Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

দশ বছর একা জোলি

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দশ বছর একা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি।

Advertisement

হলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের একজন অ্যাঞ্জেলিনা জোলি। ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব একটা মুখ খোলেন না তিনি। তবে দীর্ঘদিন পর নিজের সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অস্কারজয়ী অভিনেত্রী। আর সেখানেই উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর গত প্রায় ১০ বছরে তিনি আর কারও সঙ্গে প্রেম বা সম্পর্কে জড়াননি। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কোচার’র প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সি জোলি জানান, বিচ্ছেদের পর তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্তান ও পরিবার। প্রেম বা নতুন সম্পর্কের কথা তিনি ভাবেনইনি। জোলি বলেন, ‘সত্যি বলতে, প্রায় এক দশক আগে বিচ্ছেদের পর আমি আর কারও সঙ্গেই ডেট করিনি। আমার সন্তান ও পরিবারকেই বেশি গুরুত্ব দিয়েছি। তাই জীবনের ওই দিকটি আর কেন্দ্রস্থলে ছিল না।’

একসময় হলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৪ সালে তারা বিয়ে করেন। কিন্তু দুবছরের মাথায় ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই, যা শেষ হতে প্রায় আট বছর সময় লেগেছে। ২০২৪ সালের শেষদিকে তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। দীর্ঘ এ সময়ের অভিজ্ঞতা জোলির জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি স্বীকার করেছেন, জীবনের নানা ঘটনা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। এখন তিনি আবার নিজের হারিয়ে যাওয়া স্বাধীনতা ও স্বপ্নগুলো ফিরে পেতে চান। অভিনেত্রী বলেন, ‘আমি আবার বাঁচতে চাই, আবার স্বাধীন হতে চাই। কোনো না কোনোভাবে জীবন আমাকে একটু ভেঙে দিয়েছে।’

জোলি ও পিটের ছয় সন্তান-ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো, নক্স ও ভিভিয়েন। তাদের মধ্যেই নিজের শক্তি ও অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে মেয়েরা বড় হয়ে ওঠার পর তিনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেছেন। জোলি বলেন, ‘আমার মেয়েরা এখন তরুণী হিসাবে আমার সঙ্গে কথা বলে। তাদের জন্য আমি যা চাই, তা ভাবতে গিয়ে বুঝতে পারছি, হয়তো নিজের জীবনেও কিছু বিষয় হারিয়ে ফেলেছিলাম। তারা যেন আমাকে আমার পুরোনো সত্তার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।’ তার মতে, সন্তানরা এখন তাকে শুধু একজন মা হিসাবে নয়, একজন স্বতন্ত্র নারী হিসাবেও দেখতে চায়। আর সেই উপলব্ধিই তাকে নতুন করে নিজের পরিচয় খুঁজে পেতে সাহায্য করছে।

অন্যদিকে, ব্র্যাড পিট ইতোমধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে তিনি ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে জোলির কাছে আপাতত প্রেম নয়, নিজের জীবনকে নতুন করে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম