পেনেলোপ ক্রুজকে নিয়ে ফিরছেন জনি ডেপ
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডে দীর্ঘ বিরতির পর আবারও ব্যস্ত হয়ে উঠছেন জনি ডেপ। একের পর এক নতুন সিনেমা নিয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা। সেই প্রত্যাবর্তনের ধারাবাহিকতায় এবার সামনে এসেছে তার নতুন সিনেমা ‘ডে ড্রিংকার’-এর টিজার ট্রেলার। সিনেমাটিতে ডেপের সঙ্গে জুটি বেঁধেছেন স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপ ক্রুজ।
মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিংকার’ একটি প্রতিশোধনির্ভর থ্রিলার। গল্পের কেন্দ্রে রয়েছে একটি ব্যক্তিমালিকানাধীন ইয়টের বারটেন্ডার-চরিত্রটিতে অভিনয় করেছেন ম্যাডেলিন ক্লাইন। ইয়টে এক রহস্যময় অতিথির সঙ্গে তার পরিচয় হয়। সেই অতিথির চরিত্রেই দেখা যাবে ডেপকে। এরপর এক অপরাধী চরিত্রের সঙ্গে তাদের জড়িয়ে পড়ার মধ্যদিয়ে গল্পে তৈরি হয় রহস্য, সংঘাত ও প্রতিশোধের আবহ। অপরাধী চরিত্রটিতে অভিনয় করেছেন পেনেলোপ ক্রুজ।
টিজারে ডেপকে দেখা গেছে ভিন্ন এক অবতারে। আইরিশ উচ্চারণে তার সংলাপ বলার ধরনও নজর কেড়েছে। একপর্যায়ে তার চরিত্রকে বলতে শোনা যায়, ‘মাঝেমধ্যে কি তোমারও নিয়ম ভাঙতে ইচ্ছা করে না?’ এই সংলাপই যেন সিনেমাটির রহস্যময় আবহের ইঙ্গিত দেয়।
‘ডে ড্রিংকার’ ডেপ ও ক্রুজের তৃতীয় যৌথ সিনেমা। এর আগে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : অন স্ট্রেঞ্জার টাইডস’ ও ‘ব্লো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ফলে নতুন সিনেমাটি নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহও কম নয়।
শুধু ‘ডে ড্রিংকার’ নয়, সামনে রয়েছে ডেপের আরও একটি বড় প্রকল্প। পরিচালক টি ওয়েস্টের ‘ইভেনেজার’ সিনেমার প্রথম ফুটেজও সম্প্রতি প্রকাশ হয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ১৩ নভেম্বর। আর ‘ডে ড্রিংকার’ প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের ২৬ মার্চ।
অ্যাম্বার হার্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদ, ২০২২ সালের বহুল আলোচিত মানহানি মামলা এবং তার আগে থেকেই চলা নানা বিতর্কের পর হলিউডে ডেপের কাজের পরিমাণ কমে গিয়েছিল। এবার নতুন দুই সিনেমা নিয়ে তার প্রত্যাবর্তন সেই দীর্ঘ বিরতির পর নতুন অধ্যায়ের সূচনা করছে।
এরই মধ্যে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ৬’-এ ডেপের ফেরার সম্ভাবনাও আলোচনায়। সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, ডেপের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে এবং চিত্রনাট্য তৈরির কাজও এগোচ্ছে।
ফলে প্রশ্ন এখন একটাই-ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হোক বা নতুন কোনো রহস্যময় চরিত্র, জনি ডেপের পর্দায় প্রত্যাবর্তন কতটা জমিয়ে তুলতে পারে তার হারানো সময়ের গল্প?
