রথম থেকেই এমন পরিকল্পনা করেছেন তাই এটাকে আমি খুবই পজিটিভ দিক বলব। আমার মনে হয়, যারা বড় বা প্রতিষ্ঠিত প্রযোজক আছেন তাদেরও ঈদের বাইরে বের হয়ে আসার সময় হয়েছে।

* ‘আন্ধার’ কোন ঘরানার সিনেমা?

** এটি একটি সাইকোলজিক্যাল হরর গল্প। আমাদের দেশের তো আসলে সেই অর্থে হরর সিনেমা নির্মিত হয়নি। আবার অনেকেই বলেন, যেগুলো নির্মিত হয়েছে, তারা তৃপ্ত হতে পারেননি। সেই জায়গা থেকে বলব, দর্শকরা ভিন্নধর্মী অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন।

* অ্যাকশন হিরোর পর ভূত! প্রতিটি সিনেমায় নিজেকে ভাঙার চেষ্টা বেশি ঝুঁকিপূর্ণ নয় কি?

** দেখুন, আমি কিন্তু আমার দ্বিতীয় সিনেমা থেকে এ কাজটাই করে আসছি। একই ঘরানার সিনেমা দর্শকরা গ্রহণ করেছেন বলে সেখানেই নিজেকে বন্দি করব বা যে কাজটি পারি সেটিই বারবার করে যাব এমনটা কখনোই চাইনি। আমি বারবারই চেয়েছি দর্শকদের আরও কাছে পৌঁছানোর এবং তাদের সিনেমার প্রতি আরও আকৃষ্ট করতে। আমিও তো কাজের মাধ্যমে শিখছি। তাই প্রতিটি কাজেই একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।

* এখন নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে সিনেমায়। কিন্তু প্রযুক্তির অতিরঞ্জিত ব্যবহার সিনেমাকে তার শৈল্পিক জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছে কি বলে মনে হয় আপনার কাছে?

** এটা আমি অতিরঞ্জিত বলতে পারছি না। আপনি কী বলতে পারবেন, একটি সিনেমায় কতটুকু ভায়োলেন্স থাকা প্রয়োজন? দেখুন আমাদের সব ধরনের দর্শক রয়েছে। তাছাড়া প্রতিটি কাজ সবার ভালো লাগবে এমন নয়। কিছু মানুষের ভালো লাগবে না, তারা সমালোচনা করবে। তাই বলে যারা এ ধরনের কাজ চান তাদের তো বঞ্চিত করতে পারি না। তবে যারা সমালোচনা করছেন তাদের জন্য এমন কাজ এরইমধ্যে তৈরি করে রেখেছি যা তাদের বিশ্বাস বদলে যাবে।

* সিনেমা বিশ্বমানের নির্মাণ হচ্ছে বলে দাবি করছেন অনেকেই। কিন্তু বিশ্বমানের প্রচারণা করতে পারছেন কি?

** দেখুন, সিনেমাটি যদি দর্শকদের দেখানোর জন্য নির্মাণ করে থাকেন তাহলে প্রচারণার বিকল্প নেই। আমরা ডিজিটাল মাধ্যমগুলোতে প্রচারণাতেও পিছিয়ে আছি। আসলে বাজেটের একটা সংকট আছে। তবে অনেকেই এখন চেষ্টা করছেন। একজন আর্টিস্টের জন্য প্রচারণা ছাড়া মুক্তি দিতে অবশ্যই খারাপ লাগে।

* ইন্ডাস্ট্রিতে কাজের চেয়ে কাদা ছোড়াছুড়ি নিয়মিত ঘটনা। বিষয়টি কীভাবে দেখছেন?

** এটা অবশ্যই ভালো কিছু নয়। সবারই উচিত নিজের অবস্থানের কথা চিন্তা করে শিল্পী ইমেজের প্রতি সুবিচার করা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম