সিনেমায় থিতু হওয়া নিয়ে আত্মবিশ্বাসী সাবিলা নূর
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘আমি ওয়েব-সিরিজ এবং নাটক থেকে দূরে সরে গেছি, এটা আসলে ভুল ধারণা। আসলে আমি তাণ্ডব সিনেমা করার পর বনলতা এক্সপ্রেস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সেটা শেষ করার সঙ্গে সঙ্গে আবার রকস্টার নিয়ে প্রস্তুতি শুরু করতে হয়। যে কারণে ছোটপর্দার কাজ একটু কমে গেছে। এখনো ভালো গল্পে কাজের অফার পেলে হাতছাড়া করব না’-সিনেমায় যুক্ত হয়ে নাটক-সিরিজ ছেড়ে দিচ্ছেন এমন অভিযোগের জবাবে কথাগুলো বললেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘদিন ছোটপর্দা দাপিয়ে বেড়ানোর পর ওটিটি মাধ্যমে নিজের সাফল্যের ছাপ রাখেন এ অভিনেত্রী। বিগত কয়েক বছর বাস্তবধর্মী নানা চরিত্রে নিজেকে ভেঙে ভক্ত থেকে শুরু করে নানা মহলে হয়েছেন প্রশংসিত। সেই সাফল্যের সিনেমা পর্দায়ও তার জমকালো অভিষেক হয়। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই তিনি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন ‘তাণ্ডব’ দিয়ে। গত ঈদে মুক্তি পাওয়া তার দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অভিনেত্রীর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন এ অভিনেত্রী। তবে সেই রেশ কাটতে না কাটতে আবারও ঈদে বড়পর্দায় আসছেন তিনি। ‘রকস্টার’ নামের সিনেমাটিতে তিনি আবারও রোমান্স করবেন শাকিব খানের সঙ্গে। সিনেমা ক্যারিয়ারের শুরুতেই পরপর দুই ঈদে সিনেমা মুক্তি এবং শাকিবের সঙ্গে আবারও পর্দা শেয়ার করার সুযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। পরপর ঈদে নিজেকে পর্দায় দেখা সত্যিই ভালোলাগার। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে, আগের দুই সিনেমার চেয়ে আলাদা এক সাবিলা আসছে সেরা নায়কের সঙ্গে। আমার বিশ্বাস সিনেমার পথচলা দীর্ঘ করার পথ প্রসারিত করে দেবে রকস্টার।’
